৩৬৫ দিন। ড. অসিত চট্টোপাধ্যায়
জাদু কেবল ভগত সিংহের পিস্তল বইটির কেন্দ্রে রয়েছে স্বাধীনতা সংগ্রামের এক বিস্মৃত ঐতিহাসিক নিদর্শনের অনুসন্ধান। কিন্তু এটি নিছক একটি হারিয়ে যাওয়া অস্ত্রের খোঁজের কাহিনি নয়। সাংবাদিক জুপিন্দরজিৎ সিংহের এই অনুসন্ধান ক্রমশ পৌঁছে যায় ভগত সিংহের রাজনৈতিক চিন্তা, বিপ্লবের দর্শন এবং তাঁর ব্যক্তিত্বের এক অপেক্ষাকৃত অনালোচিত দিকের কাছে। বইটির বিশেষত্ব এখানেই;একটি পিস্তলকে সূত্র করে লেখক যেন ইতিহাসের বন্ধ দরজায় নতুন করে কড়া নেড়েছেন। হারিয়ে যাওয়া পিস্তলের খোঁজে ইতিহাসের দরজা একটি পিস্তল। একটি হত্যাকাণ্ড। এক তরুণ বিপ্লবী। আর তার সঙ্গে জড়িয়ে থাকা ইতিহাসের এক দীর্ঘ বিস্মৃত অধ্যায়। আট দশকেরও বেশি সময় ধরে নিখোঁজ ছিল ভগত সিংহের ব্যবহৃত সেই পিস্তল। কোথায় গেল সেটি? কে সরিয়ে রেখেছিল? সরকারি নথিতে তার শেষ ঠিকানা থাকলেও বাস্তবে তার কোনও সন্ধান মিলছিল না। সেই রহস্যের কিনারা করতেই সাংবাদিক জুপিন্দরজিৎ সিংহের দীর্ঘ অনুসন্ধান। তাঁর বই ‘ভগত সিংহের পিস্তল’ তাই কেবল একটি ঐতিহাসিক অস্ত্র উদ্ধারের কাহিনি নয়, বরং এক বিপ্লবীর জীবনদর্শন, রাজনৈতিক চেতনা এবং স্বাধীনতা সংগ্রামের বিস্মৃত দলিল পুনরুদ্ধারের এক আকর্ষণীয় প্রয়াস।
বইটি আসলে কী নিয়ে?
১৯২৮ সালের ১৭ ডিসেম্বর। লাহোরে ব্রিটিশ পুলিশ অফিসার জন সন্ডার্সকে গুলি করে হত্যা করেন ভগত সিংহ। তাঁর সঙ্গে ছিলেন রাজগুরু। লালা লাজপত রায়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে এই ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় ব্যবহৃত হয়েছিল একটি মার্কিন নির্মিত বত্রিশ বোরের কোল্ট পিস্তল। পরবর্তী সময়ে দিল্লির কেন্দ্রীয় আইনসভায় বোমা নিক্ষেপের ঘটনায় গ্রেফতার হন ভগত সিংহ। তাঁর কাছ থেকে উদ্ধার হয় সেই পিস্তল।
ব্রিটিশ সরকার সন্ডার্স হত্যাকাণ্ডের সঙ্গে অস্ত্রটির সম্পর্ক প্রতিষ্ঠা করতে চেয়েছিল। এই অস্ত্র হয়ে ওঠে মামলার গুরুত্বপূর্ণ প্রমাণ। ১৯৩১ সালে ভগত সিংহ, রাজগুরু ও সুখদেবের ফাঁসির পর আদালতের নির্দেশে মামলার অন্যান্য প্রমাণের সঙ্গে পিস্তলটিও লাহোর পুলিশের হেফাজতে যায়। পাঞ্জাবের ফিল্লৌর পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে সেটি সংরক্ষিত থাকার কথা ছিল। কিন্তু তারপর? ইতিহাসের নথিতে তার উল্লেখ থাকলেও অস্ত্রটির কোনও হদিস পাওয়া যাচ্ছিল না। সেখান থেকেই লেখকের অনুসন্ধানের সূত্রপাত।
রহস্যের ভিতরে ইতিহাসের কাহিনি
বইটির আকর্ষণীয় দিক হল, লেখক একটি হারিয়ে যাওয়া অস্ত্রের অনুসন্ধানকে গোয়েন্দা কাহিনির মতো এগিয়ে নিয়ে গিয়েছেন। কোনও কাল্পনিক রহস্য নয়, প্রতিটি সূত্রের পিছনে রয়েছে সরকারি নথি, পুরনো দলিল, সাক্ষ্য এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের ইতিহাস। ২০১৬ সালে একটি সংবাদ প্রতিবেদনে ভগত সিংহের হারিয়ে যাওয়া পিস্তলের প্রসঙ্গ নতুন করে সামনে আসে। অস্ত্রটির নম্বর এবং পরিচিতি সম্পর্কে কিছু তথ্য পাওয়ার পর লেখক আবার অনুসন্ধান শুরু করেন। তাঁর যাত্রাপথে আসে ফিল্লৌর, অমৃতসর, দিল্লি এবং ইন্দোর। সবচেয়ে বিস্ময়কর আবিষ্কার, পিস্তলটি আসলে হারিয়ে যায়নি। সেটি ছিল সীমান্তরক্ষী বাহিনীর একটি অস্ত্র সংগ্রহশালায়, ইন্দোরে। কিন্তু সেখানে সংরক্ষিত বহু অস্ত্রের মতো এটিকেও কালো রং দিয়ে ঢেকে রাখা হয়েছিল। ফলে তার প্রকৃত পরিচয় বোঝা সহজ ছিল না। লেখকের দীর্ঘ অনুরোধ ও প্রচেষ্টার পর অস্ত্রটির গায়ের রং সরিয়ে পরীক্ষা করা হয়। তৃতীয় পিস্তলটিই শেষ পর্যন্ত চিহ্নিত হয় ভগত সিংহের ব্যবহৃত সেই
ঐতিহাসিক অস্ত্র হিসেবে। এ এক অসাধারণ সাংবাদিকতার সাফল্য। পরবর্তী সময়ে পিস্তলটি পাঞ্জাবে ফিরিয়ে আনা হয় এবং হুসেনিওয়ালার সংগ্রহশালায় প্রদর্শিত হতে শুরু করে।
লেখককে চিনে নেওয়া
জুপিন্দরজিৎ সিংহ পেশায় সাংবাদিক। পাঞ্জাবের চণ্ডীগড়ভিত্তিক এই সাংবাদিক দীর্ঘদিন ধরে অপরাধ, রাজনীতি ও সামাজিক বিষয়ে
অনুসন্ধানমূলক প্রতিবেদন লিখেছেন। তিনি ‘দ্য ট্রিবিউন’ সংবাদগোষ্ঠীর উপসম্পাদক। তাঁর সাংবাদিকতার স্বীকৃতি হিসেবে ২০০৫ সালে
পেয়েছেন প্রেম ভাটিয়া তরুণ সাংভবাদিক পুরস্কার। তাঁর লেখালেখির ক্ষেত্র শুধু ইতিহাস নয়। বাস্তব অপরাধ, সামাজিক সংঘাত এবং মানুষের জীবনের জটিল ঘটনাও তাঁর আগ্রহের বিষয়। ‘জাস্টিস ফর জ্যাসি’ এবং ‘ইয়ার্স লেটার… অন ফেসবুক’ তাঁর উল্লেখ যোগ্য কাজের মধ্যে পড়ে। ভগত সিংহের পিস্তল অনুসন্ধান করতে গিয়ে লেখক নিজেও বুঝেছেন, ইতিহাসের একটি চরিত্রকে জানার অর্থ কেবল তার জীবনের কয়েকটি বিখ্যাত ঘটনা জানা নয়। তার চিন্তা, পাঠাভ্যাস, রাজনৈতিক বিশ্বাস এবং ব্যক্তিগত বিবর্তনকে বুঝতে হয়। এই উপলব্ধিই বইটিকে নিছক অনুসন্ধানী প্রতিবেদন থেকে একটি বৃহত্তর ঐতিহাসিক আলোচনায় নিয়ে গিয়েছে।
অনুসন্ধানে কতটা সফল লেখক?
এই প্রশ্নের উত্তর দিতে গেলে লেখকের সাফল্যকে দুটো ভাগে দেখতে হবে। প্রথমত, হারিয়ে যাওয়া অস্ত্রটির সন্ধান। এখানে তাঁর সাফল্য নিঃসন্দেহে
অসাধারণ। সরকারি নথি, পুরনো তথ্য, অস্ত্রের নম্বর, বিভিন্ন প্রতিষ্ঠানের যোগাযোগ এবং প্রত্যক্ষ অনুসন্ধানের মাধ্যমে তিনি এমন একটি ঐতিহাসিক নিদর্শনকে জনসমক্ষে ফিরিয়ে এনেছেন, যেটিকে অনেকেই হারিয়ে যাওয়া বলে ধরে নিয়েছিলেন। দ্বিতীয়ত, ভগত সিংহের চিন্তাজগতের অনুসন্ধান। এখানেই বইটির গভীরতা। লেখক ভগত সিংহকে শুধু অস্ত্র হাতে নেওয়া এক সাহসী বিপ্লবী হিসেবে দেখেননি। তাঁর প্রবন্ধ, চিঠি, কারাগারে লেখা রচনা এবং রাজনৈতিক বিতর্কের সূত্র ধরে বিপ্লবীর মানসিক বিবর্তন বোঝার চেষ্টা করেছেন।
লেখকের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন; যে তরুণ একদিন অস্ত্র হাতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, তাঁর কাছে বিপ্লবের প্রকৃত অর্থ কী ছিল? কেন জীবনের পরবর্তী পর্যায়ে তিনি আর কোনও মানুষকে হত্যার উদ্দেশ্যে অস্ত্র ব্যবহার করেননি? সমাজতন্ত্র, যুক্তিবাদ এবং সাম্রাজ্যবাদবিরোধী চিন্তা কীভাবে তাঁর রাজনৈতিক দর্শনকে প্রভাবিত করেছিল? তবে একটি প্রশ্নের উত্তর এখনও পুরোপুরি প্রতিষ্ঠিত নয়;পিস্তলটি প্রথম কোথা থেকে এসেছিল এবং কীভাবে বিপ্লবীদের হাতে পৌঁছেছিল।
লেখকও স্বীকার করেছেন, এ বিষয়ে নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। এই সীমাবদ্ধতা স্বীকার করাই তাঁর অনুসন্ধানের সততা। ভগত সিংহকে নিয়ে আমাদের চেনা ছবিটি খুব স্পষ্ট;মাথায় টুপি, চোখে দৃঢ়তা, হাতে পিস্তল। কিন্তু সেই ছবির পিছনে যে অসাধারণ মেধা, পড়াশোনা, যুক্তিবাদী মন এবং রাজনৈতিক দূরদৃষ্টি ছিল, তা নিয়ে আলোচনা তুলনায় অনেক কম। জুপিন্দরজিৎ সিংহ সেই অনালোচিত মানুষটিকেই সামনে আনতে চেয়েছেন। এই বইয়ের সবচেয়ে বড় কৃতিত্ব, একটি অস্ত্রের ইতিহাস অনুসন্ধান করতে গিয়ে লেখক আমাদের ফিরিয়ে দিয়েছেন ইতিহাসের এক গুরুত্বপূর্ণ স্মৃতি। পিস্তলটি উদ্ধার হয়েছে, কিন্তু তার চেয়েও বড় আবিষ্কার হল ভগত সিংহকে নতুন করে পড়ার প্রয়োজনীয়তা। বিপ্লবীর হাতে অস্ত্র ছিল ইতিহাসের একটি অধ্যায়। কিন্তু তাঁর মস্তিষ্কে যে চিন্তার বিপ্লব চলছিল, সেটিই হয়তো তাঁর সবচেয়ে বড় উত্তরাধিকার। একটি পিস্তল হারিয়ে গিয়েছিল। একজন বিপ্লবীর ইতিহাস কিন্তু হারিয়ে যায়নি। জুপিন্দরজিৎ সিংহের অনুসন্ধান সেই সত্যটিই আবার মনে করিয়ে দেয়।






