নাম না করে বুদ্ধদেব ভট্টাচার্য্যের প্রশংসা করেন: মুখ্যমন্ত্রী

৩৬৫ দিন। ২০০৭-এর ১০ নভেম্বরের পরে নন্দীগ্রামে রক্তাক্ত সূর্যোদয় হয়েছিল। আমি শ্রদ্ধা জানাই প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। তাঁর নাম নেব না। প্রয়াত হয়েছেন। উনি ব্যক্তিগত জীবনে খুব সৎ ছিলেন। কয়েকদিন আগে ওঁর সহধর্মিনী অসুস্থ হয়েছিলেন। আমি দেখতে গিয়েছিলাম। এভাবেই অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে আজ নন্দীগ্রামে ২০০৭ সালের অপারেশন সূর্যোদয় নিহত শহীদদের স্মারকে শ্রদ্ধা জ্ঞাপন করতে গিয়ে রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের ভূয়সী প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।‌ তবে তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন বুদ্ধদেব ভট্টাচার্য সৎ এবং ভালো মানুষ হলেও তাঁর দল সিপিএম অত্যন্ত খারাপ। যদিও, এই প্রথম নয়, এর আগেও ব্যক্তি বুদ্ধদেবের প্রশংসা শোনা গিয়েছিল মুখ্যমন্ত্রীর গলায়। কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন, আমি ওঁর আমলেই প্রথম বিধায়ক হয়েছিলাম। ওঁর ব্যক্তিগত সদিচ্ছা ছিল। ওঁর পদ্ধতির প্রক্রিয়াতে অনেক ত্রুটি ছিল। উনি যা বলতেন আলিমুদ্দিন স্ট্রিটে এসে হারিয়ে যেত।
সিপিএম পার্টি অফিসে ১১ জনকে হত্যা
২০০৭ সালে নভেম্বর মাসে নন্দীগ্রামে সিপিএমের অপারেশন সূর্যোদয়ের দিনে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে তৎকালীন শাসক দল সিপিএমকে তীব্র আক্রমণ করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, আজকে অনেক সংগ্রামের মধ্য দিয়ে আমরা এই জায়গায় এসেছি। সেদিন মোট ১১ জনকে পিছে হাতমোড়া করে নিয়ে গিয়েছিল। প্রথমে রেখেছিল বারতলা অঞ্চলে, একটি গ্রাম পঞ্চায়েত অফিসে। তারপরে জ্যান্ত লোকগুলোকে নিয়ে যাওয়া হয় কামারদাতে। সেখানে সিপিএম এর অফিসে তাদেরকে কাটা হয়, পিস পিস করা হয়। পলিথিন প্যাকেটে ঢোকানো হয়। এবং নিয়ে গিয়ে মাঝ সাগরে ফেলে দেওয়া হয়। পরবর্তীকালে সিআইডি তদন্ত হয়ে লক্ষ্মণ শেঠকে ১৮১ দিন জেল খাটেন, কিন্তু বিচার সম্পূর্ণ হয়নি। শুধু তাই নয়, সেদিন গুলিবিদ্ধ যারা হয়েছিলেন হৈমবতী হালদার, কল্পনা মুনিয়ান, নর্মদা শিট। তাঁদেরকে নিয়ে গুলিবিদ্ধ অবস্থায় কাসাই ব্রিজের কাছে নিয়ে যাওয়ার জন্য এগরা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। সিপিএম নেতা তপন ঘোষ, গড়বেতা, শুকুর আলি, বিশ্বনাথ দাসদের তাদেরকে জনগণ ধরেছিল। আজকে ভাষণ মারে না টিভিতে বসে সন্ধ্যাবেলা।
ফাইল খুলছে অপারেশন সূর্যোদয়ের
প্রসঙ্গত, ২০০৭ সালের ১০ নভেম্বর পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের সোনাচূড়া থেকে মহেশপুর পর্যন্ত মিছিল বার করেছিল ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি। মাঝপথে হামলার অভিযোগ ওঠে শাসক সিপিএম আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ওই ঘটনা পরিচিত হয় অপারেশন সূর্যোদয় বলে। সরকারি হিসেবে দু’জনের মৃত্যু হয়েছিল। পুলিশের খাতায় ১২ জন নিখোঁজ ছিলেন। আজ নন্দীগ্রাম দিবসের মঞ্চ থেকে তিনি জানিয়ে দিলেন, সিআইডি তদন্ত করলেও বিচার হয়নি। আমি বলেছি এফআইআর করলে গোঘাটের অভয় ঘোষ থেকে শুরু করে, তালড্যাংড়ার মনোরঞ্জন পাত্র, গড়বেতার তপন ঘোষ, খেজুরির হিমাংশু দাস— এদের বিরুদ্ধে আমি নতুন করে কেস ওপেন করে ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা করব।
১০০ বছর তৃণমূলকে দেখতে পাবেন না
২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী হওয়ার আগে রাজ্যে পরিবর্তনের জন্য যে নন্দীগ্রাম আন্দোলন অন্যতম ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছিল আজ সেই নন্দীগ্রামে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কার্যত মমতার উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন, তৃণমূল, সিপিএমের থেকেও খারাপ। চিন্তা করবেন না, আগামী ১০০ বছরেও তৃণমূল আসবে না। আমি গত বছর বলেছিলাম, ‘২৬ সালে আমি এবং আমরা আবার আসব। কিন্তু চোর তৃণমূলকে আর পাবেন না। আমার কথা মিলেছে তো? আমিই আসব এখানে। নন্দীগ্রামে আমি ছিলাম, আছি, থাকব। নাম ও নিশান চলে গিয়েছে। তৃণমূলের কোনও অস্তিত্ব নেই। এই দলটা সরকারে এসে নন্দীগ্রামের শহিদ পরিবারগুলিকে ভুলে গিয়েছিল। শহিদদের প্রাপ্য অর্থ দেয়নি। আমি ফের নন্দীগ্রাম ফাইল খুলব। কেউ রেহাই পাবেন না।

Scroll to Top