রাস পূর্ণিমার রাতে নবদ্বীপে দুঃসাহসিক চুরি, তিনটি প্রতিমার গহনা উধাও

৩৬৫ দিন। নদিয়া।  চৈতন্যনগরী নবদ্বীপে রাস পূর্ণিমার রাতে তিনটি পৃথক প্রতিমার গায়ে থাকা সোনা ও রুপোর গহনা চুরির ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার গভীর রাতে উৎসবের আনন্দ, আলোকসজ্জা এবং হাজার হাজার দর্শনার্থীর ভিড়ের মধ্যেই এই চুরির ঘটনা ঘটে বলে অভিযোগ। চুরি যাওয়া গহনার আনুমানিক মূল্য কয়েক লক্ষ টাকা বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নবদ্বীপের উত্তর বঙ্গপাড়া শ্যামাকালী, বড়বাজার মহিষমর্দিনী এবং পোড়াঘাট গৌড় গঙ্গার প্রতিমার গায়ে থাকা মূল্যবান গহনা চুরি গিয়েছে। অভিযোগ, রাস পূর্ণিমার রাতে ভিড় ও অন্ধকারের সুযোগ নিয়ে দুষ্কৃতীরা মণ্ডপে হানা দেয় এবং তিনটি বিগ্রহের গহনা নিয়ে চম্পট দেয়। একাধিক পুজো মণ্ডপে একসঙ্গে কীভাবে এমন চুরির ঘটনা ঘটল, তা নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।ঘটনা জানাজানি হতেই সংশ্লিষ্ট পুজো কমিটিগুলির মধ্যে তীব্র চাঞ্চল্য ছড়ায়। ইতিমধ্যেই নবদ্বীপ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে নবদ্বীপ থানার পুলিশ। উৎসবের ভিড় ও বিশৃঙ্খলার সুযোগ নিয়েই দুষ্কৃতীরা এই কাণ্ড ঘটিয়েছে, নাকি এর পিছনে সুপরিকল্পিত কোনও চক্র রয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ইতিমধ্যেই শহরের বিভিন্ন প্রান্তের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে খতিয়ে দেখার কাজ শুরু করেছে পুলিশ প্রশাসন।

Scroll to Top