সেমি ফাইনালে ভারতের মেয়েরা, জাপানকে ৪ গোল দীপিকাদের

ভারত – ৪
জাপান – ০

৩৬৫ দিন। মঙ্গলবার মেয়েদের হকির এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে চিনকে ৬-২ ব্যবধানে হারিয়েছিল ভারতের মহিলা দল। বুধবার ভারতের মেয়েদের লড়াই ছিল জাপানের বিপক্ষে। দেখার ছিল চিনের বিরুদ্ধে যে দাপট দেখিয়েছিল ভারতের মেয়েরা, জাপানের বিপক্ষে সেটা ধরে রাখতে পারে কিনা। আজকেও ভারত জিতল। ভারতের পক্ষে ব্যবধান ৪-০। দুটি গোল করলেন দীপিকা। চিনের বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন তিনি। একটি গোল করলেন নেহা, আরেকটি গোল সয়ামির। জাপানের বিপক্ষে একাধিক পেনাল্টি কর্নার নষ্ট না করলে ভারত আবার ছটা গোল করতে পারত। এটাই ছিল রাউন্ড রবিন পর্যায়ের শেষ ম্যাচ। এই নিয়ে পরপর পাঁচটা ম্যাচ জিতল ভারত। সেমিফাইনাল আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। আজ নিজেদের গ্রুপ শীর্ষ থেকে শেষ করল ভারতের মেয়েরা। টুর্নামেন্ট যত এগিয়েছে, ভারতের মেয়েদের খেলা ততই খুলেছে। প্রতিটা বিভাগে আজ জাপানের থেকে এগিয়েছিল ভারত। নিজেদের দক্ষতা অনুযায়ী ম্যাচের গতি বাড়িয়েছে এবং কমিয়েছে দীপিকা, নবনিত, বলজিৎ, সাক্ষীরা। ম্যাচের শেষে ভারতের কোচ মারিন বললেন, প্রত্যেকটা ম্যাচ জয়ের ফলে এইটা নিশ্চিত হয়ে গেল ভারতের এই দলটার এই টুর্নামেন্টে সবাইকে হারানোর ক্ষমতা আছে। বৃহস্পতিবার বিশ্রাম। শুক্রবার ভারত সেমিফাইনালে মালয়েশিয়ার বিপক্ষে খেলবে। এই মালয়েশিয়াকে প্রথম ম্যাচে ভারত হারিয়েছিল ৪-১ ব্যবধানে। অন্য সেমিফাইনালে চিন বনাম জাপান খেলা হবে। ভারতের হয়ে দুর্দান্ত ছন্দে আছেন দীপিকা শেরাওয়াত। তবে একার কথা বলতে তিনি রাজি নন। ভারত একটা দল হিসেবে খেলে এবং দল হিসেবেই চ্যাম্পিয়ন হতে চায় বলছেন দীপিকা।

Scroll to Top