বাংলায় ককরোচ আন্দোলন ঠেকাতে স্পষ্ট অবস্থান শুভেন্দুর
৩৬৫ দিন। পূর্ব মেদিনীপুর। অশান্তি তৈরির জন্য দেশে থেকে দেশকে দুর্বল করার প্রচেষ্টা চলছে। দেশের মানুষ এগুলো মেনে নেবে না। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে আক্রমণ করার প্রচেষ্টা চালাচ্ছে। দিল্লির পাশাপাশি গোটা দেশ জুড়ে যেভাবে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতির বিরুদ্ধে লাগাতার আন্দোলনে নেমেছে ককরোচ জনতা পার্টি, তাকে এভাবেই দেশবিরোধী কার্যকলাপ বলে ব্যাখ্যা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পূর্ব মেদিনীপুরের একটি পুজো মণ্ডপ উদ্বোধনে গিয়ে তিনি স্পষ্টভাবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ককরোচ জনতা পার্টিতে মোকাবিলা করার জন্য নিজের অবস্থান স্পষ্ট করে জানিয়ে দেন, দেশকে আরও শক্ত হাতে মোকাবিলা করতে হবে। তবে আমরা এই রাজ্যে কোনভাবে এসব করতে দেব না।
প্রসঙ্গত দিন দুয়েক আগেও ককরোচ জনতা পার্টির বিরুদ্ধে দেশ বিরোধী কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগ তুলে শুভেন্দু অধিকারী বলেছিলেন, আপনারা সতর্ক থাকবেন। চারদিকে অনেক আরশোলা ছারপোকা ঘুরে বেড়াচ্ছে। ভারতবর্ষের ভিতর থেকে দেশকে দুর্বল করার চেষ্টা করছে। তারা আপনাদের ক্ষতি করতে পারে।আপনারা সতর্ক থাকবেন তাদের সঙ্গে রয়েছে দিমাগি নকশালরা। ওই দিমাগি নকশালরা স্লোগান দিচ্ছে, কাশ্মীর মাঙ্গে আজাদি। এই দিমাগী নকশালদের থেকেও আপনারা সতর্ক থাকবেন।
আজ শুক্রবার মহাষষ্ঠীর দিন পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ও খেজুরিতে একগুচ্ছ দুর্গাপুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের প্রায় সব কটি দুর্গাপুজোতেই মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন কয়েকদিন আগেই নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে বিজয়ী বিজেপি বিধায়িকা হাসি রানি রথ।






