জেমি, মিগুয়েল জুটিতেই ডার্বি জয়ের নকশা তৈরি করছেন পানোস

৩৬৫ দিন। রোহন রায় চৌধুরী। এই মুহূর্তে ইন্ডিয়ান সুপার লিগের শীর্ষস্থানে রয়েছে মোহনবাগান সুপার জায়েন্ট। প্রথম ম্যাচ হেরে শুরু করলেও পরপর পাঁচটা ম্যাচ জিতেছে তারা। কিন্তু মোহনবাগানের গ্রিক কোচ পরিষ্কার জানিয়ে দিয়েছেন দলের খেলায় এখনো সম্পূর্ণ খুশি নন তিনি। বিশেষ করে শেষ ম্যাচে গোয়ার মাঠে শেষ পনের মিনিট চার্চিল যেভাবে আক্রমণের ঝড় তুলেছিল তাতে মোহনবাগান ম্যাচটা ড্র রাখতে পারত অথবা হেরেও যেতে পারত। তাদের ভাগ্য ভালো তিনটি পয়েন্ট নিয়ে কলকাতায় ফিরতে পেরেছে। কিন্তু ফুটবলে প্রত্যেকদিন ভাগ্য সহায় হয় না। মাঝে মাঝে ভাগ্য বিমুখ হয়। বড় অনিশ্চয়তার খেলা ফুটবল। আজ যে রাজা, কাল সে ফকির হতেই পারে। এটা জানেন বাগানের হেড স্যার। আজ তার দল লিগ তালিকায় এক নম্বরে আছে বলে সমালোচনা হচ্ছে না ততটা। কিন্তু আগামী ২৯ তারিখ রবিবার কলকাতা ডার্বি। ইস্টবেঙ্গলের বিপক্ষে রেজাল্ট খারাপ হলে তাকে আবার সমালোচনা এবং গালাগালির মুখে পড়তে হবে। ডুরান্ড কাপে ইস্টবেঙ্গলর কাছে চার গোলে হেরেছিল তার দল। কিন্তু তারপর আইএফএ শিল্ডে ইস্টবেঙ্গলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাগান। তাই বাগানের কোচ ভালো মত জানেন এই ম্যাচটার গুরুত্ব কতটা।
মোহনবাগান সমর্থকদের পক্ষে একটা ভালো খবর আগেই ছিল। গোয়ার মাঠে জেমি ম্যাকলরেন গোল না পেলেও দুটো গোলের ক্ষেত্রে তার ভূমিকা ছিল সবচেয়ে বেশি। আর ২৯ তারিখ ইস্টবেঙ্গলের বিপক্ষে মোহনবাগান কোচ পেয়ে যাবেন তাদের ব্রাজিলিয়ান অস্ত্র মিগুয়েলকে। বেশ কয়েকদিন চোটের কারণে বাইরে ছিলেন তিনি। এই মুহূর্তে সম্পূর্ণ ফিট। কিন্তু তাকে ম্যাচের শুরু থেকে খেলাবেন না পরে নামাবেন সেটা ঠিক করে উঠতে পারেনি পানোস। সম্ভাবনা আছে প্রথম থেকে খেলানোর। সেক্ষেত্রে বসতে হতে পারে দেজনকে। বড় ম্যাচে মোহনবাগানের চার বিদেশি হতে পারেন আলবার্তো, সামির, মিগুয়েল এবং জেমি। অনুশীলনে দেখা গেল প্যানোস আলাদা করে কথা বলছেন সামির এবং মেহতাবের সঙ্গে। ইস্টবেঙ্গলে আনোয়ার এবং এডমুন্ড না থাকলেও ডেভিড, বিপিন, রশিদ, বিষ্ণু, দিয়েগোদের মতো খেলোয়াড় রয়েছেন। দানি রমিরেজ পারবেন কিনা নিশ্চিত নয়। তবে বিপক্ষ দল নিয়ে এত কিছু ভাবতে রাজি নয়ন মোহনবাগান কোচ। তিনি বিশ্বাস রাখতে চান নিজের খেলোয়াড়দের ওপর। শেষ ডার্বিতে সামির গোল করেছিলেন ইস্টবেঙ্গলের বিপক্ষে। কিন্তু শেষ ম্যাচে তার পারফরমেন্স একেবারেই চোখে পড়েনি। হতে পারে ডার্বির কথা ভেবে হয়তো নিজেকে কিছুটা বাঁচিয়ে খেলেছিলেন এই বসনিয়ান।
তবে এই ডার্বিতে মোহনবাগান কোচ জয়ের ব্লু প্রিন্ট তৈরি করছেন মিগুয়েল এবং জেমিকে মাথায় রেখে। ইস্টবেঙ্গল থেকে মোহনবাগানে এসে তিনি ভুল করেননি এই ম্যাচটা সেই প্লাটফর্ম হতে চলেছে মিগুয়েলের কাছে। তার ডিফেন্স চেরা পাস থেকে মোহনবাগানের ফরোয়ার্ডরা গোল করবেন এমনটা আশা করতেই পারেন সমর্থকরা। ব্রাজিলিয়ান নিজেও মুখিয়ে থাকবেন লাল হলুদের বিপক্ষে নিজেকে প্রমাণ করতে। আর চার্চিলের বিপক্ষে যতক্ষণ মাঠে ছিলেন নিজের কার্যকারিতা বুঝিয়েছেন ম্যাকা। এই দুজনের কম্বিনেশন বড় ম্যাচে ক্লিক করলে মোহনবাগানের চিন্তা অনেকটাই কমে যাবে। তবে পাশাপাশি শুভাশিস থেকে শুরু করে রাহুল, মেহতাব এবং অভিষেকদের সমান দায়িত্ব নিয়ে ডিফেন্স করতে হবে। মাঝখানে অপুইয়া এবং অনিরুদ্ধ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন সবুজ মেরুন জার্সিতে।

Scroll to Top