৩৬৫ দিন। আজ কেবল প্রতীকী হিসেবে পাঁচজনকে নয়, গোটা রাজ্যের ৭৭০ জন আদিবাসীর হাতে জমির মালিকানা তুলে দেওয়া হল। আমাদের সরকার সমস্ত আদিবাসীকে জমির অধিকার দেবে। বিরসা মুন্ডার জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত জনজাতি গৌরব দিবস-এর মঞ্চ থেকে জঙ্গলমহলের মানুষের উদ্দেশ্যে এমন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ ঝাড়গ্রামের অনুষ্ঠান থেকে তিনি স্পষ্ট জানিয়ে দেন, রাজ্যের সমস্ত জনজাতি সম্প্রদায়ের মানুষকে জমির অধিকার দেওয়া হবে। একই সঙ্গে, ভুয়ো তফসিলি জাতি বা উপজাতি সার্টিফিকেটের বিরুদ্ধে প্রশাসন যে অত্যন্ত কঠোর পদক্ষেপ গ্রহণ করতে চলেছে, তাও জানিয়ে দিয়েছেন তিনি। পাশাপাশি, শবর জনজাতির উন্নয়নে রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে বিশেষ প্রকল্পের সুবিধা দেওয়ার কথাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। ভুয়ো জাতিগত শংসাপত্র নিয়ে মুখ্যমন্ত্রীর অভিযোগ, পূর্বতন তৃণমূল সরকারের আমলে ভুয়ো এসসি ও এসটি সার্টিফিকেট দেওয়া হয়েছিল। ঝাড়গ্রামে পৌঁছনোর আগেই ৭৩টি ভুয়ো এসটি শংসাপত্র চিহ্নিত করা হয়েছে এবং সেগুলি বাতিল করা হয়েছে। তিনি স্পষ্ট জানিয়ে দেন, তাঁর সরকার কোনওভাবেই ভুয়ো এসটি সার্টিফিকেট প্রদান করতে দেবে না। একই সঙ্গে যোগ্যতার ভিত্তিতে আদিবাসী যুবক-যুবতীদের চাকরির সুযোগ দেওয়ার আশ্বাসও দেন মুখ্যমন্ত্রী।
সরকারি পরিষেবা প্রদানের পাশাপাশি এ দিন ঝাড়গ্রাম জেলার পরিকাঠামোগত উন্নয়নেও বিপুল বরাদ্দের সূচনা করেন মুখ্যমন্ত্রী। জেলায় মোট ১৩৭ নতুন প্রকল্পের শিলান্যাস এবং ৫১ সম্পন্ন হওয়া প্রকল্পের উদ্বোধন করেন তিনি। এই তালিকায় নতুন রাস্তা, সেতু, অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং পড়ুয়াদের জন্য হস্টেল-সহ একাধিক জনহিতকর প্রকল্প রয়েছে। পিছিয়ে পড়া শবর সম্প্রদায়ের মানুষদের সামাজিক ও আর্থিক সুরক্ষার কথা মাথায় রেখে শুভেন্দু বলেন, জাতীয় স্তরে পিভিজিটি বা বিশেষভাবে দুর্বল জনজাতি গোষ্ঠীর তালিকায় শবর সম্প্রদায়ের নাম না থাকলেও, রাজ্য সরকার নিজস্ব তহবিল থেকে এই প্রকল্পের সমস্ত সুযোগ-সুবিধা শবরদের প্রদান করবে। বাংলায় পার্টিকুলারলি ভালনারেবেল ট্রাইবাল গ্রুপ বা পিভিটিজি বা বিলুপ্তপ্রায় জনজাতি গোষ্ঠীর মধ্যে পড়েন বিরহোড়, লোধা এবং টোটো গোষ্ঠীর মানুষেরা। সেই তালিকায় শবর গোষ্ঠীর মানুষদেরও যুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি জানিয়েছেন, বিলুপ্তপ্রায় জনজাতিগোষ্ঠীর ৭৫ হাজার মানুষকে বিশেষ রেশন ব্যবস্থায় আনা হয়েছে।
বিশেষ পোশাকে মুখ্যমন্ত্রী
আজ বিরসা মুন্ডার জন্মদিন উপলক্ষে রাজ্যে পালিত হলো জনজাতি গৌরব দিবস। এ দিন বেলপাহাড়ির সাহাড়িতে সেই উৎসবে যোগ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁকে সম্মান জানাতে মাথায় হলুদ গামছার পাগড়ি বেঁধে দেন বিজেপি সাংসদ খগেন মুর্মু ও আদিবাসী উন্নয়ন মন্ত্রী ক্ষুদিরাম টুডু। তারপরেই মুখ্যমন্ত্রীর পাগড়িতে নিমপাতার গোছা গুঁজে দেন বিনপুরের বিধায়ক প্রণত টুডু। পাগড়িতে নিমপাতা গাঁথা ছিল বিনপুরের বিধায়ক প্রণত টুডু, ঝাড়গ্রামের বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ, নয়াগ্রামের বিধায়ক তথা কৃষি প্রতিমন্ত্রী অমিয় কিস্কুরও। বিনপুরের বিধায়ক প্রণত টুডু বলেন, আমরা প্রকৃতির পূজারী। পুজো ও অনুষ্ঠানে শুদ্ধতা ও পবিত্রতার জন্য নিয়ম মেনে নিমপাতার ব্যবহার করা হয়। তাই জঙ্গলমহলের কুটুম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পাগড়িতেও নিমপাতার গোছা গেঁথে দেওয়া হয়েছে।
বাড়বে লোকপ্রসার শিল্পীদের ভাতা
আগামী বাজেটে লোকপ্রসার শিল্পীদের ভাতা বাড়ানো হবে বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পূর্বতন তৃণমূল সরকারের আমলে লোকশিল্পীদের আর্থিক সহায়তার জন্য এই প্রকল্প চালু হয়েছিল রাজ্যে। এর আওতায় ১৮ থেকে ৬০ বছর বয়স পর্যন্ত নথিভুক্ত শিল্পীরা মাসে এক হাজার টাকা ভাতা পান। তা এ বার বাড়ানো হবে বলে প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী।
বড় বাজারের শিখ গুরুদ্বারে মুখ্যমন্ত্রী
গুরু নানক জয়ন্তীর আগে নগর কীর্তনের রীতি রয়েছে শিখ সম্প্রদায়ের। ঝাড়গ্রামে যাওয়ার আগে সেই অনুষ্ঠানে আজ যোগ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ সকালে বড়বাজার গুরুদ্বারা বড়া শিখ সংগত-এ হাজির হন তিনি।
এরপরে ভারতের স্বাধীনতা সংগ্রামে শিখ সম্প্রদায়ের মানুষের অবদানের কথা স্মরণ করে মুখ্যমন্ত্রী বলেন, শিখরা সত্যিকারের রাষ্ট্রভক্ত। আমাদের সনাতনকে রক্ষা করেছেন গুরুদেব। যা প্রথা আছে করলাম। আর ওঁরা আমাকে স্বাগত জানিয়েছেন। আমি শুভেচ্ছা জানিয়েছি। আর বলেছি সংখ্যালঘু মানে শুধু একটা কমিউনিটি নয়। শিখরাও সংখ্যালঘু। আগের সরকার সংখ্যালঘু মানে শুধু মুসলমান জানত। সংখ্যালঘু মানে শিখরাও সংখ্যালঘু, বৌদ্ধরাও সংখ্যালঘু, জৈনরাও সংখ্যালঘু।
বিরসা মুন্ডার জন্মজয়ন্তী উপলক্ষে মুখ্যমন্ত্রীর মুকুটে আদিবাসী সম্মান
- khabar365din
- November 15, 2026
- 4:34 pm
- No Comments





