HOT SPOT কোটা কিনাবালু, মালয়েশিয়া

৩৬৫ দিন।এক দিকে ঘন বর্নিও অরণ্য, অন্য দিকে দক্ষিণ চিন সাগরের বিস্তীর্ণ জলরাশি। মাঝখানে ছোট ছোট দ্বীপ। কোথাও মাছের খামার, কোথাও জলঘেরা জনপদ। সকাল হতেই সমুদ্রের বুকে শুরু হয়ে যায় ব্যস্ততা। ছোট ছোট স্পিডবোট ছুটে চলেছে এক দ্বীপ থেকে অন্য দ্বীপে। কখনও পর্যটকদের নিয়েকখনও স্থানীয় বাসিন্দাদের দৈনন্দিন প্রয়োজনে। মালয়েশিয়ার সাবাহ প্রদেশের রাজধানী কোটা কিনাবালুর উপকূলবর্তী এলাকার ছবিটা এমনই। এখানে সমুদ্র শুধু সৌন্দর্যের উপাদান নয়, মানুষের জীবন ও জীবিকার অন্যতম অবলম্বন। মৎস্যচাষকে ঘিরেই অর্থনীতির বিস্তার কোটা কিনাবালুর অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ মৎস্যশিল্প। মাছ ধরা, সামুদ্রিক মাছের চাষ এবং মাছের ব্যবসাকে কেন্দ্র করে উপকূলবর্তী এলাকায় গড়ে উঠেছে বিস্তৃত কর্মসংস্থান। সমুদ্রের অগভীর অংশে রয়েছে মাছ চাষের খামার । কোথাও জাল দিয়ে ঘেরা জলভাগ, কোথাও আবার সমুদ্রের উপরে কাঠের কাঠামো তৈরি করে চলছে মাছ প্রতিপালন।
স্থানীয় মানুষের জীবনের সঙ্গে জড়িয়ে রয়েছে এই জলনির্ভর অর্থনীতি। দ্বীপে দ্বীপে পর্যটকদের ভিড় শুধু মাছ ধরাই নয়, দ্বীপকেন্দ্রিক পর্যটনও এখানকার অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। কোটা কিনাবালুর জেসেলটন পয়েন্ট থেকে প্রতিদিন অসংখ্য নৌকা ও স্পিডবোট ছেড়ে যায় আশপাশের দ্বীপগুলির উদ্দেশে। মানুকান, সাপিমামুটিক এবং গায়া দ্বীপ পর্যটকদের অন্যতম আকর্ষণ। সকাল থেকেই জেটিতে পর্যটকদের ভিড়। টিকিট কেটে নির্দিষ্ট নৌকায় উঠে পড়ছেন তাঁরা। তার পর সমুদ্রের বুক চিরে কয়েক মিনিটের যাত্রা। দ্বীপে পৌঁছে কেউ সমুদ্রস্নানে ব্যস্ত, কেউ আবার স্নরকেলিং ডাইভিংয়ের আনন্দ নিচ্ছেন। নৌকাই ভরসা দ্বীপের বাসিন্দাদের এই জলপথের ব্যস্ততা অবশ্য শুধু পর্যটকদের ঘিরে নয়। দ্বীপগুলিতে বসবাসকারী মানুষের কাছেও নৌকাই যোগাযোগের অন্যতম মাধ্যম। প্রতিদিন প্রয়োজনের তাগিদে তাঁদের মূল ভূখণ্ডে আসতে হয়। আবার কাজ শেষে ফিরে যেতে হয় দ্বীপের বাড়িতে। ফলে জলপথে নৌকা চলাচল এখানে পর্যটনের পাশাপাশি দৈনন্দিন জীবনেরও অপরিহার্য অংশ। নিয়ম মেনেই চলছে জলপথের পরিবহণ সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, এই বিপুল জলযাত্রার পিছনে রয়েছে একটি নির্দিষ্ট পরিচালন ব্যবস্থা। নির্দিষ্ট জেটি, টিকিট কাউন্টার, নৌকা ছাড়ার সময় এবং নিরাপত্তার নিয়ম মেনেই চলে যাত্রী পরিবহণ।
পর্যটক এবং স্থানীয় বাসিন্দা; দুই ক্ষেত্রেই জলপথের এই যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমুদ্রকে ঘিরে এত মানুষের যাতায়াত হলেও গোটা ব্যবস্থাকে নিয়মের মধ্যে রাখার চেষ্টা চোখে পড়ার মতো। প্রকৃতির সঙ্গে সহাবস্থানই অর্থনীতির শক্তি কোটা কিনাবালুর এই উপকূলীয় জীবনযাত্রার আর একটি বিশেষত্ব হল প্রকৃতি ও অর্থনীতির সহাবস্থান। এক দিকে বর্নিওর ঘন অরণ্য, অন্য দিকে সমুদ্রের বিপুল জলসম্পদ। মাঝখানের ছোট ছোট দ্বীপে মানুষের বসতি, মাছের খামার এবং পর্যটনের রমরমা। সব মিলিয়ে সমুদ্রকে কেন্দ্র করেই আবর্তিত হচ্ছে এখানকার জীবন। প্রকৃতির সঙ্গে সংঘাত নয়বরং তাকে অবলম্বন করেই জীবিকার পথ তৈরি করেছেন স্থানীয় মানুষ। কোটা কিনাবালুর উপকূল তাই শুধু পর্যটকদের কাছে আকষর্ ণীয় নয়, সমুদ্রনির্ভর অর্থনীতিরও এক উল্লেখ যোগ্য উদাহরণ।

Scroll to Top