৩৬৫ দিন। শুভদীপ দে। হুগলি। কন্টেনারের চাকায় কাজের পথে শেষ ২২ বছরের শর্মিষ্ঠার জীবন! বৈদ্যবাটি দীর্ঘাঙ্গী মোড়ে রক্তাক্ত দুর্ঘটনা, প্রাণে বাঁচলেন সহকর্মী সুহানা দিল্লি রোড চার মাথার মোড়ে কন্টেনারের ধাক্কায় মুহূর্তে সব শেষ! কাজের প্রয়োজনে চন্দননগরের উদ্দেশে স্কুটিতে চেপে বেরিয়েছিলেন দুই যুবতী। কিন্তু বৈদ্যবাটির দীর্ঘাঙ্গী মোড়ে তাঁদের যাত্রা থামল ভয়াবহ দুর্ঘটনায়। কন্টেনারের চাকার তলায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারালেন ২২ বছরের শর্মিষ্ঠা দাস। কোনওরকমে প্রাণে বাঁচলেও আহত হলেন স্কুটি চালক সুহানা খাতুন। চন্দননগরে জগদ্ধাত্রী পুজো চলাকালীন মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে আসে এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, হাওড়ার ব্যাঁটরা থেকে স্কুটিতে চেপে চন্দননগরের দিকে যাচ্ছিলেন শর্মিষ্ঠা ও সুহানা। তাঁরা একটি বেসরকারি অর্থলগ্নি সংস্থার সঙ্গে যুক্ত। কাজের সূত্রে চন্দননগরে টাকা আদায়ের উদ্দেশ্যেই তাঁদের যাত্রা ছিল বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। স্কুটি চালাচ্ছিলেন ব্যাঁটরার বাসিন্দা সুহানা খাতুন। পিছনে ছিলেন কলকাতার বাগবাজারের বাসিন্দা শর্মিষ্ঠা দাস। নিতান্তই কাজের তাগিদে রাস্তায় বেরিয়ে এভাবে তরতাজা প্রাণের মৃত্যু, ফের ভারী যানবাহনের চলাচল ও গুরুত্বপূর্ণ মোড়গুলিতে পথনিরাপত্তার ব্যবস্থা নিয়ে গুরুতর প্রশ্ন সাধারণের।





