তৃণমূল সাংসদ অভিষেকের চিঠি স্পিকার ওম বিড়লাকে

৩৬৫ দিন। ‘ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া’ বা এনসিপিআই তে যোগ দেওয়া ২০ জন তৃণমূল সাংসদকে আসন্ন সংসদের অধিবেশনে ভোট দেওয়ার অনুমতি না দিতে স্পিকার ওম বিড়লাকে আবেদন জানিয়ে চিঠি লিখলেন লোকসভায় তৃণমূলের দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের দাবি, ওই সাংসদদের বিরুদ্ধে সদস্যপদ খারিজের আবেদন এখনো বিচারাধীন। তাই এই পরিস্থিতিতে তারা ভোট দিতে পারেন না। পাশাপাশি লোকসভায় ওই সাংসদদের জন্য আলাদা আসন রাখার বিষয়টিও জরুরী ভিত্তিতে পুনর্বিবেচনার দাবী জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
লোকসভার স্পিকার ওম বিড়লাকে লেখা এক চিঠিতে অভিষেক জানিয়েছেন, ওই ২০ জন সাংসদের বিরুদ্ধে দায়ের করা সদস্যপদ খারিজের আবেদনগুলি এখনও অমীমাংসিত অবস্থায় পড়ে রয়েছে। এই পরিস্থিতিতে অধিবেশনে তাঁদের ভোটদানের অনুমতি দেওয়া হলে তা বিচারাধীন প্রক্রিয়াকে প্রভাবিত করবে এবং সংবিধানের মূল ভাবনার পরিপন্থী হবে। স্পিকারকে লেখা চিঠিতে অভিষেকের বক্তব্য, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের টিকিটে নির্বাচিত ২০ জন সাংসদ এনসিপিআই-তে যোগ দেওয়ার দাবি করেছেন। সেই দাবির ভিত্তিতেই তাঁদের সংসদে পৃথক বসার ব্যবস্থা করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে দলত্যাগের অভিযোগে অযোগ্য ঘোষণার আবেদন জমা পড়েছিল ২০২৬ সালের ১৯ জুন। সংবিধানের দশম তফসিল এবং লোকসভার সদস্যদের দলত্যাগের কারণে অযোগ্য ঘোষণা সংক্রান্ত ১৯৮৫ সালের নিয়ম মেনেই ওই আবেদন করা হয়েছিল। এখনও তার নিষ্পত্তি হয়নি।
সংবিধানের ১৩১তম সংশোধনী বিল পাশ করাতে সরকারের ভোটদানকারী সাংসদদের দুই-তৃতীয়াংশ সমর্থন প্রয়োজন। এই পরিস্থিতিতে ওই ২০ দলত্যাগী সাংসদদের ভোটের হিসাবের মধ্যে রাখা হলে তা নিয়ে সাংবিধানিক প্রশ্ন উঠবে। অভিষেকের বক্তব্য, দশম তফসিলের দ্বিতীয় অনুচ্ছেদের ব্যাখ্যা অনুযায়ী, কোনও সাংসদ যে রাজনৈতিক দলের প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন, তাঁকে সেই দলের সদস্য হিসেবেই গণ্য করা হয়। একইসঙ্গে চিঠিতে তিনি উল্লেখ করেছেন, লোকসভার সরকারি ওয়েবসাইটে এখনও তৃণমূলের সাংসদ সংখ্যা ২৮ দেখানো হচ্ছে। ওই ২০ জনকেও সেই হিসাবের মধ্যেই রাখা হয়েছে। তা হলে তাঁদের জন্য পৃথক আসন বরাদ্দের সিদ্ধান্ত কীসের ভিত্তিতে নেওয়া হল? সাংবিধানিক স্বার্থে তাই এই ২০ জন সাংসদকে অধিবেশনে ভোট দানের অনুমতি যেন না দেওয়া হয় সেজন্যেই স্পিকারের কাছে আবেদন জানিয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Scroll to Top