খবর ৩৬৫।নদীয়া। সীমান্ত এলাকায় মাদক পাচার রুখতে ফের বড়সড় সাফল্য পেল নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বিশেষ অভিযানে নেমে মাজদিয়া রেলবাজার হাই স্কুল মাঠের সামনের রাস্তা থেকে সন্দেহভাজন একটি ম্যাটাডোর আটক করে পুলিশ। গাড়িটিতে তল্লাশি চালাতেই চক্ষু চড়ক গাছ হয় তদন্তকারীদের।পুলিশ সূত্রে জানা গিয়েছে, কৃষ্ণনগর-মাজদিয়া রাজ্য সড়ক ধরে মাজদিয়া এলাকা দিয়ে নিষিদ্ধ কাশির সিরাপ বোঝাই ম্যাটাডোরটি যাচ্ছিল। নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আগে থেকেই সতর্ক ছিল পুলিশ। গাড়িটি আটক করার পর ভেতরে থাকা পেটি খুলে তল্লাশি চালানো হলে প্রায় এক হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার হয়।এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে গাড়ির চালককে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়। ধৃত চালকের নাম সিদ্ধার্থ দে। তাঁর বাড়ি হাঁসখালি থানার পেপুলবেরিয়া গ্রামে বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার ধৃতকে কৃষ্ণনগর আদালতে পেশ করা হয়েছে।উদ্ধার হওয়া এই বিপুল পরিমাণ নিষিদ্ধ সিরাপ কোথা থেকে আনা হচ্ছিল, এর নেপথ্যে কারা রয়েছে এবং এই কারবারের মূল পাণ্ডা কে—তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। ধৃতকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পাচারচক্রের বাকি সদস্যদের নাগাল পাওয়ার চেষ্টা চলছে। প্রশাসনের দাবি, সীমান্তবর্তী এলাকায় নজরদারি ও নিরাপত্তা জোরদার করার ফলেই এই ধরনের পাচার রুখে দেওয়া সম্ভব হচ্ছে।
মাজদিয়া থেকে এক হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার, গ্রেপ্তার চালক
- khabar365din
- November 27, 2026
- 3:31 pm
- No Comments





