লক্ষ্মীপুজোয় পাড়ার মানুষের সঙ্গে প্রসাদ বিনিময় করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

৩৬৫ দিন। লক্ষ্মীপুজোয় পাড়ার মানুষের সঙ্গে প্রসাদ বিনিময় করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার কালীঘাটে নেত্রীর বাসভবনে দলীয় কর্মী, সমর্থক সহ সাধারণ মানুষ ভিড় করেন। অনেকেই নেত্রীর জন্য প্রসাদ এনেছিলেন। সেই প্রসাদ সকলকে বিতরণ করে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরে তিনি বলেন, ‘আজকের লক্ষ্মীপুজোর দিনে বাংলার সকল মানুষকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি পাড়ায় বেরিয়েছিলাম। পাড়ার মেয়েরা বাড়িতে পুজো করেছে, সেই প্রসাদ তারা আমাকে দিয়েছিল। আমি সবাইকে ভাগ করে দিয়ে দিয়েছি। এটা আমাদের সৌজন্যতা।’ একইসঙ্গে বিজেপি সরকারের বিরুদ্ধে সমালোচনা করে তিনি বলেন, ‘আজকের দিনে বিশ্ববাংলার সকল মানুষকে শুভেচ্ছা জানাচ্ছি। বিশ্ব বাংলাকে মুছে দিলেও, তাকে ডিসকানেক্ট করা যায় না। আমাদের অনেক ভাই বোন বিশ্বের নানান প্রান্তে থাকেন। তাদের জন্যেই এই ব্র্যান্ডটা তৈরি করা হয়েছিল। ওরা দোকান থেকে লোগো হাতিয়ে দিয়েছে, ভেঙে দিয়েছে। চেয়ার কিন্তু কারোর পার্মানেন্ট নয়। আজকে তৃণমূল কর্মীদের ওপর অত্যাচার হচ্ছে। লিডার মাস্ট লিড দ্যা পিপল। লিডার মাস্ট নট লিড দ্যা লুমপেন্স।’ পাশাপাশি তৃণমূল নেত্রী অভিযোগ করেন, তৃণমূল কর্মীদের ওপর পুলিশি অত্যাচার চরম পর্যায়ে পৌঁছেছে। কমিশন সমস্ত নথি জমা দিতে বলেছে। এদিকে জেলা শাসক, বিডিও, আইসি এবং পুলিশ সুপারদের মারফত সাধারণ মানুষকে ভয় দেখানো হচ্ছে।

Scroll to Top