৩৬৫ দিন। নেশামুক্ত পশ্চিমবঙ্গ গড়ব। সবাইকে এগিয়ে আসতে হবে। পাশাপাশি, বাল্যবিবাহ ও বাল্যবয়সে সন্তান প্রসব বন্ধ করতে এসেছি। এই সরকার শুধু ভাতা দিতে আসেনি। সংস্কার করতে এসেছে। এভাবেই আজ ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে পশ্চিমবঙ্গে প্রত্যেক বছর অন্নপূর্ণা দিবস পালিত হবে বলে ঘোষণা করে মহিলাদের ক্ষমতায়নের জন্য একগুচ্ছ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গের বর্তমান বিজেপি সরকার যে নারী ক্ষমতায়নে সবথেকে বেশি জোর দিতে চাইছে তা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, আমরা এই চার মাসে প্রথম যে কাজটা করেছি, মা-বোনেদের উপরে যে অত্যাচার হয়েছে, তার জন্য আমরা কমিশন বানিয়েছি। একটা মা-বোনের উপর অত্যাচার হলে আমরা ছাড়ব না। আমাদের এটা কমিটমেন্ট। পশ্চিমবঙ্গে ৫০ লক্ষের বেশি নতুন বাড়ি তৈরির জন্য তালিকা প্রস্তুত করা হয়েছে। এই সমস্ত বাড়ির মালিক মহিলারা হবেন। মহিলাদের নামে এগ্রিমেন্ট করা হবে। প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ির মালিক আমরা মহিলাদেরই করব। ১৮ বছরের আগে কোনও বালিকাকে বিবাহ দিতে দেব না। দেড় কোটির বেশি মহিলার অ্যাকাউন্টে ইতিমধ্যেই টাকা পাঠানো হয়েছে। বাকি যোগ্য আবেদনকারীদের অ্যাকাউন্টেও সারাদিন ধরে টাকা পৌঁছে যাবে। উচ্চ মাধ্যমিকের পর মেয়েদের পড়াশোনা চালিয়ে যেতে স্নাতক স্তরে ৫০০০০ টাকা আর্থিক সহায়তা করা হবে রাজ্য সরকারের তরফ থেকে।
পিএম বিশ্বকর্মা যোজনা
শুভেন্দু বলেন, যে তিন রাজ্য আয়ুষ্মান ভারত আটকেছিল, জনগণ ভোটের বাক্সে তাদেরই পরিবর্তন করে দিয়েছে। পশ্চিমবঙ্গের প্রকৃত বিশ্বকর্মারাই আগের সরকারকে উৎখাত করেছেন। পশ্চিমবঙ্গে বহু ক্ষুদ্র ও কুটির শিল্প রয়েছে, যেগুলি বাংলার পরম্পরার সঙ্গে গভীর ভাবে যুক্ত। সেই শিল্পগুলিকে ধরে রাখতে শুধু আর্থিক সহায়তা যথেষ্ট নয়, প্রয়োজন দক্ষতাবৃদ্ধি এবং বাজারের সঙ্গে সংযোগ। এমএসএমই দফতরের মাধ্যমে তাঁদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। তাঁদের তৈরি সামগ্রী কী ভাবে বাজারজাত করা যায়, কী ভাবে তাঁদের কাজের আরও প্রসার ঘটানো যায়, তা দেখা হবে। বাংলার ঐতিহ্যবাহী এবং হারিয়ে যেতে বসা বিভিন্ন পেশা ও শিল্পকে নতুন করে অর্থনৈতিক ভিত দেওয়ার পরিকল্পনার কথা জানান মুখ্যমন্ত্রী। স্বর্ণকার, মৃৎশিল্পী, পটচিত্রশিল্পী, কুমোর, দর্জি, কাঠমিস্ত্রি, তাঁতশিল্পী-সহ প্রথাগত হস্তশিল্পের সঙ্গে যুক্ত মানুষকে প্রশিক্ষণ দেওয়ার উপর জোর দেন তিনি। একই সঙ্গে তাঁদের তৈরি সামগ্রীর বাজার তৈরি এবং বিপণনের সুযোগ বাড়ানোর কথাও বলেন মুখ্যমন্ত্রী।
প্রধানমন্ত্রীর জন্মদিনে জ্বলল লক্ষ প্রদীপ
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে কলকাতায় গঙ্গার ধারে বাজা কদমতলা ঘাটে লক্ষ আশীর্বাদের প্রদীপ জ্বলল। মুখ্যমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতন রাম মাঝি, রাজ্য মন্ত্রিসভার সদস্য তাপস রায়, ইন্দ্রনীল খান, কলকাতার পুর-প্রশাসক স্মিতা পান্ডে এবং উচ্চপদস্থ পুলিশ ও প্রশাসনিক আধিকারিকেরা।
‘সরকার শুধু ভাতা দিতে আসেনি, সংস্কার করতে এসেছে’-দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর



