৩৬৫ দিন। বাংলাদেশ থেকে আসা মুসলিম অনুপ্রবেশকারী ও হিন্দু শরণার্থীদের প্রসঙ্গে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার কোচবিহারে রাস মেলার উদ্বোধনের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন, এই জেলা থেকে অবৈধ মুসলিম অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে বের করে যে পথে তাঁরা এসেছেন, সে পথেই তাদের তাড়াতে হবে। অন্যদিকে, ‘প্রাণ ও ধর্ম বাঁচাতে’ আসা হিন্দুদের অনুপ্রবেশকারী নয়, বরং ‘শরণার্থী’ হিসেবে চিহ্নিত করে আশ্রয় দেওয়ার কথাও স্পষ্ট করেছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন,’এই জেলাতে বাংলাদেশ থেকে অবৈধ মুসলিম অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে বের করতে হবে। যে রাস্তা দিয়ে এসেছে, ওই রাস্তা দিয়ে বের করে তাদের তাড়াতে হবে। আর যারা ধর্ম বাঁচানোর জন্য, প্রাণ বাঁচানোর জন্য এসেছেন, হিন্দুরা, তারা অনুপ্রবেশকারী নন, তারা শরণার্থী, তাদেরকে আশ্রয় দিতে হবে।’
সীমান্ত সুরক্ষা ও মহিলা সুরক্ষা
সীমান্ত সুরক্ষা নিয়ে মুখ্যমন্ত্রীর দাবি, বিএসএফ-এর সঙ্গে আরও নিবিড় সম্পর্ক গড়ে তুলতে হবে। তিনি বলেন, ‘জমি দেওয়া হয়ে গিয়েছে এবং যেটুকু বেড়া বাকি ছিল, সেই ফেন্সিং সম্পূর্ণ হবে। সীমান্ত এলাকায় অবৈধ মাদ্রাসা থেকে শুরু করে গাঁজা চাষ, জাল নোট, ফেনসিডিল ও মাদক পাচার, সব বন্ধ করতে হবে। সব কড়া হাতে সামলানো হচ্ছে।’ এদিন মহিলাদের সুরক্ষা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ‘কোনও দিদি, বোন বা কন্যার দিকে কেউ আঙুল তুললে সেই আঙুল ভেঙে দিতে হবে। আমাদের রাজ্যে মহিলা সুরক্ষাই প্রধান বিবেচ্য বিষয়।’
গোমাতা সুরক্ষা ও ক্যাটেল অ্যাক্ট এদিন গোমাতা রক্ষা প্রসঙ্গে কড়া বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী পুলিশকে স্পষ্ট ভাষায় নির্দেশ দেন, ‘১৯৫০ সালের ‘ক্যাটেল অ্যাক্ট’ মেনে চলতে হবে এবং গোমাতার ওপর যেন কোনওভাবেই হাত না ওঠে।’
মঠ ও মন্দিরের সংস্কার
২৯টি মন্দির-সহ রামকৃষ্ণ মঠ ও মিশন, ইসকন, গৌড়ীয় মঠ, রাজবংশী সমাজের আস্থার জায়গা এবং মতুয়া সমাজের হরিচাঁদ ঠাকুর ও গুরুচাঁদ ঠাকুরের আস্থার জায়গাগুলিকে নতুন করে গুরুত্বপূর্ণ স্থান হিসেবে সাজিয়ে তোলার কথা জানান মুখ্যমন্ত্রী। পাশাপাশি মঞ্চে উপস্থিত বিধায়কদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন, যোগ্য মহিলারা যেন অন্নপূর্ণা যোজনা কিংবা প্রধানমন্ত্রী আবাস যোজনায় তাদের নাম ওঠে সেদিকে নজর রাখতে হবে।
কোচবিহারের উন্নয়ন: বিমানবন্দর থেকে হাসপাতাল ও শিক্ষা
কোচবিহারকে নগরায়নের মধ্য দিয়ে মহানগরে রূপান্তরিত করার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। উড়ান প্রকল্পে কোচবিহার বিমানবন্দরের কাজ সম্পূর্ণ করার জন্য চুক্তিবদ্ধ হওয়ার কথা মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘শুধু বিমানবন্দর নয়, কোচবিহারবাসীকে আধুনিক, পূর্ণাঙ্গ, সম্পূর্ণ ও সব সুবিধাযুক্ত স্বাস্থ্য পরিষেবার পরিকাঠামো দেওয়া হবে। এই লক্ষ্যে জমি সংগ্রহের কাজ শুরু হয়েছে।’
সংস্কৃতি, আস্থার জায়গা ও জনকল্যাণমূলক প্রকল্প
এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘রাজবংশী থেকে নমঃশূদ্র, কোচবিহারের মূলবাসী ও সমস্ত রাষ্ট্রবাদীদের সুরক্ষা দিতে হবে। তাদের ভাষা, সামাজিক ন্যায়, রাজনৈতিক মর্যাদা ও অধিকার রক্ষায় আমরা অঙ্গীকারবদ্ধ।’ পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ‘বেকার যুবকদের ঘরে ফিরিয়ে এনে হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ, বাড়িতে সোলার আলো, মায়েদের অন্নপূর্ণা বা প্রধানমন্ত্রী আবাস যোজনা এবং কৃষকদের ফসলের ন্যায্য মূল্য দেওয়া হবে।’





