৩৬৫ দিন। আজ বিশ্বকর্মা পুজো, অ্যাম্বুলেন্স হবে না! প্রসব যন্ত্রনায় ছটফট করতে থাকা প্রসূতিকে ফিরিয়ে দিল সরকারি অ্যাম্বুলেন্স পরিষেবা। বাধ্য হয়ে গাড়ি ভাড়া করে স্বাস্থ্যকেন্দ্রে আসার পথে গাড়িতেই প্রসব মহিলার। গোটা ঘটনায় প্রশ্নের মুখে পড়েছে সরকারি বিনা মূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা। দুর্গাপুরের ত্রিলোকচন্দ্রপুরের বাসিন্দা আকাশ বাগদি। তাঁর স্ত্রী পূজা বাগদি অন্তঃসত্ত্বা। শুক্রবার ভোররাত থেকে তাঁর প্রসব যন্ত্রণা শুরু হয়। পরিবারের সদস্যরা পানাগড় স্বাস্থ্যকেন্দ্রের সরকারি অ্যাম্বুল্যান্স পরিষেবার জন্য যোগাযোগ করেন। অভিযোগ, সেখান থেকে ফোনে তাদের বলা হয় আজ বিশ্বকর্মা পুজো অ্যাম্বুলেন্স হবে না।
অনেক জোরাজুরির পর ফোনের ও প্রান্ত থেকে বলা হয় নিখরচায় অ্যাম্বুলেন্স পাওয়া যাবে না। অন্তত ১ হাজার টাকা না দিলে গাড়ি মিলবে না। শেষে ব্যক্তিগত উদ্যোগে গাড়ি ভাড়া করে পানাগড়ের উপ স্বাস্থ্যকেন্দ্রে আসার পথে গাড়িতেই প্রসব করেন পূজা। উপ স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছনোর পর ক্ষোভে ফেটে পড়েন প্রসূতির পরিবার। তাদের প্রশ্ন, হাসপাতালে পুজোর জন্য অ্যাম্বুলেন্স পাওয়া যাবে না এটা কল্পনাও করা যায় না। কেন টাকা দাবি করা হবে? গাড়ির মধ্যে প্রসব করার সময় যদি অঘটন কিছু ঘটতো তার দায়িত্ব কে নেবে? গোটা ঘটনা নিয়ে প্রসূতির পরিবার অভিযোগ জানিয়েছে বলে খবর। এ ব্যাপারে পানাগড় উপ স্বাস্থ্যকেন্দ্রের সাফাই বিশ্বকর্মা পুজোর জন্য অ্যাম্বুলেন্স ধুয়ে মুছে পরিষ্কার করে রাখা হয়েছিল তাই হয়তো কেউ বলে থাকবেন তবে টাকা চাওয়া ঠিক হয়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। জেলা স্বাস্থ্য দফতর জানাচ্ছে,সরকারি অ্যাম্বুলেন্স পরিষেবা ২৪ ঘন্টা দিতে হবে। কোনো টাকা নেওয়া যাবে না। এটা সরকারি নিয়ম। তারপরেও কেউ পরিষেবা না দিলে বা টাকা চাইলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে ঠিক কী ঘটনা ঘটেছিল তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনা সত্য হলে কঠোর পদক্ষেপ করা হবে।




