৩৬৫ দিন। সুমন আদক, হাওড়া: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর সম্ভাব্য প্রভাবের কথা মাথায় রেখে যাত্রী নিরাপত্তার স্বার্থে একাধিক ট্রেন বাতিল ও একটি ট্রেনের যাত্রার সময় পরিবর্তনের সিদ্ধান্ত নিল দক্ষিণ-পূর্ব রেল। বৃহস্পতিবার খড়্গপুর ডিভিশনের তরফে প্রকাশিত এক বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গেছে, ১৯ নভেম্বর যাত্রা শুরুর কথা ছিল এমন ১২৮৮১ শালিমার–পুরী এক্সপ্রেস এবং ১৮০১৭ ভঞ্জপুর–পুরী এক্সপ্রেস বাতিল করা হয়েছে। এরই পাশাপাশি ২০ নভেম্বর যাত্রা শুরুর কথা থাকা ১৮৪০১ বাংরিপোসি–পুরী এক্সপ্রেস, ২২৮৯৫/২২৮৯৬ হাওড়া–পুরী–হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস, ৬৮৪৪১ জলেশ্বর–পুরী মেমু এবং ৬৮১৮৫/৬৮১৮৬, ৬৮১৮৭/৬৮১৮৮ ও ৬৮১৮৯/৬৮১৯০ বালেশ্বর–গোপীনাথপুর নীলগিরি–বালেশ্বর মেমু ট্রেন বাতিল করা হয়েছে। অন্যদিকে, ১৯ নভেম্বর রাত ১০টা ৩০ মিনিটে হাওড়া থেকে ছাড়ার কথা ছিল ১২৮৩৭ হাওড়া–পুরী সুপারফাস্ট এক্সপ্রেসের। সেই ট্রেনটি নির্ধারিত সময়ের পরিবর্তে ২০ নভেম্বর রাত ২টো ৩০ মিনিটে ছাড়বে বলে জানানো হয়েছে। যাত্রীদের যাত্রার আগে সংশ্লিষ্ট ট্রেনের সর্বশেষ অবস্থান ও সময়সূচি যাচাই করে নেওয়ার পরামর্শ দিয়েছে রেল কর্তৃপক্ষ। সাময়িক এই অসুবিধার জন্য দুঃখপ্রকাশ করে এই পরিস্থিতিতে যাত্রীদের সহযোগিতাও চেয়েছে দক্ষিণ-পূর্ব রেল।
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর সতর্কতা, বাতিল একাধিক ট্রেন!
- khabar365din
- November 19, 2026
- 3:43 pm
- No Comments





