বিস্ফোরক সোনিয়া
পর্ব ১১

৩৬৫ দিন। রজতশুভ্র চট্টোপাধ্যায়। ভিভি গিরিকে রাষ্ট্রপতি পদে জিতিয়ে আনা ইন্দিরার কাছে প্রেস্টিজ ফাইট ও তাঁর দলে নেতৃত্বের রাশ হাতে রাখার ক্ষেত্রে উল্লেখযোগ্য ঘটনা হলেও ইন্দিরা কিন্তু স্বস্তি পেলেন না। দেশাই সিন্ডিকেট এবার আদা জল খেয়ে নামল হয় এসপার না হয় ওসপার। ইন্দিরাকে দল থেকে ছেঁটে ফেলতেই হবে ফেলে দিতে হবে ইন্দিরার সরকার। পরিস্থিতি এমন দাঁড়াল যে রাজনীতির বাইরে এবার তাঁকে ব্যক্তিগত আক্রমণ শুরু হল।
কংগ্রেস ভাঙলেন ইন্দিরা
ভিভি গিরির রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার ঠিক তিন মাসের মধ্যে মোরারজি দেশাই সিন্ডিকেট উঠে পড়ে লাগলো ইন্দিরাকে দল থেকে তাড়াতে। অভিযোগ গুরুতর অবশ্য-ই ভিত্তিহীন।‌ বলা হল, ইন্দিরা কংগ্রেস দলের নিয়ম ভেঙে কার্যত মৌরসীপাট্টা চালাচ্ছেন। তিনি দলকে না জানিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন। এক কথায় দল ও সরকারে ইন্দিরা শেষ কথা হয়ে উঠতে চাইছেন। তিনি যা খুশি তাই করছেন কারোর কোনো কথাই কানে তুলছেন না। পার্টি যাতে ইন্দিরার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের জন্য ব্যবস্থা‌ নেয় তার জন্য সরব হতে শুরু করল এই সিন্ডিকেট। সোনিয়া লিখছেন, ‘ইন্দিরা প্রচন্ড ব্যথিত হয়েছিলেন। উনি রাজীব ও আমাকে আক্ষেপের সুরে বলতেন, রাজনৈতিক লড়াই লড়ে নেওয়া যায় কিন্তু ওরা আমাকে ব্যক্তিগত আক্রমণ করছে। আমার চরিত্র নিয়ে কুৎসা রটাচ্ছে। যে কংগ্রেস দলকে আমি নিজের পরিবার বলে মনে করি সেই দল থেকে ওরা আমাকে তাড়াতে চাইছে!’ সোনিয়ার কথায়, ওই দিন গুলোতে ইন্দিরা দিন রাত এক করে ঘরের শক্রদের মোকাবিলা করেছেন। ঠিক মতো খাওয়া দাওয়া করতেন না, ঘুমোতেন না। কিন্তু ইন্দিরা বুঝলেন এ ভাবে হবে না। ঘুণ ধরেছে অনেক গভীরে। সিন্ডিকেটকে সমূলে বিনাশ‌ কলমে গেলে দলে ভাঙন অবশ্যম্ভাবী। সোনিয়া বলছেন, ‘ইন্দিরার সামনে আর কোনও উপায় ছিল না, দল তাকে ভাঙতেই হত।‌ ইন্দিরা তাই করলেন। কংগ্রেস ভেঙে দিলেন। নতুন দল তৈরী করলেন কংগ্রেস (আর)। ইন্দিরা যখন নতুন দল তৈরী করলেন তখন এমন সব নেতারা তাঁর সঙ্গ ছাড়লেন যা তিনি স্বপ্নেও ভাবেননি। তবে লড়াই ছাড়লেন না।
সংখ্যালঘু সরকার, প্রথম জোট সরকারের ধারণা
ইন্দিরা কংগ্রেস ছেড়ে নতুন দল তো তৈরী করে ফেললেন কিন্তু তার দশা হল মাঝ সমুদ্রে হাবুডুবু খাওয়ার মত। সোনিয়া লিখছেন, ইন্দিরা আশা করেছিলেন তাঁর সঙ্গে কংগ্রেসের বেশীরভাগ শীর্ষ নেতা থাকবেন কিন্তু বাস্তবে তা হল না। ফলে তাঁর সরকার হয়ে পড়ল সংখ্যালঘু। কিন্তু সংখ্যালঘু সরকার তো আর সরকার চালাতে পারে না। এদিকে, মোরারজি সিন্ডিকেট নেমেছে ফ্লোর টেস্টের দাবিতে। পরিস্থিতি এমন দাঁড়াল যে ফ্লোর টেস্ট হলে ইন্দিরার পক্ষে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করা মুশকিল হবে। ইন্দিরা বাধ্য হলেন অন্য দলের সাহায্য নিতে। স্বতন্ত্র দল, জনসঙ্ঘ ইতিমধ্যেই মোরারজির সঙ্গে ছিল।‌ ফলে ইন্দিরা চেষ্টা করলেন বামপন্থী দলের সাহায্যের পেতে। সফল‌ হলেন, আরো কিছু ছোট দল ইন্দিরাকে সমর্থন করায় সরকার বেঁচে গেল কিন্তু ইন্দিরাকে একপ্রকার জোট সরকার চালাতে হল। ইন্দিরা রাজনীতির এই ধারার সঙ্গে পরিচিত ছিলেন না। ফলে অভ্যস্ত হতে গিয়ে তাঁকে যথেষ্ট‌ বেগ পেতে হত। সোনিয়া লিখছেন, প্রতি দিন হাজার হাজার আবেদন আসতো। সঙ্গী দলের অনুরোধ আসত।‌ এই আমলাকে সরাতে হবে ওই আমলাকে পদে আনতে হবে। তার ওপর মন্ত্রিত্বের দাবি তো ছিলোই। ইন্দিরার মাথাব্যথা যে শুধু দল ও সরকারের অন্দরে ছিল তাই নয় সংসদের মধ্যেও ইন্দিরাকে বিরোধীদের তীব্র আক্রমণ কটাক্ষের শিকার হতে হত। একে তো সরকারের অভিজ্ঞতার অভাব রয়েছে তার ওপর মন্ত্রীদের মধ্যে তাল মিলের অভাব ছিল। ইন্দিরাকে লড়াইটা একার দমে লড়তে হচ্ছিল। একটি গোটা সিন্ডিকেটের বিরুদ্ধে একা লড়ছিলেন ইন্দিরা। সোনিয়া লিখছেন, ‘প্রতিদিন বাড়ি ফিরে ওই দিন‌গুলোতে শারীরিক ও মানসিক অবসাদে ভুগতেন ইন্দিরা। আমাকে রাজীবকে বলতেন, কি ভাবে তাঁকে লাগামছাড়া‌ কটু কথা বলা হচ্ছে, হেনস্থা‌ করা হচ্ছে।’ প্রথমদিকে ইন্দিরা‌ খানিকটা হতভম্ব হয়ে থাকতেন সংসদে সম্মিলিত আক্রমণের সামনে। বক্তব্য দিতে গিয়ে আটকে যেতেন, সিদ্ধান্ত নিতে সংশয়ে থাকতেন, কিন্তু এক বছরের মধ্যে নিজেকে নতুন করে তৈরী করলেন ইন্দিরা।‌ এবার তিনি বজ্রকঠিন। বিরোধীদের মাঠের বাইরে পাঠালেন, দল ও সরকারের রাশ এবার ইন্দিরার হাতে।
সেনা অভ্যুত্থানের গুজব, জোট সরকারে অসহ্য হয়ে উঠেছিলেন ইন্দিরা
সোনিয়া লিখছেন, ১৯৭০ সালের প্রথম দিক থেকে ইন্দিরার পক্ষে সরকার চালানো ক্রমশ কঠিন হয়ে পড়ছিল। পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্রের মত রাজ্যে ভয়ঙ্কর অশান্তি শুরু হয়। দেশের নানা প্রান্তে বল্গাহীন হিংসা শুরু হলে ইন্দিরা বুঝতে পারেন এ ভাবে বেশী দিন সরকার টিকিয়ে রাখা যাবে না। তিনি সরকারের মাথা হিসাবে স্বাধীন ভাবে কাজ‌ করতেও পারছিলেন না। তিনি কোনও সিদ্ধান্ত নিতে গেলে শরিকদের বাধার মুখে পড়তেন ফলে সরকারে তাঁর নিয়ন্ত্রণ ক্রমশ হ্রাস পেতে লাগলো। সোনিয়া লিখছেন, এর মধ্যে এক দিন গোয়েন্দা সূত্রে ইন্দিরার কাছে খবর এল বড় ধরণের অশান্তির ছক কষা হয়েছে। সেনার একাংশ অভ্যুত্থানে যেতে পারে। যদিও ইন্দিরার বিশ্বাস ছিল‌ সেনা অভ্যুত্থানের বিষয়টি গুজব।‌ এই গুজব ছড়িয়ে দেশে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরীর চেষ্টা হয়েছিল। ইন্দিরা বুঝলেন, এখন-ই সরকার ভেঙে দিয়ে ভোটে যাওয়া প্রয়োজন। আর যাই হোক জোট সরকার আর নয়। হয় খোলা হাতে সরকার চালাবো না হলে বিরোধী আসনে বসবো, এই নীতি নিয়ে সরকার ভেঙে দিলেন ইন্দিরা। ভোট হল, ইন্দিরা জিতলেন, এবার আর জোট নয় একেবারে নিরঙ্কুশ ইন্দিরা সরকার।

Scroll to Top