ঝাড়গ্রাম জেলার সাঁকরাইলে চাষের জমিতে হস্তি শাবক এর জন্ম দিলো একটি মা হাতি এলাকায় চাঞ্চল

৩৬৫ দিন।অশোক কুমার মণ্ডল। ঝাড়গ্রাম। জেলার সাঁকরাইল ব্লকের হাঁড়িভাঙা এলাকায় প্রায় ৪৫টি হাতির একটি দলের গতিবিধি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। হাতির দলটিকে সুবর্ণরেখা নদী পার করানোর জন্য বনদপ্তর ও হুলা দলের সদস্যরা চেষ্টা চালালেও শেষ পর্যন্ত সফল হননি। এরই মধ্যে ওই হাতির দলের একটি মা হাতি সিজডিহা এলাকায় চাষের জমিতে শনিবার ভোররাতে একটি হস্তিশাবকের জন্ম দেয়। সদ্যোজাত শাবককে সঙ্গে নিয়ে জঙ্গলে ফেরার পথে মা হাতির মমতাময়ী দৃশ্য নজর কাড়ে স্থানীয়দের।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাতির দলটি হাঁড়িভাঙা এলাকা থেকে বেরিয়ে সুবর্ণরেখা নদী পার হওয়ার চেষ্টা করছিল। সেই সময় বনদপ্তর ও হুলা দলের সদস্যরা হাতির দলটিকে নদী পার করানোর উদ্যোগ নেন। তবে নানা চেষ্টার পরেও হাতির দলটিকে নদী পার করানো সম্ভব হয়নি। শেষ পর্যন্ত দলটি ফের হাঁড়িভাঙা জঙ্গলে ফিরে যায়।
অন্যদিকে, শনিবার ভোররাতে সিজডিহা এলাকায় চাষের জমিতে একটি হস্তিশাবকের জন্ম দেয় দলের একটি মা হাতি। এরপর সকালে সদ্যোজাত শাবককে সঙ্গে নিয়ে জঙ্গলের দিকে যাওয়ার সময় ধরা পড়ে মা হাতির মাতৃত্বের এক অনন্য ছবি। রাস্তা পার হওয়ার সময় শুঁড় দিয়ে ছোট্ট শাবকটিকে আগলে রেখে ধীরে ধীরে এগিয়ে যায় মা হাতিটি। মা ও শাবকের এই মমতাময়ী দৃশ্য ঘিরে এলাকায় কৌতূহল ছড়িয়ে পড়ে।
কলাইকুণ্ডা রেঞ্জের রেঞ্জ অফিসার প্রণয় সরকার জানিয়েছেন, প্রায় ৪৫টি হাতির দলটি গত চার দিন ধরে এই রেঞ্জ এলাকায় রয়েছে। একটি হস্তিশাবকের জন্ম হওয়ায় হাতির দলটি আরও কিছুদিন এই এলাকায় থাকতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেছেন।
হাতির দলটির গতিবিধির উপর নজর রাখছে বনদপ্তর। হাতির দলটি এলাকায় থাকায় স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

Scroll to Top