মোহনবাগান – ২
(লি, ডেজান )
পঞ্জাব এফসি – ১
(আলফ্রেড)
৩৬৫ দিন। রোহন রায় চৌধুরী. দিল্লির মাঠে দিল্লি এবং তারপর যুবভারতীতে চেন্নাইকে শেষ মুহূর্তের গোলে হারিয়ে পর পর দুটো জয় পেয়েছিল মোহনবাগান। আজ দেখার ছিল যুবভারতীতে পঞ্জাবকে হারিয়ে মোহনবাগান জয়ের হ্যাটট্রিক করতে পারে কিনা। মোহনবাগান জিতল, জয়ের হ্যাটট্রিক করল এবং ইন্ডিয়ান সুপার লিগে আপাতত শীর্ষস্থান দখল করল। যদিও শনিবার সন্ধ্যায় তিন মিনিটের মাথায় পিছিয়ে পড়েছিল সবুজ মেরুন। পঞ্জাবের একটা দুরন্ত আক্রমণ বোকা বানিয়ে দিল গোটা মোহনবাগান ডিফেন্সকে। বাঁদিক থেকে লুমদিন একটা বল বাড়ালেন যেটা ধরে আলফ্রেড মোহনবাগানের রাহুল এবং আলবার্তোর মাঝখানে একফালি ছোট জায়গা দিয়ে দুরন্ত শটে বল জড়িয়ে দিলেন জালে। কিছু বোঝে ওঠার আগেই পিছিয়ে গেল মোহনবাগান। দর্শকরা তখনও অনেকে ঠিক করে আসন গ্রহণ করেননি। প্রথম ১৫ মিনিট আক্রমণ করছিল পঞ্জাব। মোহনবাগানকে আবার সেই বিভ্রান্ত এবং অগোছালো মনে হচ্ছিল। কিন্তু কুড়ি মিনিট পর থেকে ধীরে ধীরে খেলাটা ধরে ফেলল পানোসের দল। নিজেদের মধ্যে বল ধরে রাখল, পাস খেলল এবং সেকেন্ড বল জেতার মরিয়া প্রচেষ্টা করল। প্রথমদিকেই একটা চোট পেয়ে বেরিয়ে যেতে হল সাহালকে। তার জায়গায় এলেন অনিরুদ্ধ। মোহনবাগান প্রথম গোলটা করল ১৮ মিনিটে। অনিরুদ্ধ একটা বল বক্সের কিছুটা বাইরে থেকে বাড়ালেন লি আরউইনকে। দীর্ঘদেহি স্ট্রাইকার বিপক্ষ ডিফেন্ডারদের শিল্ড করে বা পায়ের একদম অব্যর্থ একটা পাঞ্চ করলেন। বল দ্বিতীয় পোস্ট দিয়ে জালে চলে গেল। দেখার মত গোল। এই গোলটা মোহনবাগানের আত্মবিশ্বাস ফিরিয়ে দিল। এরপর পাল্টা আক্রমণ শুরু হল পঞ্জাব বক্সে। ৪২ মিনিটে এগিয়ে গেল বাগান। এবার গোল করলেন সার্বিয়ার ডেজান ড্রজিচ। তার অনেকটা দূর থেকে নেওয়া শট পঞ্জাবের ডিফেন্ডার বিজয়ের গায়ে লেগে ঢুকে গেল জালে। সেকেন্ড হাফ শুরু হতে আবার কিছুটা আক্রমণ করার চেষ্টা করেছিল পঞ্জাব। কিন্তু আর ভুল করেনি মোহনবাগানের ডিফেন্স অথবা মাঝমাঠ। সামির লড়াই করলেন, অনিরুদ্ধ ক্রমাগত পরিশ্রম করলেন, আর অধিনায়ক শুভাশিস আজ শুরু করলেন প্রথম থেকে। পরে এলেন লিস্টন। একটু একটু করে হারিয়ে যাওয়া ছন্দ ফিরে পাচ্ছেন তিনি। অভিজ্ঞ রাহুল ডিফেন্সে লড়াই করলেন আলবার্তোর সঙ্গে। সব মিলিয়ে আজ একটা টোটাল টিম গেম উপহার দিল মোহনবাগান। উপস্থিত দর্শকরা দেখলেন দলটা পিছিয়ে পড়েও লড়াই করে তিনটি পয়েন্ট নিয়ে এল। আজকেও ছিলেন না ব্রাজিলিয়ান মিগুয়েল এবং ফরওয়ার্ড জেমি। শেষের কয়েক মিনিট নামলেন চাংতে। মনবীর আজকে গোল করার সুযোগ পেয়েছিলেন। কিন্তু কাজে লাগাতে পারেননি।
লি-র একটা প্রচেষ্টা দুর্দান্ত বাঁচিয়ে দেন পঞ্জাবের গোলরক্ষক। আজকের আগে পর্যন্ত এবারের আইএসএলে অপরাজিত ছিল পঞ্জাব। আজ প্রথম হারের মুখ দেখল তারা। ম্যাচের শেষে মোহনবাগানের কোচ বলেন, তার দল চেন্নাইয়ের বিরুদ্ধে যা পারফর্ম করেছিল তার থেকে আজ উন্নত পারফরম্যান্স দিয়েছে। এভাবেই যত টুর্নামেন্ট এগোবে দল আরও ভালো খেলবে। সমর্থকদের শুধু একটু ধৈর্য আর পাশে থাকার অনুরোধ করলেন তিনি।






