মাছ, মুরগি, মাটন যত দামই হোক, থাকবে পাতে

৩৬৫ দিন।শ্রীদাত্রী ঠাকুর। কাল ভাইফোঁটা এবং ভাইফোঁটার আনন্দ আর উৎসবের পাতে মাছ-মাংসের এলাহি আয়োজন—বাঙালির চিরন্তন ঐতিহ্য। তবে এই বিশেষ দিনটিকে কেন্দ্র করে শহরের বিভিন্ন খুচরা বাজারে মাছ ও খাসির মাংসের অগ্নিমূল্য দাম মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। গড়িয়াহাট, লেক মার্কেট কিংবা মানিকতলার মতো প্রধান বাজারগুলিতে ইলিশ, ভেটকি, পমফ্রেট থেকে শুরু করে খাসির মাংস কিনতে পকেট ফাঁকা হওয়ার জোগাড় কারণ খাসির মাংসের দামও কেজিপ্রতি ১০০০-১১০০ টাকার ঘরে। তবে উৎসবের এই মরসুমে খুচরা বাজারের চড়া দামের বিপরীত ছবি দেখা গেল পাইকারি মাছের বাজার কোলে মার্কেটে; যেখানে কালীপুজো ও দীপাবলির পর ক্রেতাদের ভিড় বাড়ায় কিছুটা ঘুরে দাঁড়িয়েছে পাইকারি বেচাকেনা। কলকাতার বহু বাজার ঘুরে দেখা গিয়েছে মাছ আর খাসির মাংসের থেকে অনেকটাই সস্তা মুরগির মাংস ।সবমিলিয়ে উৎসবের আবহে মাছ-মাংসের বাজারে মিশ্র ছবি ধরা পড়েছে।
গড়িয়াহাট বাজারে মাছের দামে উল্লেখযোগ্য বৃদ্ধি হয়েছে বলে জানাচ্ছেন বিক্রেতারা। তাঁদের কথায়, গত বছরের তুলনায় এ বছর মাছের দাম অনেকটাই বেড়েছে। বর্তমানে ভেটকি মাছের দাম কেজিপ্রতি ৯০০ টাকা, ভেটকির ফিলে ৯৫০ টাকা এবং গোটা ভেটকি ৬০০-৬৫০ টাকা। পার্শে মাছ ৬৫০-৭০০ টাকা, কাতলা ৩০০ টাকা এবং রুই ২৫০ টাকা কেজি। বড় আকারের গলদা চিংড়ি ৯০০ টাকা এবং পমফ্রেটের দাম প্রায় ১০০০ টাকা। অন্যদিকে, খাসির মাংসের দাম কেজিপ্রতি ১১০০ টাকা। গত বছরের তুলনায় ১০০ টাকা বেড়েছে দাম। বিক্রেতাদের দাবি, বাজারে খাসির জোগান কম থাকায় দাম বেড়েছে। দিনে চার-পাঁচটি খাসি বিক্রি হচ্ছে। মুরগির ক্ষেত্রে কাটা মাংস ২০০ টাকা এবং গোটা মুরগি ১৫০ টাকা কেজি। তবে ভাইফোঁটার আগে দাম আরও পাঁচ-দশ টাকা বাড়তে পারে বলে আশঙ্কা বিক্রেতাদের।

 

Scroll to Top