রামলীলায় মেগা র‍্যালি দিল্লি ফের দুর্গ

৩৬৫ দিন। রবিবার দিল্লির রামলীলা ময়দানে ইন্ডিয়া জোটের মেগা কর্মসূচি। তার আগে ফের দিল্লিকে দুর্গ বানাচ্ছে দিল্লি পুলিশ। থাকছে বিক্ষিপ্ত অশান্তির আশঙ্কাও। দিল্লি পুলিশ সূত্রে বলা হচ্ছে, ১ নভেম্বর রামলীলায় সভার অনুমতি থাকলেও মিছিলের অনুমতি দেওয়া হচ্ছে না। ফলে রাহুলের নেতৃত্বে কনট প্লেস থেকে রামলীলা পর্যন্ত যদি মিছিল হয় তাহলে তা আটকাবে পুলিশ। আর তখনই বাঁধতে পারে সংঘাত। যদিও কংগ্রেসের তরফে রাহুল শুক্রবার-ই চ্যালেঞ্জের সুরে জানিয়েছিলেন, রবিবারের মেগা সভায় লাখ লাখ মানুষের জমায়েত হবে ফলে দিল্লি পুলিশ আর লাঠি চালানোর সাহসটাই দেখাবে না। ফলে দিল্লি পুলিশ যদি আটকাতে চায় তাহলে কংগ্রেস বা ইন্ডিয়া জোটের সমর্থনে আসা কর্মীরা চুপ করে বসে পড়বেন তা নাও হতে পারে। আগাম এই বিষয়টি আঁচ করে দিল্লিকে ফের দুর্গ বানাতে চাইছে পুলিশ। তৈরী রাখা হচ্ছে প্রায় ৪০ হাজার নিরাপত্তা বাহিনী, যার মধ্যে থাকছে পুলিশ, র্যাফ, আধা সেনা। সরকারি সব ভবনে রাখা হচ্ছে বাড়তি বাহিনী। যে সব জায়গায় আগে থেকে ১৬৩ ধারা জারি রয়েছে সেখানে একাধিক নিরাপত্তা বলয় রাখা হচ্ছে।
১০ লাখের জমায়েতের সম্ভবনা, একাধিক পথে যান নিয়ন্ত্রণ
দিল্লি পুলিশের সূত্র বলছে, রবিবার রামলীলা ময়দানে অন্তত ১০ লাখ লোকের জমায়েত হতে পারে। রামলীলা ময়দানে ১ লাখ লোকের জমায়েত হতে পারে। অর্থাৎ সত্যিই যদি ১০ লাখ না হোক ৫ লাখ লোক-ও হয় তাহলেই দিল্লির একটা বড় অংশ কার্যত অবরুদ্ধ হয়ে যেতে পারে। সেই পরিস্থিতি যাতে না হয় তার জন্য কী ব্যবস্থা নেওয়া যায় তা ঠিক করতে হিমসিম খাচ্ছে দিল্লি পুলিশ। অন্তত ৬০ -এর কাছাকাছি রাস্তায় কমবেশী ডাইভারসন করা হচ্ছে। ট্রাফিক নিয়ন্ত্রন করা হচ্ছে আরো বেশ কিছু রাস্তায়। দিল্লি পুলিশ বিবৃতি দিয়ে জানাচ্ছে, ট্র্যাফিক পরিস্থিতির উপর নির্ভর করে নেতাজি সুভাষ মার্গ টি-পয়েন্ট, রাজঘাট, দিল্লি গেট, আইটিও এ-পয়েন্ট, অজমেরি গেট রেড লাইট, রঞ্জিত সিংহ ফ্লাইওভার, ঝান্ডেওয়ালান গোলচত্বর, তুর্কমান গেট এবং মিরদার্ড চক-সহ মধ্য দিল্লির মূল চৌরাস্তা-মোড়গুলিতে ট্র্যাফিক ডাইভারশন কার্যকর করা হবে। বাহাদুর শাহ জ়াফর মার্গ, রাজঘাট-জেএলএন মার্গ, ডিবিজি রোড এবং মিন্টো রোডেও যান চলাচল নিয়ন্ত্রণ করা হতে পারে বলে জানিয়েছে পুলিশ। এছাড়া আইটিও এবং দিল্লি গেটের মধ্যে বাহাদুর শাহ জাফর মার্গ, রাজঘাট ও অজমেরি গেটের মধ্যবর্তী জওহরলাল নেহরু মার্গের অংশ, অরুণা আসফ আলি রোড, মিন্টো রোড, দেশবন্ধু গুপ্ত রোড ও বরাখম্বা রোডের পাশাপাশি কমলা মার্কেট ও হামদর্দ চকের আশেপাশের অংশে যানজটের আশঙ্কা রয়েছে বলে জানিয়ে দিল্লি পুলিশের বার্তা— যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ করতে, নির্দিষ্ট পার্কিং এলাকায় যাত্রীদের গাইড করতে এবং রামলীলা ময়দানের চারপাশে যানজট মোকাবিলায় সেন্ট্রাল রেঞ্জ জুড়ে অতিরিক্ত ট্রাফিক কর্মী মোতায়েন করা হচ্ছে।
রাহুলকে নকল প্রধানমন্ত্রীই হতে হবে, আক্রমণে বিজেপি
শনিতে মক পার্লামেন্ট রবিতে রামলীলায় মেগা সভা, ইন্ডিয়া জোট যখন প্রবল চাপ বাড়াচ্ছে তখন পাল্টা আক্রমণে বিজেপি। শনিবার বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র ভোট চুরির পাল্টা টেনে আনেন নেহেরুকে। তিনি বলেন, “ভারতে যদি সত্যিই কোনওদিন প্রথম ভোট চুরি হয়ে থাকে, তবে তা করেছিলেন গান্ধী পরিবারের প্রথম সদস্য পণ্ডিত জওহরলাল নেহরু। কংগ্রেসের অভ্যন্তরীণ নির্বাচনে সরদার বল্লভভাই প্যাটেল বেশি সমর্থন পেয়েও প্রধানমন্ত্রী হতে পারেননি, নেহরু ক্ষমতার অপব্যবহার করে পদ দখল করেছিলেন।” চলমান ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া সম্পূর্ণ নির্ভুল এবং স্বচ্ছ করার লক্ষ্যেই পরিচালিত হচ্ছে বলে দাবি করেন এই বিজেপি নেতা

Scroll to Top