৩৬৫ দিন। বিশ্বজিৎ ব্যানার্জী। রাস পূর্ণিমার রাতে উৎসবের আনন্দের পাশাপাশি সাধারণ মানুষের শান্তি ও বিশ্রামের কথা মাথায় রেখে গভীর রাতে রাস্তায় নামলেন নবদ্বীপের বিধায়ক শ্রুতি শেখর গোস্বামী। রাত দেড়টার পরেও শহরের একাধিক পুজো মণ্ডপে উচ্চস্বরে বাজনা বাজছে এমন খবর পেয়েই কোনও নিরাপত্তার বহর ছাড়াই নিজের স্কুটি নিয়ে বেরিয়ে পড়েন তিনি। শহরের অলিগলি ঘুরে একের পর এক মণ্ডপে পৌঁছে উদ্যোক্তাদের সঙ্গে কথা বলে এবং হাতজোড় করে অনুরোধ জানিয়ে বাজনা বন্ধ করান বিধায়ক।রাস উৎসবকে কেন্দ্র করে ঐতিহ্যবাহী নবদ্বীপ শহর তখন আলোর রোশনাই ও দর্শনার্থীদের ভিড়ে জমজমাট। তবে রাত গভীর হওয়ার পরেও কয়েকটি বারোয়ারি মণ্ডপে বাজনা চলার খবর পৌঁছয় বিধায়কের কাছে। খবর পাওয়ার পর আর দেরি না করে রাত দেড়টার পর স্কুটি নিয়ে বেরিয়ে পড়েন তিনি। এত রাতে প্রশাসনিক গাড়ি বা নিরাপত্তা ছাড়াই বিধায়ককে স্কুটি চালিয়ে মণ্ডপে আসতে দেখে প্রথমে কিছুটা অবাক হয়ে যান উদ্যোক্তা ও উপস্থিত দর্শনার্থীরা। তবে তাঁর অনুরোধে সাড়া দিয়ে পুজো কমিটির সদস্যরা একে একে বাজনা বন্ধ করে দেন।বিধায়ক পুজো উদ্যোক্তাদের জানান, গভীর রাতের শব্দে বয়স্ক, অসুস্থ মানুষ এবং শিশুদের ঘুমের ব্যাঘাত ঘটছে। উৎসবের আনন্দ যেন সাধারণ মানুষের ভোগান্তির কারণ না হয়ে ওঠে, সে বিষয়ে সকলকে সচেতন হওয়ার বার্তা দেন তিনি। সাধারণত নির্ধারিত সময়ের পর শব্দবিধি নিয়ন্ত্রণের দায়িত্ব পুলিশ ও প্রশাসনের থাকলেও, রাস উৎসবের রাতে, জনপ্রতিনিধিকে সরাসরি সেই ভূমিকায় রাস্তায় নামতে দেখা গেল। বিধায়কের এই ব্যতিক্রমী উদ্যোগকে ঘিরে ইতিমধ্যেই নবদ্বীপ শহরজুড়ে জোর চর্চা শুরু হয়েছে।
রাত দেড়টার পর মণ্ডপে বাজনা, স্কুটি নিয়ে পথে নেমে শব্দ বন্ধ করালেন নবদ্বীপের বিধায়ক
- khabar365din
- November 25, 2026
- 3:48 pm
- No Comments





