৩৫৬ দিন। বয়স ৮১ বছর। জীবনের ছয় দশকেরও বেশি সময় কাটিয়েছেন লেখালেখি করে। এই বয়সেই এমন এক সম্মান পেলেন, যা লেখক হিসেবে তাঁর কেরিয়ারকে পৌঁছে দিল ইতিহাসের পাতায়। ব্রিটিশ লেখক এম জন হ্যারিসন জিতে নিলেন ২০২৬ সালের বুকার প্রাইজ়। তাঁর লেখা উপন্যাস ‘দ্য এন্ড অফ এভরিথিং’ এনে দিল এই অনন্য সম্মান। শুধু পুরস্কার জয় নয়, বয়সের নিরিখেও নজির গড়েছেন তিনি। বুকার প্রাইজ়ের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে এই পুরস্কার জেতা লেখক এখন তিনিই। ৯ নভেম্বর, সোমবার লন্ডনের ওল্ড বিলিংসগেটে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে তাঁর হাতে তুলে দেওয়া হয় ৫০ হাজার ব্রিটিশ পাউন্ডের পুরস্কার। ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় ৬২ লক্ষ ৮০ হাজার টাকা।
যে উপন্যাসের হাত ধরে ঐতিহাসিক জয়
হ্যারিসনের এই ঐতিহাসিক জয় এসেছে তাঁর অত্যন্ত আলোচিত ও চ্যালেঞ্জিং পোস্ট-অ্যাপোক্যালিপটিক উপন্যাস ‘দ্য এন্ড অফ এভরিথিং’-এর জন্য। ব্রিটিশ সমাজ এক রহস্যময় বিপর্যয়ের মুখে ধসে পড়ার পরবর্তী পরিস্থিতি নিয়ে এই উপন্যাসটি রচিত। গল্পের কেন্দ্রে রয়েছে এক ব্যক্তি এবং তাঁর পিসি। ইংল্যান্ডের দক্ষিণ-পূর্ব উপকূলবর্তী অঞ্চলে বিপর্যয়ের পরবর্তী পরিস্থিতিতে বেঁচে থাকার লড়াই চালিয়ে যান তাঁরা। এর মধ্যেই পৃথিবীতে এসে উপস্থিত হয় রহস্যময় ভিনগ্রহের প্রাণীরা।
এ ছাড়াও বইটিতে ফুটে উঠেছে মানবজীবনের বাস্তব অভিজ্ঞতা এবং সমস্ত হতাশার মাঝেও এক চিলতে আশার আলো। বিখ্যাত ক্লাসিক্যাল ইতিহাসবিদ এবং এ বারের বিচারকমণ্ডলীর প্রধান ডেম মেরি বিয়ার্ড বইটির প্রশংসা করে জানিয়েছেন, উপন্যাসটি পড়া বেশ কঠিন। তবে সেরা সাহিত্য সবসময়ই পাঠককে চ্যালেঞ্জের মুখে দাঁড় করায়। তাঁর কথায়, বইটি পাঠকের পরিচিত ভাবনাকে উলটপালট করে দেয়, মুখে এক চিলতে হাসি ফোটায় এবং এত অন্ধকারের মধ্যেও আশার ইঙ্গিত দেয়।
সাহিত্যে নতুন যুগের সূচনা
গত ছয় দশকের সুদীর্ঘ সাহিত্যজীবনে হ্যারিসন ১৩টি উপন্যাস, পাঁচটি ছোটগল্পের সংকলন এবং একটি ব্যতিক্রমী আত্মজীবনীমূলক বই লিখেছেন। সায়েন্স ফিকশন বা ফ্যান্টাসির মতো সাহিত্যিক তকমা তিনি নিজে খুব একটা পছন্দ না করলেও, তাঁকে বলা হয় ‘লিটারারি সায়েন্স ফিকশন টাইটান’। বুকার প্রাইজ়ের সিইও গ্যাবি উড জানিয়েছেন, এম জন হ্যারিসনই প্রথম লেখক, যিনি প্রকৃত অর্থে সায়েন্স ফিকশন সাহিত্যধারা থেকে উঠে এসে এই সম্মান অর্জন করলেন।
বুকার প্রাইজ়ের প্রতিযোগিতা কী? কী ভাবে বেছে নেওয়া হয় বিজয়ীকে?
বিশ্বসাহিত্যের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার হলো বুকার প্রাইজ়। ১৯৬৯ সালে এই পুরস্কার দেওয়া শুরু হয়। প্রতি বছর ইংরেজি ভাষায় লেখা সেরা উপন্যাসকে এই সম্মান দেওয়া হয়। বিশ্বের বিভিন্ন দেশের লেখক এই প্রতিযোগিতায় অংশ নিতে পারেন। তবে তাঁদের উপন্যাস নির্দিষ্ট সময়ের মধ্যে ব্রিটেন বা আয়ারল্যান্ডে প্রকাশিত হতে হয়। পুরস্কারের জন্য প্রথমে জমা পড়া বইগুলি থেকে বিচারকমণ্ডলী একটি দীর্ঘ তালিকা তৈরি করেন। সেখান থেকে বেছে নেওয়া হয় ছ’টি উপন্যাসের সংক্ষিপ্ত তালিকা বা শর্টলিস্ট। এর পরে বিচারকদের আলোচনা ও মূল্যায়নের মাধ্যমে চূড়ান্ত বিজয়ী নির্বাচন করা হয়। বিজয়ী লেখক পান ৫০ হাজার পাউন্ড এবং বাকি শর্টলিস্টে থাকা লেখকেরা প্রত্যেকে পান ২,৫০০ পাউন্ড করে।
ফাইনালে ছিল হাড্ডাহাড্ডি লড়াই
২০২৬ সালের বুকার প্রাইজ়ের শর্টলিস্টে জায়গা করে নিয়েছিল মোট ছ’টি উপন্যাস। তালিকায় ছিলেন আগের বুকারজয়ী দুই লেখক ডগলাস স্টুয়ার্ট এবং মার্লন জেমসও। তাঁদের পাশাপাশি প্রতিযোগিতায় ছিলেন লুক কেনার্ড, রেবেকা পেরি এবং এলিজ়াবেথ স্ট্রাউট। তাঁদের উপন্যাসগুলি হলো দ্য ডিসাপিয়ারস, ব্ল্যাক ব্যাগ, মে উই ফিড দ্য কিং, দ্য থিংস উই নেভার সে, ও জন অফ জন।
এই ছ’টি বইয়ের মধ্যে সেরা উপন্যাস বেছে নেওয়া বিচারকদের কাছে যথেষ্ট কঠিন ছিল। বিচারকমণ্ডলীর প্রধান মেরি বিয়ার্ড জানিয়েছেন, চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছনোর আগে দীর্ঘ আলোচনা, মতবিরোধ এবং বিতর্ক হয়েছে। তবে শেষ পর্যন্ত প্রত্যেক বিচারকের সম্মতিতেই এম জন হ্যারিসনের নাম বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়।
এই প্রথম কল্পবিজ্ঞানে পুরস্কার
৮১ বছর বয়সে বুকার পেলেন জন হ্যারিসন
- khabar365din
- November 10, 2026
- 5:04 pm
- No Comments






