৩৬৫ দিন। নার্সের পর চিকিৎসকের রহস্যমৃত্যুতে এবার তীব্র চাঞ্চল্য ছড়াল এন আর এস হাসপাতালে।রবিবার বিকেল ৪ টে নাগাদ
নাগেরবাজারের মডার্ন নামে একটি হস্টেল থেকে হাউস স্টাফ অভিজিৎ সরকারের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এই রহস্যময় মৃত্যুর পিছনে মানসিক চাপ ও ভীতি প্রদর্শন বড় কারণ, বলে মনে করছে পরিবারের সদস্য ও আত্মীয়রা। কারণ মৃত্যুর আগে সোশ্যাল মিডিয়ায় হাউস স্টাফ অভিজিৎ সরকার, নিরাপত্তাহীনতার আশঙ্কা প্রকাশ করেন।তাঁর বাড়ি নদিয়ার মাঝের গ্রামে। এই ঘটনায় পরিবার – পরিজন সহ ঘনিষ্ঠদের তরফে উপযুক্ত
তদন্ত দাবি করা হয়েছে। ‘ আমাকে মেরো না,যদি চাও ঘুমের ওষুধ দিয়ে দাও,আমি সমস্ত পোস্ট ডিলিট করে দিচ্ছি, কিছু লোকের জন্য নিরাপত্তাহীনতায় ভুগছি’,মৃত্যুর আগে চিকিৎসকের সোশ্যাল মিডিয়ার পোস্টে ঘিরে উঠছে প্রশ্ন—বছর আঠাশের অভিজিৎ সরকার, এন আর এসের হাউস স্টাফ হিসেবে কর্মরত ছিলেন,চিকিৎসকের বাড়ি নদিয়ার সাপজোলার মাঝের গ্রামে।হস্টেলে থাকার কারণে প্রায়ই বাড়ির লোকেরা তাকে ফোন করতেন। সম্প্রতি তিনি বাড়ি র লোকের ফোন ধরতেন না বলে দাবি পরিজনদের। এর মধ্যে সোশ্যাল মিডিয়ায় হাউস স্টাফের একাধিক পোস্ট ঘিরে আশঙ্কা তৈরি হয়। কখনও তিনি লেখেন, ‘আমি আর পেরে উঠছি না, দয়া করে এই কষ্টকর পরিস্থিতি থেকে নিরাপদে বের হতে সাহায্য করুন। আমি বর্তমানে মর্ডান হস্টেলে থাকছি,কিছু লোকের আচরণের জন্যনিরাপত্তাহীনতা বোধ করছি। আমার মনে হয় তাঁরা ক্ষমতার অধিকারী। আমার জরুরি ভাবে সাহায্য, সহযোগিতা ও নিরাপদে বাড়ি ফেরা প্রয়োজন। আবার কখনও লেখেন, আমাকে মেরো না, যদি চাও তাহলে আমাকে ঘুমের ওষুধ দিয়ে দাও, আমি সমস্ত পোস্ট ডিলিট করে দিচ্ছি। ‘
সোশ্যাল মিডিয়ায় এই ধরণের একাধিকবার পোস্টের জন্য পরিবারের সদস্য ও আত্মীয়রা সন্দেহ করছেন,প্রভাবশালী ব্যক্তিরা তাঁকে মানসিক চাপ সৃষ্টি করেছিল, যার জন্য দুচোখে স্বপ্ন নিয়ে যিনি চিকিৎসক হয়েছিলেন, তিনি কেন এভাবে মৃত্যু ভয় পাবেন। চিকিৎসকের আত্মীয় পার্থ সন্ন্যাসী মনে করেন, এই বারবার পোস্ট থেকে পরিষ্কার অভিজিৎ বিপদে ছিল, সেজন্য নিজের সমস্যার কথা পোস্ট করে তুলে ধরেছিলেন। মোটেই এই ঘটনা আত্মহত্যা নয়, ঠিক কী ঘটেছিল তার কারণ খুঁজে বের করতে সঠিক তদন্ত হোক।
মৃত চিকিৎসক অভিজিৎ সরকারের দেহ ময়না তদন্ত করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ এই রহস্য মৃত্যুর ঘটনার কিনারা করতে মডার্ন হস্টেলের আবাসিক সহ অন্যান্যদের জিজ্ঞাসাবাদ করতে চায়।






