৩৬৫ দিন। আয়ুষ্মান দে। হুগলি । চন্দননগরে ধুতি-পাঞ্জাবিতে ‘বাঙালি স্পাইডারম্যান’মা জগধাত্রীর শোভাযাত্রায় এবার সুপারহিরোর চমক!
বিশ্ব সেরা আলোয় মোড়া চন্দননগরের রাজপথে বিসর্জনের শোভাযাত্রায় এবার পর্দার সুপারহিরোর বাঙালি আবির্ভাব! প্রাকৃতিক দুর্যোগে নিরঞ্জন পিছিয়েছে, কিন্তু চমকের খামতি রাখেনি চন্দননগর। ‘ইয়া হু’ বলে চন্দননগর স্ট্যান্ডে যেন শূন্য থেকে নেমে এলেন স্পাইডারম্যান। গায়ে লাল-কালো মাকড়সার জালের পোশাক, তার উপর ধাক্কা পাড় লাল ধুতি ও সাদা পাঞ্জাবি। সাহেবি সুপারহিরোর এমন বাঙালি সাজ দেখে মুহূর্তে জমে গেল হাজারো উৎসুক জনতার ভিড়।এর মধ্যেই এক বৃদ্ধার প্রশ্ন, ‘তুমি কে গো বাছা?’ জাল ছোড়ার ভঙ্গিতে যুবকের জবাব, ‘আমি স্পাইডারম্যান, তবে বাঙালি!’ বৃদ্ধার আশীর্বাদ, ‘বেঁচে থাকো বাছা।’ খুদেদের উচ্ছ্বাস, তরুণীদের সেলফির আবদার—সবই হাসিমুখে সামলালেন বছর ২৬-এর যুবক। দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের এই ‘বং মাকড়শা-মানুষ’ অবশ্য নিজের নাম জানাতে নারাজ। তাঁর কথায়, ২০০২ সালে স্পাইডারম্যান সিনেমা মুক্তির পর থেকেই এই চরিত্রের ভক্ত। সামর্থ্য না থাকায় প্রথমে পোশাক কেনা হয়নি। পরে রোজগার শুরু করে আমেরিকা থেকে কস্টিউম আনিয়েছেন। কলকাতার দুর্গাপুজো, বারাসতের কালীপুজোর পর এবার প্রথম আগমন চন্দননগর। দেখেছেন বিখ্যাত ‘রানিমা’ প্রতিমাও।
ধুতি-পাঞ্জাবির কারণ ব্যাখ্যা করে তাঁর সাফ কথা, ‘আমি প্রথমে বাঙালি। তারপরে স্পাইডারম্যানের ভক্ত।’ দীর্ঘক্ষণ পোশাক পরে কষ্ট হয়, তবু থামেন না। কারণ, ‘মানুষ হাসতে ভুলে যাচ্ছে। ছোটরা আমাকে দেখে খুশি হলে, সেটাই সবচেয়ে বড় প্রাপ্তি।’






