৩৬৫ দিন। বাণিজ্য নগরে মুম্বইয়ের বুকে শুধু ইশক-মহব্বত-পেয়ার -এর কথাই নয়, বিঁধে রয়েছে অনেক রক্তাক্ত, যন্ত্রণার দলিলও। করিম লালা,হাজী মুহম্মদ থেকে দাউদ ইব্রাহিম পর্যন্ত দীর্ঘ ৭০ বছরের রক্তাক্ত ইতিহাস বুকে নিয়ে আছে মুম্বই। এদের মধ্যে দাউদ সবচেয়ে কুখ্যাত তো
বটেই। দেশের নিরাপত্তা,সার্বভৌমত্বে আঘাত হেনেছিল। তবে দাউদের অপরাধ সিংহাসনে বসতে ৩৬ বছর সময় লেগেছিল। কিন্তু ২৮ বছরের একটা ঝকঝকে তরুণ জেলে বসে,প্রতিদিন দেশজুড়ে সংবাদপত্রের হেড লাইনে,এমনটা আগে হয়নি। লরেন্স বিষ্ণোই। বলতে গেলে মুম্বইয়ে এখন
লরেন্স রাজ। কিছুদিন আগেই মুম্বইয়ের কুখ্যাত এনকাউন্টার স্পেশালিস্ট অন্যতম সুপার কপ বিজয় সালাসকর বলেছেন, সলমন থেকে অমিতাভকে হুমকি,কিংবা শুটার দিয়ে টাইগার শ্রফের ওপর গুলি চালানো, মন্ত্রী এবং এনসিপি নেতা বাবা সিদ্দিকী অথবা পাঞ্জাবি গায়ক মুসেইয়ালাকে প্রকাশ্যে হত্যা করার মধ্যে,লরেন্স বিষ্ণই গ্যাংয়ের অর্গানাইজড ক্রাইমের প্রতিষ্ঠা হচ্ছে। ফলে এই মুহূর্তে প্রশাসনের উচিত নয়ের দশকে আনা মোকোকা বা মহারাষ্ট্র কন্ট্রোল অফ অর্গানাইজড ক্রাইমকে জরুরি ভিত্তিতে অ্যাক্টিভেট করা।
অভিজ্ঞ প্রাক্তন পুলিশ সুপার বিজয় সালাসকরের এই তত্ত্বে সিলমোহর দিয়েছে মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চও। তাদের আন্ডারগ্রাউন্ড ক্রাইম স্পেশালিস্টদের মতে, বছর পাঁচেক আগে কৃষ্ণসার হত্যা নিয়ে সলমনকে বারবার অ্যাটাক করা,ভয় দেখানোর মধ্যে দিয়ে লরেন্সরা মুম্বাইয়ে টেরর তৈরি করলেও,ওদের আসল উদ্দেশ্য ছিল মুম্বই ও দেশজুড়ে এক্সটরশন বা গুন্ডা ট্যাক্সের একটা ভীতি তৈরি করা। এবং এটাতে তারা প্রায় সফল বলা যায়। সলমন, অমিতাভ, রণবীর, ঋত্বিক,রোহিত শেট্টি, দিশা পাটানিদের হুমকি দেওয়া মানেই,মুম্বাইয়ের হাই প্রোফাইল জোনে ঢুকে পড়া। জেলে বসেই লরেন্স এই বিশাল নেটওয়ার্ক চালাচ্ছে। বাইরে কানাডায় গোল্ডি ব্রার ,রোহিত গোদারা, শুভম রঙ্কর,আনমোল বিষ্ণোইরা কানাডা থেকেই এই নেটওয়ার্ক চালাচ্ছে। এর নেটওয়ার্ক এশিয়ার বাইরে আমেরিকা,ইউরোপ পর্যন্ত বিস্তৃত। এফবিআই গত বছর এই গ্যাংকে আন্তর্জাতিক অপরাধী গোষ্ঠীর তালিকায় রেখেছে। বড় সেলেবদের হুমকির ফলে ছোট,মাঝারি ব্যবসায়ীদের থেকে টাকা তোলা আরও সহজ হয়ে যায়। মুম্বইয়ের এই রক্তাক্ত ইতিহাস,নতুন নয়। বরং স্বাধীনতার সময় থেকেই। তবে হাজী মস্তান থেকে করিম লালার সময় পর্যন্ত সেই গ্যাং ওয়ার মুম্বইয়ের চোরাচালান এবং ডক এলাকার মধ্যেই সীমাবদ্ধ ছিল। হিসেব উল্টে দিল দাউদ ইব্রাহিম। মুম্বই সহ ভারতবর্ষের বিস্তীর্ণ মেট্রো শহর, বন্দরগুলো দখলের পাশাপাশি মাদক ,অস্ত্র, রিয়েল এস্টেট এবং মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রিতে টাকা খাটানোর নতুন অপরাধের যাত্রার শুরু,এবং যার অন্তিম লক্ষ্য সন্ত্রাসবাদ। দাউদের হাত ধরে রক্তাক্ত হয়েছে মুম্বই,দেশ। বৈদেশিক শত্রুকে দেশের মধ্যে ঢুকিয়ে মাফিয়ারাজের নিকৃষ্টতম উদাহরণ স্থাপন করে দিয়েছে দাউদের ডি কোম্পানি। আশির দশক থেকে নয়ের দশক হয়ে, টি সিরিজের মালিক গুলসন কুমারের প্রকাশ্যে হত্যা থেকে ২৬/১১ পর্যন্ত বিস্তৃত সেই অপরাধের সুনামি থামিয়েছিল কিন্তু মুম্বাই পুলিশই। খোলা হয়েছিল মুম্বাই পুলিশের নতুন গুন্ডা দমন সেল। আনা হয় নতুন আইন মহারাষ্ট্র কন্ট্রোল অফ অর্গানাইজড ক্রাইম বা মোকোকা। খুঁজে খুঁজে নিয়ে আসা হয়েছিল দয়া নায়েক,বিজয় সলাসকর, প্রদীপ শর্মার মত দাপুটে সুপার কপদের। একের পর এক অপরাধীদের এনকাউন্টার নিয়ে অবশ্য ব্যাপক বিতর্ক, মামলাও হয়। কিন্তু আইনের কড়া হাতে পিষে ফেলা হয়েছিল মুম্বাইয়ের মাফিয়াদের। দাউদের পরপরই দেশ থেকে পালিয়ে যায় ছোটা রাজন,আবু সালেমের মত অপরাধীরা। জেলে ঢুকল অরুণ গাউলি,ওমর নায়েকরা। দাউদ-পরবর্তী সময়ে যদি কোনও অপরাধী ‘সেলেব’ বনে গিয়ে থাকে সে অবশ্যই বিষ্ণোই। কিন্তু সে তো ‘রবিনহুড’ নয়। ধনী পরিবারের সন্তান। রীতিমতো কনভেন্টে পড়াশোনা করা। পরবর্তী সময়ে আইন নিয়ে পড়তে যাওয়া।ছাত্র রাজনীতিতে জড়িয়ে পড়ে সে। তবে কলেজ জীবনে রাজনীতি কমবেশি সকলেই তো করে। লরেন্স বিষ্ণোইও করেছিল। কিন্তু ধীরে ধীরে সে এতেই জড়িয়ে পড়ে। পড়াশোনা কার্যত শিকেয়। আর হ্যাঁ, এই সময় তার এক প্রেমিকাও ছিল! এমনটাই শোনা যায়। সেই প্রেমিকাকে নাকি জীবন্ত পুড়িয়ে হত্যা করেছিল বিরোধী দলের কর্মীরা! এই ভয়ংকর ঘটনাই লরেন্সকে প্রচণ্ড নাড়া দেয়। অনেকেই বলে তার ‘ভিলেন’ হয়ে ওঠার ক্ষেত্রে এই ঘটনাই ছিল অনুঘটক। প্রেমিকা হত্যার ‘বদলা’ নিয়েই ক্ষান্ত হয়নি সে। বিরোধী প্রার্থীর ম্যানেজারের গাড়িতে আগুন লাগানোর অপরাধে জেলে যেতে হয়। আর সেখানেই আলাপ রঞ্জিৎ ডোপলার সঙ্গে। সে অস্ত্র ব্যবসায়ী। এখান থেকেই অপরাধ ও ক্ষমতার মাদক আরও বেশি করে লরেন্সের রক্তের গোপন অন্ধকারের ভিতরে প্রবেশ যেতে থাকে। তারপরে আর পিছনে তাকাতে হয়নি। সম্প্রতি চন্ডিগড় এর আদালতে আদালতে হাজিরার সময় তাকে স্বাধীনতা সংগ্রামী বিপ্লবী ভগৎ সিংয়ের ছবি আঁকা একটা টি-শার্ট পরতে দেখা গিয়েছিল। কারাগারে রেকর্ড করা একটা বহুল প্রচারিত ভিডিওতে তাকে বলতে শোনা গিয়েছিল- আমাদের হৃদয়ে বিপ্লবের আকাঙ্ক্ষা রয়েছে। দেখা যাক শত্রুপক্ষের শক্তি কতটুকু। যদিও তার এই কথার সঠিক অর্থ অস্পষ্টই রয়ে গিয়েছে। তবে এটুকু পরিষ্কার লরেন্স গ্যাং দেশে ক্রমশ জাঁকিয়ে বসেছে।





