সেনার গুলিতে খতম লস্কর জঙ্গি লতিফ

৩৬৫ দিন। জম্মু-কাশ্মীরে কুলগামে নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিহত লস্কর-ই-তৈবার কমান্ডার লতিফ ভাট। পুলিশ সূত্রে খবর, তিনি একটি মসজিদে আশ্রয় নিয়েছিল। সেখানেই ভিডিয়ো কলের মাধ্যমে তাঁকে আত্মসমর্পণের সুযোগ দিয়েছিল নিরাপত্তাবাহিনী। তবে
লতিফ জানায়, তিনি আত্মসমর্পণ করবেন না। গত ১১ নভেম্বর কুলগামে সিআরপিএফের একটি নাকা চেকিংয়ের পোস্টে হামলা চালায় জঙ্গিরা। তার পর থেকেই জঙ্গিদের খোঁজে দফায় দফায় কুলগামে তল্লাশি অভিযান চালায় জম্মু-কাশ্মীর পুলিশ, ভারতীয় সেনাবাহিনী এবং সিআরপিএফ। সেই হামলার নেপথ্যে উঠে আসে লতিফের নাম।
সূত্রের খবর, ১০ নভেম্বর লশকর কমান্ডার লতিফ এবং জঙ্গি নিসার দারকে কুলগামের মীর বাজার, অখরান, হবলিশ এবং কিলমের মতো বেশ কয়েকটি জায়গায় একসঙ্গে ঘুরতে দেখা গিয়েছিল। তার ঠিক পর দিনই অর্থাৎ ১১ নভেম্বর অখরানের সিআরপিএফ ক্যাম্পে হামলা হয়। সিআরপিএফের ওই ছাউনির আশপাশের এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে লতিফ এবং নিসারের খোঁজ পায় নিরাপত্তাবাহিনী। হামলার পর কোন রাস্তা ধরে তাঁরা পালিয়েছিলেন, তা-ও ধরা পড়েছে সেই ফুটেজে। পালিয়ে কোথায় গিয়ে লুকিয়েছেন, সেই তথ্য সংগ্রহ করতে শুরু করে নিরাপত্তাবাহিনী। গোপন সূত্রে খবর পেয়ে গত সোমবার কুলগামের লারু এলাকায় লতিফ এবং নিসারের খোঁজে অভিযান করে নিরাপত্তাবাহিনী। তাঁদের ধরতে গেলে জম্মু-কাশ্মীর পুলিশের এসওজি (স্পেশাল অপারেশনস গ্রুপ) এবং সেনার সঙ্গে গুলির লড়াই চলে। সেই সংঘর্ষে নিহত হয়েছিল নিসার। তবে হামলার ‘মূল চক্রী’ লতিফের খোঁজ মেলেনি। একটি সূত্রের দাবি, ওই হামলায় গুলিবিদ্ধ হয়েছিল লতিফ। তবে নিরাপত্তাবাহিনীর চোখে ধুলো দিয়ে পালাতে সক্ষম হন তিনি। তার গত দু’দিন ধরে লতিফের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালায় নিরাপত্তাবাহিনী। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার ভোর থেকে জোরকদমে লতিফের খোঁজ শুরু করে তারা। পুলিশ জানিয়েছে, অভিযানের ফলে ক্রমশ কোণঠাসা হতে থাকে ২৩ বছর বয়সি লতিফ। জঙ্গলপোরা গ্রামের একটি মসজিদের ভিতরে তাঁর উপস্থিতি নিশ্চিত করে নিরাপত্তাবাহিনী। জানা গিয়েছে, মঙ্গলবার রাত পৌনে ৩টে নাগাদ ওই মসজিদে ঢোকে লতিফ। তার পরেই ওই মসজিদ ঘিরে ফেলে নিরাপত্তাবাহিনী। শুধু তা-ই নয়, ওই গ্রাম এবং চারপাশে আঁটসাঁট করা হয় নিরাপত্তা। কোনও অবস্থাতেই যাতে লতিফ জাল কেটে পালাতে না-পারেন, তার ব্যবস্থা করা হয়েছিল। তবে লতিফকে ধরার আগে আত্মসমর্পণের সুযোগ দিয়েছিল নিরাপত্তাবাহিনী। কিন্তু তিনি সেই আবেদনে সাড়া দেননি। তিনি বুঝিয়ে দেন, গুলির লড়াইয়ে নিহত হলে তিনি ‘খুশি’ হবেন। জানান, আল্লাহর সঙ্গে দেখা করতে চান। লতিফ আত্মসমর্পণের আবেদন প্রত্যাখ্যান করার পর তাঁকে ধরতে ধীরে ধীরে মসজিদের দিকে এগোয় নিরাপত্তাবাহিনী। কাঁদানে গ্যাসও ছোড়া হয়। নিরাপত্তাবাহিনীকে এগিয়ে আসতে দেখে গুলি চালান লতিফ। পাল্টা জবাব দেয় নিরাপত্তাবাহিনীও। শেষপর্যন্ত গুলির লড়াইয়ে নিহত হন লস্কর কমান্ডার।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২৫ সালের ১৮ নভেম্বর লশকর-এ-ত্যায়বায় যোগ দেন লতিফ। তাঁর পরিবারের তরফে তাঁকে নিখোঁজ বলে জানানো হয়। কুলগামের একটি গ্রামে কাঠমিস্ত্রির কাজ করতেন তিনি। নিরাপত্তাবাহিনীর দেওয়া সূত্র অনুযায়ী, লতিফই ছিলেন জম্মু-কাশ্মীরে একমাত্র প্রশিক্ষিত স্থানীয় জঙ্গি। বিভিন্ন সন্ত্রাসমূলক কাজে যুক্ত থাকার অভিযোগে পুলিশের খাতায় ‘মোস্ট ওয়ান্টেড’ হিসেবে উল্লেখ ছিল লতিফের নাম। তাঁর খোঁজে পোস্টারও দেওয়া হয়েছিল পুলিশের তরফে। গত জুলাইয়ে এই কুলাগামে কয়েক দিনের ব্যবধানে পর পর দু’টি জঙ্গি হামলার ঘটনা ঘটে। সেই ঘটনাগুলির নেপথ্যে লতিফের যোগের অভিযোগ ওঠে।
আধাসেনা বাহিনী সিআরপিএফের ডিরেক্টর জেনারেল জ্ঞানেন্দ্রপ্রতাপ সিংহ সমাজমাধ্যমে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন। সেই পোস্টে সরাসরি লতিফ-হত্যার প্রসঙ্গ উল্লেখ করেননি তিনি। তবে তাঁর অভিনন্দন-বার্তা যে এই অভিযানের সাফল্যের জন্যই তা স্পষ্ট। সেই বার্তায় তিনি একটি প্রচলিত প্রবাদের ব্যবহার করেন, যা খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে। জ্ঞানেন্দ্র তাঁর পোস্টের শুরুতেই অভিনন্দন জানিয়েছেন। সহকর্মীদের ‘বন্ধু’ বলে উল্লেখ করেছেন তিনি। তার পরেই লেখেন, ‘‘কিছু খাবার ঠান্ডাই পরিবেশন করা ভাল।’’ ঠান্ডা মাথায় পরিকল্পনা করে কোনও কিছুর ‘প্রতিশোধ’ নেওয়া হলে এই প্রবাদের ব্যবহার করা হয়। সিআরপিএফ প্রধান বুঝিয়েছেন, রাগের মাথায় বা কোনও ঘটনায় উত্তেজনার মধ্যে তাৎক্ষণিক প্রতিশোধ নেওয়ার চেয়ে কিছুটা সময় অপেক্ষা করা ভাল। পরে সব দিক বিবেচনা করে পরিকল্পনা করে কোনও প্রতিশোধ নিলে তা অনেক বেশি কার্যকর এবং সন্তোষজনক হয়। এর তাৎপর্য হল, তাৎক্ষণিক প্রতিশোধ স্পৃহায় পরিকল্পনার থেকে অনেক বেশি গুরুত্ব পায় প্রাথমিক রাগের বহিঃপ্রকাশ। সেখানে আবেগের জায়গা বেশি। সেই ক্ষেত্রে আশারূপ ফল না-ও পাওয়া যেতে পারে। তবে মাথা ঠান্ডা করে ভাবনাচিন্তা করে বিষয়টি বিবেচনা করলে পরিকল্পনার অবকাশ থাকে। সেই পরিকল্পনা মতো কাজ করলে ফলাফল অনেক ভাল হয়। লতিফের হত্যাকে সেই পরিকল্পনার ‘সুফল’ হিসেবে বর্ণনা করেছেন সিআরপিএফ প্রধান জ্ঞানেন্দ্র। লতিফের হত্যার পর জম্মু-কাশ্মীর পুলিশও একটি পোস্ট করে। সেই পোস্ট ইঙ্গিতপূর্ণ। দু’লাইনের সেই পোস্টে পুলিশ লেখে, ‘‘দৌড়াতে পারো, কিন্তু কখনওই লুকিয়ে থাকতে পারবে না।

Scroll to Top