ভেসেলে চেপে আউটড্রাম ঘাট থেকে রামকৃষ্ণপুর, ছটব্রতীদের সঙ্গে পুজোয় সামিল মুখ্যমন্ত্রী

৩৬৫ দিন। উৎসবের আবহে জনসংযোগের অন্য ছবি ধরা পড়ল হাওড়ার গঙ্গার ঘাটে। ছটপুজোর পুণ্যতিথিতে রবিবার বিকেলে রামকৃষ্ণপুর ঘাটে হাজির হয়ে সরাসরি ছটব্রতীদের সঙ্গে পুজোয় অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কলকাতার আউটড্রাম ঘাট থেকে সুসজ্জিত ভেসেলে গঙ্গাপথে যাত্রা করে ঠিক বিকেল পাঁচটা নাগাদ রামকৃষ্ণপুর ঘাটে পৌঁছান তিনি। সেখানে আগে থেকেই পুজোর প্রস্তুতি নিয়ে অপেক্ষায় ছিলেন অসংখ্য পুণ্যার্থী। ঘাটে পৌঁছেই আনুষ্ঠানিকতার বাইরে বেরিয়ে পুজোর স্থলে চলে যান মুখ্যমন্ত্রী। এরপর গঙ্গায় নেমে ছটব্রতীদের সঙ্গে প্রচলিত রীতি মেনে সূর্যদেবের আরাধনায় সামিল হন। মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখার্জি, পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল, ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খান, পুর প্রতিমন্ত্রী উমেশ রাই, বিধায়ক রুদ্রনীল ঘোষ, সঞ্জয় সিং-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি।
পুজো শেষে ঘাটে উপস্থিত ব্রতী ও পুণ্যার্থীদের সঙ্গে কথা বলেন শুভেন্দু অধিকারী। তাঁদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি সুষ্ঠুভাবে পুজোর সমস্ত আচার-অনুষ্ঠান সম্পন্ন করার বার্তা দেন তিনি। মুখ্যমন্ত্রীকে এত কাছ থেকে পেয়ে স্বাভাবিকভাবেই উচ্ছ্বাসে মেতে ওঠেন ঘাটে উপস্থিত মানুষজন। পুণ্যার্থীদের একাংশ এবছর ছটপুজোর আয়োজন নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তাঁদের বক্তব্য, ঘাটের সার্বিক ব্যবস্থাপনা থেকে শুরু করে আলোকসজ্জা ও অন্যান্য পরিষেবা—সব ক্ষেত্রেই ছিল বিশেষ নজর। এই উদ্যোগের জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদও জানান তাঁরা। অন্যদিকে, ছটব্রতীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পর ফের ভেসেলে ওঠেন মুখ্যমন্ত্রী। এরপর অন্যান্য গঙ্গার ঘাট পরিদর্শনের উদ্দেশ্যে রওনা দেন তিনি। ছটপুজোকে কেন্দ্র করে এদিন রামকৃষ্ণপুর ঘাটে মুখ্যমন্ত্রীর উপস্থিতি উৎসবের অন্যতম আকর্ষণ হয়ে ওঠে।

Scroll to Top