৩৬৫ দিন। পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে নতুন শিল্প বান্ধব সরকার। আর তার জন্য পশ্চিমবঙ্গে নতুন করে বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছে দেশের পাশাপাশি বিদেশের বিভিন্ন প্রথম সারির সংস্থা। আজ অস্ট্রেলিয়ার হাইকমিশনার পশ্চিমবঙ্গে বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। কলকাতায় বিজেপির রাজ্য সদর দপ্তরে ভারতে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার ফিলিপ গ্ৰিনের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠকের পরে রাজ্যে এমন নতুন বিনিয়োগ সম্ভাবনার কথা জানালেন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য। তাঁকে শ্রীমদ্ভগবদ্গীতা উপহার দিয়ে স্বাগত জানান রাজ্য বিজেপির সভাপতি।
২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি সরকার গঠন করার পর থেকেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বারে বারে জানিয়েছেন পশ্চিমবঙ্গের অর্থনীতিকে ঢেলে সাজানোর জন্য মৌখিক প্রতিশ্রুতির বদলে বাস্তবে বিনিয়োগ আনার জন্য কাজ করবে নতুন রাজ্য সরকার। সেই লক্ষ্য পূরণে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন রাজ্যের নয়া শিল্প নীতি। সেখানে একদিকে যেমন বিনিয়োগকারীদের বিশেষ ইন্সেন্টিভ দেওয়ার পরিকল্পনা রয়েছে পাশাপাশি রয়েছে সরকারের পক্ষ থেকে জমি কিনে সরাসরি বিনিয়োগকারী শিল্পগোষ্ঠীগুলির হাতে তুলে দেওয়ার ঘোষণাও। আর রাতের নয়া শিল্পনীতি ঘোষণার পর থেকেই পশ্চিমবঙ্গের বিভিন্ন ক্ষেত্রে নতুন নতুন বিনিয়োগ করার জন্য এগিয়ে আসতে শুরু করেছে বহু শিল্প সংস্থা। এমনকি আগ্রহ দেখাতে শুরু করেছে বিশ্বের বিভিন্ন উন্নত দেশের সরকার। আজ ভারতে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাই কমিশনার ফিলিপ গ্রিনের নেতৃত্বে একটি অস্ট্রেলীয় বাণিজ্য প্রতিনিধি দল সল্টলেকে রাজ্য বিজেপির দফতরে গিয়ে শমীক ভট্টাচার্যের সঙ্গে বৈঠক করেন। পশ্চিমবঙ্গের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে বিশেষ আগ্রহ প্রকাশ করেছে অস্ট্রেলিয়াও। জানা গিয়েছে বিশ্বের প্রথম সারির অ্যাসেট ম্যানেজমেন্ট সংস্থা তথা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিশেষজ্ঞ সংস্থা হিসেবে বিখ্যাত ব্ল্যাক স্টোন পশ্চিমবঙ্গে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেক্টরে বিনিয়োগ করতে আগ্রহী বলে অস্ট্রেলিয়া হাইকমিশনার জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতিকে।
অস্ট্রেলীয় প্রতিনিধিদের বক্তব্য অনুযায়ী, পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতিতে অস্ট্রেলিয়ার জন্য কী কী বাণিজ্যিক সুযোগ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। বিশেষ করে শিক্ষা ও খনি ক্ষেত্রে বাড়তি আগ্রহ প্রকাশ করেছে অস্ট্রেলীয় বাণিজ্য প্রতিনিধি দল। জানা গিয়েছে, ভারতের বিভিন্ন প্রান্তে অস্ট্রেলীয় বিশ্ববিদ্যালয়গুলি তাদের বিদেশি শাখা ক্যাম্পাস খুলছে এবং বাংলার শিক্ষা ক্ষেত্রেও সেই সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া খনি ক্ষেত্রে নিজেদের শক্তিশালী অবস্থানের কথা তুলে ধরে জানানো হয়েছে, আগামী মাসে অনুষ্ঠিত হতে চলা আইএমএমই সম্মেলনে অস্ট্রেলিয়া থেকে সবচেয়ে বড় প্রতিনিধি দল আসতে চলেছে, যেখানে ৫০-এরও বেশি অস্ট্রেলীয় সংস্থা অংশ নেবে।
ভারতে নিযুক্ত অস্ট্রেলীয় হাইকমিশনারের সঙ্গে বৈঠকের পরে রাজ্যে বিনিয়োগ সম্ভাবনা আরও উজ্জ্বল হয়েছে বলে দাবি করে রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, পশ্চিমবঙ্গের যেসব শিল্পপতি এতদিন ব্যবসা ভিনরাজ্যে সরিয়ে নেওয়ার কথা ভাবছিলেন, সেই প্রবণতা বন্ধ হয়ে গিয়েছে। যাঁরা রাজ্য ছাড়ার মানসিকতা তৈরি করেছিলেন, তাঁরাও এখন বাংলায় ফিরে কাজ করছেন এবং খুশি। কেউ আর বাইরে যেতে রাজি নন, বরং সবাই ব্যবসা বাড়ানোর রাস্তা খুঁজছেন। উনি আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন৷ ওঁদের মনে হয়েছে, পশ্চিমবঙ্গ সরকারে এখন একটি শিল্পবান্ধব পরিবেশ রয়েছে। অস্ট্রেলিয়ার বিভিন্ন ব্যবসায়ী এখানে বিনিয়োগ করতে চাইছেন৷ ইতিমধ্যেই অস্ট্রেলিয়া-সহ 8টা দেশের ক্যাম্পাস এই দেশে এসেছে৷ বেঙ্গালুরুতে ক্যাম্পাস হচ্ছে৷ এরপর এখানেও সেইরকম ক্যাম্পাস হবে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গেও আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কথা বলেছেন৷ অস্ট্রেলিয়া থেকে ভারতে ইউরেনিয়াম বিক্রির পথ এখন প্রশস্ত ৷ সেদিকেও উদ্যোগ নেওয়া হবে।





