৩৬৫ দিন। গড়িয়ায় লিভ-ইন পার্টনার সার্থক সরকারকে খুনের ঘটনায় রহস্যভেদে এবার ঘটনার পুনর্নিমাণ করল পুলিশ। মঙ্গলবার সকালে
ধৃত সঞ্চালিকা বসু ও তাঁর মা মৌমিতা বসুকে নিয়ে যাওয়া হয় ফরতাবাদের সেই ভাড়া ফ্ল্যাটে। ঘটনার রাতে ফ্ল্যাটের ভিতরে ঠিক কী ঘটেছিল, কীভাবে সার্থক গুরুতর জখম হয়েছিলেন এবং তাঁর মৃত্যুর নেপথ্যে কী কারণ রয়েছে, তা বোঝার চেষ্টা করেন তদন্তকারীরা। এদিন ঘটনাস্থলে পৌঁছে ফরেন্সিক দলের সদস্যরাও বিভিন্ন নমুনা সংগ্রহ করেন। পুলিশের প্রাথমিক অনুমান, চপস্টিকের মতো সরু ও ধারালো কোনও বস্তু দিয়ে সার্থককে আঘাত করা হয়ে থাকতে পারে। এমনকী, চুলের কাঁটা দিয়েও আঘাত করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পুলিশ জানতে পেরেছে, সঞ্চালিকার মা মৌমিতা বিউটি পার্লারে সাজগোজের সরঞ্জাম সরবরাহের কাজ করতেন। ফলে এই ধরনের কোনও সরঞ্জাম ঘটনায় ব্যবহার করা হয়েছিল কি না, তা-ও তদন্তের আওতায় রয়েছে। অন্যদিকে, পুলিশ সূত্রে খবর, ফরতাবাদের ওই ফ্ল্যাটে একসঙ্গে থাকতেন সার্থক ও সঞ্চালিকা। দু’জনের মধ্যে লিভ-ইন সম্পর্ক ছিল। সঞ্চালিকা আইনের ছাত্রী। অন্যদিকে, সার্থক পেশায় ইঞ্জিনিয়ার। তাঁর বাড়ি বারাসতে। শনিবার রাতে কোনও একটি বিষয়কে কেন্দ্র করে দু’জনের মধ্যে বচসা বাধে। অভিযোগ, সেই সময়ই ধারালো কোনও বস্তু দিয়ে সার্থকের কাঁধে আঘাত করেন সঞ্চালিকা। গুরুতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। তবে তদন্তে উঠে আসছে ঘটনার আগের আরও কিছু তথ্য। জানা গিয়েছে, সার্থকের মৃত্যুর কিছুক্ষণ আগে কলেজের ফি জমা দেওয়া নিয়ে সঞ্চালিকা ও তাঁর মায়ের মধ্যে বচসা হয়েছিল। সেই সময় সঞ্চালিকাকে মায়ের মারধরের হাত থেকে সার্থক বাঁচিয়েছিলেন বলেও জানা যাচ্ছে।






