৩৬৫ দিন। কয়েকদিন আগে গাইঘাটায় একটি বাড়িতে চুরি করতে এসে স্কচ খেয়েছিল চোর এবার দোকানে চুরি করতে এসে চা ডিম টোস্ট খেল চোর। তবে কপাল মন্দ, দোকানের ভেতর কোনো ভাবে আটকে পড়ে তার পালানো আর হয়নি। বমালে পুলিশে জমা পড়েছে চোর, রাজা বাউরি। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে হুগলির গোঘাটের বেঙ্গাই চৌমাথা এলাকায় বৃহস্পতিবার রাতে হানা দেয় চোর। এখানে পাশাপাশি বেশ কয়েকটি দোকান রয়েছে। চোর এক এক করে দোকানে ঢুকে হাত সাফাই করতে শুরু করে। তিন নম্বর দোকান ছিল একটি রেস্তোরাঁ। সেখানে অবশ্য তেমন রান্না করা খাবার ছিল না। থাকার মধ্যে ছিল খানকতক ডিম। চোর সেই ডিম পটাপট ভেজে ফেলে গ্যাস জ্বালিয়ে তারপর তাতে পাঁউরুটি দিয়ে দিব্যি টোস্ট বানিয়ে ফেলে। ঠান্ডা পড়েছে, গোঘাটে প্রায় ১৫ ডিগ্রি। একটু চা হলে মন্দ হয়না। খুঁজে পেতে চা পাতাও পেয়ে যায় সে। ডিম টোস্ট চা খেয়ে চার নম্বর দোকানে হানা দিতেই ঘটে বিপত্তি। কোনো ভাবে দরজা লক হয়ে যায় ফলে চোর আটকে পড়ে দোকানের ভেতর। বেরনোর জন্য শেড ভাঙতে গেলে বিকট শব্দে লোক জেগে যায়। শাটার তুলতেই ধরা পড়ে যায় চোর রাজা। উত্তম মধ্যম দিয়ে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, অভিযুক্ত তারকেশ্বরের বাসিন্দা। তার কাছ থেকে নগদ ৫ হাজারের কিছু বেশী টাকা পাওয়া গিয়েছে। শীতের রাতে তারকেশ্বর থেকে গোঘাট এসে তাও আবার গ্রামের কয়েকটি ছোট দোকানে চুরি পুলিশকেও আশ্চর্য করেছে। অনেকে মজা করে বলছেন, রাস্তার ধকলেই খিদে পেয়ে গিয়েছিল রাজা চোরের। তাই ডিম পোস্ট খেয়েছে। কেউ আবার বলছে, তারকেশ্বরে কি দোকান কম পড়িয়াছিল!
চুরি করতে এসে ডিম টোস্ট খেল চোর, পালানোর সময় লক আটকে ধরাও পড়ে গেল
- khabar365din
- November 27, 2026
- 3:03 pm
- No Comments





