মালবাজারে বারন্দায় হর্নবিল দম্পতি

৩৬৫ দিন। শীতকালে জঙ্গলে যাওয়ার দরকার নেই, বিকেল হলেই বাড়ির ব্যালকনিতে এসে দেখা দিয়ে যাচ্ছে ধনেশ দম্পতি। জলপাইগুড়ি জেলার মালবাজার ব্লকের ওদলাবাড়ির মানাবাড়ি গ্রামে এমন ঘটনা সামনে এসেছে। বাড়ির মালিকের নাম দীনেশ শর্মা। তিনি জমি কিনে মাত্র বছর দুয়েক আগে এই দোতলা বাড়ি নির্মাণ করেছেন। বাড়ির ব্যালকনিতে স্টিলের গ্রিল এবং তার পাশেই ঘরের কালো কাচের স্লাইডিং জানালা রয়েছে। ব্যালকনির স্টিলের গ্রিলে বসে স্লাইডিং জানালার দিকে দুই ধনেশ পাখি খেলা করে বলে তিনি জানান। আসলে জানালার কাচে আয়নার মতো ওরা নিজেদের প্রতিবিম্ব দেখতে পায় আর ভাবে, ওদের মতোই আরও একজোড়া ধনেশ ওদের দিকে তাকিয়ে আছে।
আশ্বিনের শেষ থেকেই একটু একটু করে যখন হিমেল উত্তরের হাওয়া বইতে শুরু করেছে, তখন থেকেই দুই ধনেশের আগমন বলে জানান দীনেশ। তবে গ্রেট ইন্ডিয়ান হর্নবিল প্রজাতির অন্তর্ভুক্ত এই দুই পাখি নির্জন পাহাড়ি জঙ্গল বা নদীর ধারে থাকতে ভালোবাসে। তাহলে ওরা লোকালয়ে কেন? লোকালয়ে ধনেশ দেখে অবাক ও উচ্ছ্বসিত পাখি বিশেষজ্ঞরাও।

Scroll to Top