প্রসঙ্গ এস আই আর রাজ্যের জবাব তলব সুপ্রিম কোর্টের

৩৬৫ দিন। নয়াদিল্লি। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর প্রক্রিয়ায় পশ্চিমবঙ্গের যে সমস্ত ভোটারদের নাম বাদ পড়েছে তাদের আপিলের নিষ্পত্তি হওয়ার আগেই সরকারি পরিষেবা থেকে বঞ্চিত করা হচ্ছে কেন? আইনজীবী প্রশান্ত ভূষণের দায়ের করা অভিযোগের প্রেক্ষিতে পশ্চিমবঙ্গ সরকারের কাছে এই প্রশ্নের জবাব করল দেশের সর্বোচ্চ আদালত। পাশাপাশি পশ্চিমবঙ্গে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় যে সমস্ত ভোটারের নাম বাদ পড়েছিল এবং তারা নিজেদের নাম পুনরায় ভোটার তালিকায় তোলার জন্য সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেছেন, সেই সমস্ত আবেদনের শুনানি করতে হবে অগ্রাধিকারের ভিত্তিতে বলে আজ জাতীয় নির্বাচন কমিশনকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।
পশ্চিমবঙ্গে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর প্রক্রিয়ায় বেশ কয়েক লক্ষ বৈধ ভোটারের নাম বাদ গিয়েছে বলে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে দায়ের হয়েছে একাধিক মামলা। আজ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বিশেষ ডিভিশন বেঞ্চের সেই মামলার শুনানি শুরু হয়। সেখানে আইনজীবী প্রশান্ত ভূষণ অভিযোগ করেন, যাদের নাম ভুল করে বাদ গিয়েছিল, তাদের মধ্যে ৯৩ শতাংশের নাম ফের অন্তর্ভুক্ত হয়েছে। ফলে এই সংখ্যা বিরাট। এখনও ২২ লক্ষের বিচার বাকি রয়েছে। এরা গত নির্বাচনে ভোট দিতে পারেননি। এদের ভোট দেওয়ার সুযোগ দেওয়া হোক। পাশাপাশি তিনি অভিযোগ করেন যে সমস্ত বৈধ ভোটারের নাম বাদ গিয়েছে তাদের আপিলের নিষ্পত্তি এখনো না হলেও বিভিন্ন সরকারি পরিষেবা থেকে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার তাদের বঞ্চিত করছে।
এই অভিযোগের প্রেক্ষিতে রাজ্য সরকারের কাছে জবাব চাওয়ার পাশাপাশি সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, ভোটার তালিকা থেকে যাঁদের নাম বাদ পড়েছে, তাঁদের আপিল আগে শুনতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। আর ভোটার তালিকায় অন্য ব্যক্তিদের নাম অন্তর্ভুক্তির বিরুদ্ধে আপত্তি জানিয়ে যে আপিল জমা পড়েছে, তার ক্ষেত্রে এখনই কোনও জরুরি পদক্ষেপের প্রয়োজন নেই। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির সুপারিশ ও পরামর্শ অনুযায়ী অ্যাপেলেট ট্রাইব্যুনালের সংখ্যা বাড়াতে হবে বলে নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। এছাড়া, ট্রাইবুনালগুলিকে বলা হয়েছে যে আপিলগুলি দুটি পৃথক ভাগে ভাগ করতে হবে। দ্রুত আপিলের নিষ্পত্তির স্বার্থে বিভিন্ন এলাকায় ট্রাইবুনালের জন্য উপযুক্ত পরিকাঠামো ও স্থান চিহ্নিত করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। কলকাতা পুরসভা এলাকাকে অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে। এক মাসের মধ্যে যাবতীয় প্রক্রিয়া কমিশনকে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।

Scroll to Top