৩৬৫ দিন। এলাকায় আরশোলা, ছারপোকা ও মাকড়ের উৎপাত বেড়েছে। তাই রাজনৈতিক সভা করা প্রয়োজন। কোথাও ছারপোকা বা মাকড় দেখলে গণতান্ত্রিকভাবে হিট স্প্রে করুন। এভাবেই আজ দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে জনসভার মঞ্চ থেকে নাম না করে ককরোচ জনতা পার্টির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ বারুইপুরে বিজেপির উদ্যোগে আয়োজিত গণতন্ত্র বাঁচাও জনসভায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
তীব্র আক্রমণ মমতা ও সিপিএমকে
সম্প্রতি ইন্ডিয়া জোটের শরিক দল হিসেবে সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এম এ বেবি ও মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি চালা চালিয়ে এবং ফোনে কথাবার্তার প্রেক্ষিতে দুই দল যেভাবে কাছাকাছি আসতে শুরু করেছে, তার বিরুদ্ধে তীব্র করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, সিপিএমের অত্যাচার থেকে বাংলাকে বাঁচানোর লক্ষ্য নিয়েই একসময় তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছিল। সেটা জানতেন অটলজিও। সেই তৃণমূলই এখন সিপিএমের সঙ্গে দোস্তি করছে। বেবি আর আন্টি এখন একসঙ্গে চা খাচ্ছেন। আসলে বাংলায় কোথাও আপনার জায়গা নেই। আপনি ওই দিল্লিতে রামলীলা ময়দানেই যান।
তীব্র আক্রমণ অভিষেককে
গতকাল অর্থাৎ বৃহস্পতিবার রাতে রাজ্য পুলিশের একাংশ বর্তমানে শাসক দলের হয়ে কাজ করছে বলে অভিযোগ তুলে পুলিশকে কড়়া আক্রমণ করে অভিষেক বলেন, যারা ভাবছেন শুভেন্দু অধিকারীর অঙ্গুলিহেলনে কাজ করব, প্রত্যেকটা অফিসারকে সচেতন করে যাচ্ছি, যখন সরকার পাল্টাবে, তখন কেউ বাঁচাবে না। আইনের ঊর্ধ্বে কেউ নয়। আজ অভিষেকের সেই মন্তব্যের প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী বলেন, ওঁর মনে হয় সোডিয়াম পটাশিয়ামের সমস্যা হয়েছে। আমার মনে হয়েছে ওঁর যে টাকা তুলত, ওরা ১৫ বছর সরকারে ছিল তো, ওদেরও দু- চারটে লোক এখনও থেকে থাকতে পারে, যাঁরা ফেস টাইমে কথা বলে। আমার মনে হয়, ওর যে চ্যালাটা মাল তুলত, তাকে ডায়মন্ড হারবার পুলিশ পিসি-তে নিয়েছে, সে সব বলে দিয়েছে, সেটা সে জানতে পেরে গেছে। সোডিয়াম পটাশিয়ামের গন্ডগোল হয়েছে। নিউইয়র্কে যাক, আমরা এনওসি দিয়ে দেব। সেই সঙ্গে পরে বারুইপুরের জনসভা থেকে অভিষেকের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, অভিষেক, তুমি ভোটে দাঁড়ালেই হারাব। তুমি যত ভোটে জিতেছ, তার থেকে এক ভোট বেশি হলেও হারাব।
সিকিম-ভুটান সীমান্তে জলপ্রলয়
হিমবাহ হ্রদ ফেটে আকস্মিক জলপ্রলয়ে বিপর্যস্ত ভুটান। এর জেরে উত্তরবঙ্গের নদীগুলোতে বড় বিপদের আশঙ্কা তৈরি হলেও, প্রশাসনের তৎপরতায় আপাতত নিরাপদে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার। আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, পরিস্থিতির ওপর রাতভর কড়া নজর রাখা হয়েছে এবং উত্তরবঙ্গের সংকোশ নদী বর্তমানে বিপদসীমার নিচেই বইছে। নিখোঁজ সংক্রান্ত প্রাথমিক আশঙ্কাও কেটে গিয়েছে এবং সমস্ত নাগরিক নিরাপদে রয়েছেন।






