পশ্চিমবঙ্গে নিষিদ্ধ হচ্ছে বে আইনি গো হত্যা
সাংবাদিক সম্মেলনে ঘোষণা মুখ্যমন্ত্রীর

৩৬৫ দিন। রাজ্যে গোমাতাকে কাটতে দেব না। যে ভাবেই ব্যাখ্যা করুন না কেন! আজ নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এমন ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়ার পরে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি রাজ্যের নামকরণ নিয়ে দীর্ঘকাল ধরেছে বিতর্ক ঝুলে রয়েছে তার অবসান ঘটানোর জন্য আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয়েছে বাংলার পাশাপাশি ইংরেজি এবং হিন্দি সহ সমস্ত ভাষায় রাজ্যের নামকরণ হবে পশ্চিমবঙ্গ।
আগামী দিনে পশ্চিমবঙ্গের বুকে বেআইনিভাবে গোহত্যা নিষিদ্ধ ঘোষণা করে আজ মুখ্যমন্ত্রী জানিয়ে দেন 1950 সালের আইন অনুযায়ী ব্যবস্থা নেবে রাজ্য সরকার। ক্যাটল অ্যাক্ট অনুযায়ীই ব্যবস্থা নেওয়া হচ্ছে। কী করতে হবে, কী করা যাবে না, সেটা আইনে বলা আছে। তবে আইন মেনে যে সমস্ত স্লটার হাউস বা কসাইখানা রয়েছে সেখানে আইনত যে সমস্ত পশুর জবাই করা যায় সেই আইন মনে করিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী জানান, গোমাংস ও স্লটার হাউস সংক্রান্ত বিতর্কে মুখ্যমন্ত্রী বলেন, আইন অনুযায়ী যে সমস্ত পশু জবাই করার অনুমতি রয়েছে, সেগুলির ক্ষেত্রে প্রচলিত নিয়ম মেনে কাজ করা যেতে পারে। কিন্তু গরু জবাইয়ের বিষয়টি সম্পূর্ণ আলাদা। স্লটার হাউসের বৈধ কার্যকলাপের সঙ্গে বেআইনিভাবে গরু জবাইকে এক করে দেখা উচিত নয়। ১৯৫০ সালের ক্যাটল অ্যাক্ট-এ কোন কাজ করা যাবে এবং কোন কাজ করা যাবে না, তা স্পষ্ট করে দেওয়া রয়েছে। সেই আইন এবং আদালতের নির্দেশ মেনেই রাজ্যে প্রশাসনিক পদক্ষেপ করা হবে। পাশাপাশি মুখ্যমন্ত্রী জানান, বয়স্ক ও অসুস্থ গরুর লালন-পালন, চিকিৎসা এবং রক্ষণাবেক্ষণের জন্য বছরে সর্বোচ্চ ১ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেবে রাজ্য সরকার। ব্যক্তি, পরিবার কিংবা প্রতিষ্ঠান, যাঁরা এই গরুগুলির দেখভাল করবেন, তাঁরাও এই প্রকল্পের আওতায় আসতে পারবেন। গরুর সংখ্যা ও অন্যান্য শর্ত অনুযায়ী আর্থিক সহায়তার পরিমাণ নির্ধারিত হবে।
ওয়েস্ট বেঙ্গল নয় পশ্চিমবঙ্গ
আর ওয়েস্ট বেঙ্গল নয়, বদলে যাচ্ছে পশ্চিমবঙ্গের ইংরেজি নাম। আজ নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিলেন, রাজ্যের ইংরেজি নামও এবার থেকে পশ্চিমবঙ্গই লেখা হবে। মুখ্যমন্ত্রী বলেন, ৪ থেকে ১৪ ডিসেম্বর বিধানসভার শীতকালীন অধিবেশন হবে। সেখানে ৮টি বিল আনা হবে। তার অনুমোদন আজ রাজ্য মন্ত্রিসভা দিয়েছে। এরপর সেটি মাননীয় রাজ্যপালের অনুমোদনের জন্য যাবে। ৯ তারিখ পশ্চিমবঙ্গ বিধানসভায় একটি প্রস্তাব আসছে। তারপর আমরা সেটি ভারত সরকারের কাছে পাঠাব। সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ নামটা ইংরেজিতেও পশ্চিমবঙ্গ হবে।
বিভিন্ন দফতরে ১০১৪৬ নিয়োগের ঘোষণা
রাজ্যের বিভিন্ন দফতরে রাজ্য সরকার নিয়োগ করতে চলেছে মোট ১০১৪৬ জনকে। মুখ্যমন্ত্রী বলেন, মোট ১০১৪৬ জনকে বিভিন্ন দফতরে নিয়োগ করা হবে। পুলিস ও ইএফআর-এ ৯২৫০ জনকে নিয়োগ করতে হবে। নবম-দশমের ২৬ হাজার জন শিক্ষকের চাকরি চলে গিয়েছিল। সুপ্রিম কোর্টের নির্দেশে তাদের পরীক্ষা নেওয়া হয়েছে। তারও লিখিত পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে। আশা করছি সেটাও আমরা জানুয়ারি মাসে দফায় দফায় রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করতে পারব।
৩ মাসের বদলে এবার প্রতি মাসেই বিদ্যুতের বিল
পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ পর্ষদ এলাকার অন্তর্গত গ্রাহকদের মধ্যে বিদ্যুতের বিল নিয়ে দীর্ঘদিনের অভিযোগের অবসান ঘটাতে ঐতিহাসিক সিদ্ধান্ত গৃহীত হলো রাজ্য মন্ত্রিসভার বৈঠকে। এবার থেকে আর তিন মাস অন্তর নয়, প্রতি মাসেই বিদ্যুতের বিল পাঠানো হবে গ্রাহকদের। আগামী ২০২৭ সালের জানুয়ারি মাস থেকেই এই নতুন নিয়ম কার্যকর হতে চলেছে।
জানুয়ারি থেকেই বেকারদের জন্য ভরসা প্রকল্প
২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগেই বিজেপি নির্বাচনী প্রতিশ্রুতি বা সংকল্প পত্রে ঘোষণা করেছিল সরকার গঠন করলে প্রতি মাসে বেকার যুবক যুবতীদের ৩০০০ টাকা করে দেবে সরকার। মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকেই প্রথম কিস্তির টাকা হাতে পেতে শুরু করবেন বেকারেরা। রাজ্যের ২১-৪৫ বছর বয়সী বেকারেরা সরকারের এই ভাতা পাবেন। প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে এই টাকা পৌঁছে যাবে প্রাপকদের অ্যাকাউন্টে। তবে একটি পরিবারের থেকে সর্বোচ্চ দু’জন সদস্যই এই বেকার ভাতা পেতে পারবেন। যাঁরা অন্নপূর্ণা যোজনার টাকা পান, তাঁরা আর বেকার ভাতার সুবিধা পাবেন না। আপাতত ১৫ মাস স্নাতকদের এবং সরকারি ভোকেশনাল প্রশিক্ষণপ্রাপ্তদের দেওয়া হবে ২০০০ টাকা করে। অন্যদের দেওয়া হবে মাসে ১৫০০ টাকা করে।মুখ্যমন্ত্রী বলেন, আমরা সরি বলে আপনাদের কাছ থেকে ১৫ মাস সময় চেয়ে নিলাম। অনেক অর্থনৈতিক দায়দায়িত্ব আমাদের উপরে পড়েছে। আমরা এই মুহূর্তে সঙ্কল্পপত্র রক্ষা করতে পারছি না। ৩০০০ টাকা, ২০০০ টাকা এই মুহূর্তে দিতে পারলাম না। ১৫ মাস আপনারা ২০০০ টাকা, আর ১৫০০ টাকা নিন।
বিনামূল্যে সরকারি পরীক্ষা
মুখ্যমন্ত্রী বলেন, সরকারি পরীক্ষায় এবার থেকে কোনও পরীক্ষা ফি লাগবে না। রাজ্য সরকার পরীক্ষার খরচ বহন করবে। চাকরির আবেদনের ক্ষেত্রে অর্থ নেওয়াটা অপরাধ, সঙ্কীর্ণতার পরিচয়।

Scroll to Top