ভৈরবের নাম কেন ‘ব্রেক আপ বাবা’! আপত্তি জানিয়ে পুজোর নাম বদলের দাবি জানাল বজরং দল

৩৬৫ দিন। ভৈরবের নাম কেন ‘ব্রেক আপ বাবা’! আপত্তি জানিয়ে এবার পুজোর নাম বদলের দাবি জানাল বজরং দল। বহরমপুরের নানা প্রান্তে বছরের এই সময় ভৈরব পুজোর চল আছে। স্থান ভেদে ভৈরবকে এই অঞ্চলে নানা নামে ডাকা হয়। তার মধ্যে অন্যতম ‘ব্রেক আপ বাবা’। কোথাও আবার ভৈরব পুজোর নাম রাখা হয় ‘বস বাবা’, ‘গালি বাবা’ ,‘ইমার্জেন্সি বাবা’, ‘লরি বাবা’, ‘টোটো বাবা’ ও ‘মোবাইল বাবা।’ আর তাকে ঘিরেই দানা বেঁধেছে ঘোর বিতর্ক। ভৈরব পুজোর নাম নিয়ে এবার আপত্তি জানাল বজরং দল। আগামিদিনে নাম পরিবর্তনের দাবিও জানানো হয়েছে। বজরং দলের স্পষ্ট হুঁশিয়ারী ভৈরবকে যে কোনও নামে ডাকা যাবে না।‌ তাদের বক্তব্যে, ভৈরবকে যে যা পাচ্ছে নাম দিচ্ছে সেই নাম ব্যবহার করে প্রচার চলছে এটা ঠিক নয় এতে ভৈরবের অবমাননা হচ্ছে।
ভৈরবকে জটা বাবা, পাকুর বাবা,নিম বাবা বা অন্য কোনো নামে পুজো করা যেতেই পারে কিন্তু ভৈরবকে কেউ বলছে সাইলেন্সর বাবা কেউ বলছে লরি বাবা, এ সব কী! এর বিরুদ্ধে তারা প্রশাসনের কাছে আপত্তি জানাবে বলেও বজরং দলের তরফে জানানো হয়েছে। যদিও ভৈরব পুজোর উদ্যোক্তারা বলছেন, বহরমপুরে ভৈরব পুজোর প্রথা বহুদিনের আর ভৈরব নানা জায়গায় নানা ভাবে যে পরিচিতি পেয়েছে তার সঙ্গে স্থানীয় ঘটনা লোকাচার যুক্ত রয়েছে এর সঙ্গে ভৈরবের অবমাননার কোনও যোগ নেই। তারা পাল্টা বলছেন, অনেক সাধু সন্ন্যাসীও তো নানা রকম নাম ব্যবহার করেন যেগুলি শুনে আপেক্ষিক ভাবে মজাদার বলে মনে হয় তাহলে তারা কী সাধু কূলের অবমাননা করছেন! মজাদার নাম আদতে সমাজের অনেক বেশী মানুষকে পুজোর সঙ্গে যুক্ত করে। অযথা এই নিয়ে বিতর্ক তৈরী করা ঠিক নয়। যদিও বজরং দল বলছে, সব পুজোর একটি নিয়ম আছে। এমন কোনও নাম ব্যবহার করা যাবে না যা সমাজে শান্তি বিঘ্নিত করে‌।

Scroll to Top