৩৬৫ দিন। মুম্বই। ভারতবর্ষে ধর্মনিরপেক্ষ দেশ। কোন ব্যক্তি শুধুমাত্র পৃথক কোন ধর্মের অনুসারী বা বিশ্বাসী বলে তাকে সমাজ থেকে ব্রাত্য করে রাখা যায় না। অভিনেত্রী দিয়া মির্জা হিন্দু ধর্মাবলম্বী নন বলে তাঁর ভিডিও সরিয়ে দেওয়ার যে সিদ্ধান্ত বিএমসি নিয়েছিল তা ভারতের সংবিধান বিরোধী। এমন পর্যবেক্ষণ জানিয়ে অবিলম্বে অভিনেত্রী দিয়ামির্জার ভিডিও নতুন করে প্রচারের জন্য বিএমসি-কে নির্দেশ দিল বম্বে হাইকোর্ট। পাশাপাশি মুম্বইয়ের মেয়র রিতু তাওড়ে এবং স্থানীয় বিজেপি সভাপতি অমিত সাতমের আপত্তির মুখে পুরসভা যেভাবে ওই প্রচারমূলক ভিডিওটি সোশ্যাল মিডিয়া থেকে তুলে নিয়েছে, তাতে তীব্র অসন্তোষ প্রকাশ করে বোম্বে হাইকোর্ট নিজেদের পর্যবেক্ষণে জানিয়েছ, তারা এই ঘটনায় অত্যন্ত ব্যথিত ও উদ্বিগ্ন। বিষয়টিকে অহেতুক রাজনৈতিক রঙ দেওয়া দুর্ভাগ্যজনক বলেও মন্তব্য করেছে বোম্বে হাইকোর্ট। বম্বে হাইকোর্টের বিচারপতি গিরিশ এস কুলকার্নি এবং বিচারপতি নীলা কে গোখলের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, মুম্বই শহরের মূল ভিত্তিই হল সম্প্রীতি ও একতা। কতিপয় ব্যক্তির দায়িত্বজ্ঞানহীন মন্তব্যের কারণে এই সামাজিক ভারসাম্য নষ্ট হতে দেওয়া যায় না। সংবিধানের প্রতি সাধারণ মানুষের আস্থা পুনরুদ্ধার করতে এবং বৃহত্তর সমাজের স্বার্থে সরিয়ে নেওয়া ওই প্রচারমূলক ভিডিওটি দ্রুত পুনর্বহাল বা পুনরায় আপলোড করাই হবে আদর্শ পদক্ষেপ।
কী ঘটেছিল
উৎসবের মরশুমে বাজি জনিত দূষণ নিয়ন্ত্রণে গত ২৬ অক্টোবর হাইকোর্টই বিএমসি-কে বিনোদন ও ক্রীড়াজগতের সেলিব্রিটিদের যুক্ত করে সচেতনতা প্রচারের নির্দেশ দিয়েছিল। সেই মতো ক্রিকেটার অজিঙ্ক রাহানে, অভিনেত্রী মাধুরী দীক্ষিত এবং দিয়া মির্জাকে নিয়ে প্রচার শুরু হয়। কিন্তু দিয়া মির্জার ধর্মীয় পরিচয় নিয়ে বিজেপি নেতৃত্বের আপত্তির জেরে তড়িঘড়ি ভিডিয়োটি মুছে ফেলেছিল পুরসভা। ক্রিকেটার অজিঙ্ক রাহানে ও অভিনেত্রী মাধুরী দীক্ষিতের সচেতনতামূলক ভিডিও নিয়ে কোন আপত্তি না করলেও বিএমসি-র এই প্রচারে দিয়ার উপস্থিতি নিয়ে আপত্তি জানান মুম্বই বিজেপির সভাপতি অমিত সাতম। প্রথা ও সংস্কৃতির দোহাই দিয়ে সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, কীভাবে দীপাবলি পালন করতে হবে, সে বিষয়ে এক অন্য ধর্মের বিশ্বাসী দিয়া মির্জার কাছ থেকে আমাদের পাঠ নেওয়ার কোনও প্রয়োজন নেই। বিজেপির এই সমালোচনার পরপরই অভিনেত্রীর ভিডিওটি সরায় বিএমসি।
স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলা
বিতর্কিত এই ঘটনার পরেই আজ স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলা গ্রহণ করে শুনানি করে বোম্বে হাইক। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে ডিভিশন বেঞ্চ তাঁদের পর্যবেক্ষণে স্পষ্ট উল্লেখ করে, শব্দ ও বায়ুদূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা তৈরি করতে পুরসভার আহ্বানে সাড়া দিয়ে যে সমস্ত বিশিষ্ট ব্যক্তি বিনামূল্যে এই জনহিতকর কাজে এগিয়ে এসেছিলেন, তাঁদের বিরুদ্ধে কিছু ব্যক্তির মন্তব্য আমাদের গভীরভাবে ব্যথিত করেছে। বিএমসি অত্যন্ত কার্যকর একটি পদক্ষেপ নিয়েছিল এবং সেলিব্রিটিরা ঐক্যের বার্তা দিতেই যুক্ত হয়েছিলেন। এই ধরনের মহৎ সামাজিক উদ্যোগে কোনও প্রকার সংকীর্ণতা বা দলাদলির স্থান থাকা উচিত নয়। গতকাল যে অনভিপ্রেত ঘটনাটি ঘটেছে, তা আদালতের নির্দেশ এবং প্রচার অভিযানের আসল উদ্দেশ্যকে সম্পূর্ণ উপেক্ষা করেই করা হয়েছে। মাত্র কয়েকজন ব্যক্তির ক্ষণিকের প্রতিক্রিয়ার কাছে সমগ্র সমাজের স্বাস্থ্য ও সুরক্ষাকে বলি দেওয়া যায় না।
ভারত ধর্মনিরপেক্ষ দিয়া’র ভিডিও ফেরান
নির্দেশ বম্বে আদালতের
- khabar365din
- November 4, 2026
- 12:53 pm
- No Comments


