জঙ্গলমহলের সার্বিক উন্নয়নে ৩৪২ কোটি টাকা বরাদ্দ করলেন মুখ্যমন্ত্রী

৩৬৫ দিন। ঝাড়গ্রাম। ঝাড়গ্রামের কালাঝাড়িয়া গ্রাম থেকে জনজাতি গোষ্ঠীর জন্য বিশেষ খাদ্যের কিট সরবরাহ কর্মসূচির উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ঝাড়গ্রাম জেলার সার্বিক উন্নয়নে ৩৪২ কোটি টাকা বরাদ্দ করল রাজ্য সরকার। শুক্রবার ঝাড়গ্রামের মানিকপাড়ার লোধা-শবর অধ্যুষিত কালাঝাড়িয়া গ্রামে বিশেষ এই উন্নয়নমূলক কর্মসূচির উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, এই প্রথমবার রাজ্যের কোনও মুখ্যমন্ত্রী হিসেবে এই গ্রামে গিয়ে সরকারি কর্মসূচিতে যোগ দিলেন তিনি। জনজাতি ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনের মানোন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়ে একাধিক প্রকল্পের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘বিশেষ জনজাতিগোষ্ঠীর কাছে খাদ্যের কিট পৌঁছে দেওয়ার কথা ঘোষণা করেছিলাম বাজেটে। এই কর্মসূচির মধ্যে দিয়ে এই পরিবারগুলিকে বিশেষ খাদ্য পৌঁছে দেওয়া হবে। বায়োমেট্রিক পদ্ধতিতে এই খাদ্যকিট পরিবার গলির হাতে তুলে দেওয়া হবে, যাতে কেউ বঞ্চিত না হয়। এই খাদ্য গুলির মধ্যে পুষ্টিকর ও গুণগতমান যেন বজায় থাকে সেগুলি নিশ্চিত করা হয়েছে। রেশন এর বাইরে এই পুষ্টিকর খাদ্য অতিরিক্ত হিসেবে পাবেন জনজাতি গোষ্ঠীর মানুষেরা। এই কর্মসূচিতে ঝাড়গ্রাম জেলাতে ২৫ হাজার এবং পশ্চিম মেদিনীপুর জেলাতে ৪৫ হাজার জনজাতি পরিবার উপকৃত হবেন।’ পাশাপাশি মুখ্যমন্ত্রীর বক্তব্য, ‘বিগত মুখ্যমন্ত্রী গোটা পশ্চিমাঞ্চলে মাত্র ৬ কোটি টাকার কাজ করেছিলেন। আমি মাত্র ৬ মাসে ৫৯ লক্ষের টাকার কাজ পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তর থেকে পাস করিয়েছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখানে এসে ঝালমুড়ি খেয়ে সাধারণ মানুষের সঙ্গে মিশে গিয়েছেন। তার গ্যারান্টি সম্পূর্ণ করার দায়িত্ব আমার। ভিবি রামজি প্রকল্পে আপনারা ১২৫ দিনের কাজ গ্যারান্টি হিসেবে পাবেন। জঙ্গলমহলে আরো ৬৫ হাজার ১৪০ টা বাড়ি বানানো হবে। আগের সরকার ভুয়া আদিবাসী সার্টিফিকেট দিয়ে আপনাদের অধিকার কেড়ে নিয়েছে। আগামী ছয় মাসের মধ্যে ঝাড়গ্রাম এর আমুল বদল চাই। ভাষনে নয় কাজে বদল চাই।’
চলতি রাজ্য বাজেটেই জনজাতি গোষ্ঠীর হাতে বিশেষ খাবারের কিট তুলে দেওয়ার যে ঘোষণা করা হয়েছিল, এদিন কালাঝারিয়া থেকেই তার আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী। উপজাতি গোষ্ঠীর মানুষের জন্য এবার থেকে প্রতি সপ্তাহে বাড়ি বাড়ি এই পুষ্টিকর খাবার পৌঁছে দেওয়া হবে। রেশন ব্যবস্থার বাইরে সম্পূর্ণ অতিরিক্ত এই কিটে থাকবে চাল, ডাল, তেল ও সয়াবিন। পাশাপাশি, লোধা-শবরদের জন্য বিশেষ খাবারের প্যাকেট বরাদ্দের কথাও ঘোষণা করা হয়েছে। এছাড়া ঝাড়গ্রামের ২ লক্ষ ছাত্রছাত্রীকে ৮০০ টাকা করে এসটি (তফসিলি উপজাতি) বৃত্তি দেওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আদিবাসী মহিলা সমৃদ্ধি যোজনা চালুর পাশাপাশি ১২৫ দিনের কাজের গ্যারান্টি এবং নতুন জবকার্ড দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে। জেলায় বর্তমানে ২ লক্ষ ৭২ হাজার ৯০৩ জন অন্নপূর্ণা যোজনার সুবিধা পাচ্ছেন বলে জানান মুখ্যমন্ত্রী।

Scroll to Top