আলোক উজ্জ্বল শোভাযাত্রায় আগুন পুড়লো প্রতিমার একাংশ

 ৩৬৫ দিন।শুভদীপ দে।হুগলি। আনন্দ উৎসবের মধ্যেই আতঙ্ক, সম্ভবত আতশবাজির ফুলকি থেকে বিপত্তি! রিষড়ার আলোক উজ্জ্বল শোভাযাত্রায় আগুনে পুড়ল জগদ্ধাত্রী প্রতিমার একাংশ, রিষড়ার জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রায় চারবাত্তি মোড়ের কাছে আগুন লেগে গেল একটি প্রতিমায়। আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ায় ক্ষতিগ্রস্ত হয় প্রতিমার একাধিক অংশ। ঘটনাকে কেন্দ্র করে কিছুক্ষণের জন্য উত্তেজনা ও হুড়োহুড়ি শুরু হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিমাটি রিষড়া পশ্চিমপাড়ার দাসপাড়া ভাই ভাই সংঘের। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বৃষ্টির জেরে নির্ধারিত সময়ে শোভাযাত্রা করা সম্ভব হয়নি। পরে ২৪ নভেম্বর রাতে শোভাযাত্রার আয়োজন করা হয়।
শোভাযাত্রা চারবাত্তি মোড়ে পৌঁছনোর পর প্রতিমার নিচে সিংহের কাছে প্রথম আগুন দেখতে পান দর্শনার্থীরা। প্রত্যক্ষদর্শীদের একাংশের অনুমান, লরির উপর থেকে ছোড়া আতশবাজির ফুলকি প্রতিমার সাজসজ্জায় গিয়ে পড়েছিল। সেখান থেকেই আগুনের সূত্রপাত। খড়, কাপড় ও শোলার মতো দাহ্য উপকরণ দিয়ে প্রতিমা তৈরি হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ঘটনার সময় রাস্তার দু’পাশে প্রচুর মানুষ শোভাযাত্রা দেখছিলেন। আগুন লাগতেই অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। তবে পরিস্থিতি সামাল দিতে দ্রুত এগিয়ে আসেন উদ্যোক্তা ও স্থানীয় বাসিন্দারা। কেউ আগুন নেভানোর চেষ্টা করেন, কেউ আবার মোবাইলে গোটা ঘটনার ভিডিও করতে থাকেন।

Scroll to Top