বই বিক্রি নিয়ে বইপাড়ায় ধুন্ধুমার
এস এফ আই সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি

৩৬৫ দিন। নভেম্বর বিপ্লবকে কেন্দ্র করে প্রতি বছরই কলেজ স্ট্রিটে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে বামপন্থী ছাত্র সংগঠনগুলির উদ্যোগে বসে বইয়ের স্টল। কিন্তু চলতি বছর সরকার পরিবর্তনের পর সেই বইয়ের স্টল ঘিরেই তৈরি হয় বিতর্ক। প্রশাসনের তরফে স্টল বসানোর ক্ষেত্রে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। এর প্রতিবাদে মঙ্গলবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে ট্রাম লাইনে বসেই বই বিক্রি শুরু করেন এস এফ আইয়ের সমর্থকরা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থল থেকে প্রায় ৪০ থেকে ৫০ জন ছাত্রছাত্রীকে আটক করে প্রিজন ভ্যানে তুলে লালবাজারে নিয়ে যায় পুলিশ। দীর্ঘক্ষণ লালবাজারের মূল কার্যালয়ে আটকে রাখার পর সন্ধ্যা ৬টা নাগাদ তাঁদের ছেড়ে দেওয়া হয়।
মুক্তি পাওয়ার পরেই বাম ছাত্র যুব আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়ে দেন, প্রশাসন যতবার তাঁদের আটক করবে, ততবারই তাঁরা বই বাঁচানোর দাবিতে প্রতিবাদে গর্জে উঠবেন। তাঁদের বক্তব্য, বই পড়ার অধিকার এবং মানুষের জ্ঞান অর্জনের পথ কোনওভাবেই বন্ধ করা যাবে না।’ওরা যত পারে তত জানে’—এই বার্তাকে সামনে রেখেই তাঁদের দাবি, দেশকে কোনওভাবেই বিজেপির স্বেচ্ছাচারী দেশে পরিণত হতে দেওয়া যাবে না। মানুষের মধ্যে বই পড়ার অভ্যাস, জ্ঞানচর্চা এবং মননশীলতার প্রসার ঘটানোই তাঁদের আন্দোলনের মূল লক্ষ্য বলে এস এফ আইয়ের রাজ্য সম্পাদক জানিয়ে দেন। পাশাপাশি এদিন কলেজ স্ট্রিটে দাঁড়িয়ে ছাত্রছাত্রীরা হুঁশিয়ারি দিয়েছেন, আগামী দিনেও যদি পুলিশ বা প্রশাসনের তরফে একইভাবে বাধা দেওয়া হয়, তবুও তাঁরা পিছু হটবেন না। প্রয়োজনে আবারও কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে ট্রাম লাইনে বসেই বই বিক্রি করবেন তাঁরা। প্রশাসনিক বাধা ও আটক করেও তাঁদের আন্দোলন থামানো যাবে না বলেই স্পষ্ট বার্তা আন্দোলনকারীদের।

Scroll to Top