খগেন মুর্মুর ওপর হামলার ফাইল খুলুন: মুখ্যমন্ত্রী

৩৬৫ দিন। কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন সিপিএমের ৩৪ বছরের শাসন কালে নন্দীগ্রাম সহ বিভিন্ন জায়গায় গণহত্যার ঘটনায় নতুন করে তদন্তের ফাইল খোলা হবে। ইতিমধ্যেই পূর্বতন তৃণমূল সরকারের আমলে যে সমস্ত ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ উঠেছিল সেই সমস্ত মামলায় তদন্তের ফাইল নতুন করে খোলার পাশাপাশি বিভিন্ন মামলায় তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে সিআইডিকে। এবারে তৃণমূল সরকারের আমলে উত্তরবঙ্গের বিজেপি সাংসদ খগেন মুর্মুর ওপরে হামলার ঘটনায় নতুন করে তদন্তের ফাইল খোলার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।আজ আলিপুরদুয়ারে জনজাতীয় গৌরব দিবসের মঞ্চ থেকে বিজেপি সাংসদ খগেন মুর্মুর উপর হামলার পুরনো ফাইল নতুন করে খোলার ঘোষণা করেন তিনি। আজ অনুষ্ঠান মঞ্চে উপস্থিত আইজি উত্তরবঙ্গ সুকেশ জৈনকে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী স্পষ্ট নির্দেশ দেন, অভিযুক্ত কাউকেই ছাড় দেওয়া যাবে না এবং সমস্ত অপরাধীকে অবিলম্বে গ্রেফতা করতে হবে।
আদিবাসীদের প্রতি বঞ্চনার অভিযোগ
বিগত তৃণমূল সরকারের আমলে রাজ্যের আদিবাসী জনজাতির মানুষকে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চনা করা হয়েছে বলে অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী। জনজাতি গৌরব দিবসে আলিপুরদুয়ারের কুমারগ্রামে আয়োজিত অনুষ্ঠানে ধামসা মাদলের সুরে আদিবাসীদের সঙ্গে গানের তালে নাচতেও দেখা যায় তাঁকে। তাঁর সঙ্গে ছিলেন বিজেপি সাংসদ খগেন মুর্মু, রাজ্যের মন্ত্রী নিশীথ প্রামাণিকও। আজকের জনসভা থেকে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, আদিবাসীদের প্রতি বঞ্চনা হয়েছে। সরকারি প্রকল্পের সুবিধা পাননি। রাজ্যে পরিবর্তন না হলে সরকারি প্রকল্প থেকে এখনও আদিবাসীরা বঞ্চিত হতেন। বর্তমানে আদিবাসীদের জন্য একগুচ্ছ প্রকল্প ঘোষণা করা হয়েছে। আদিবাসীদের জন্য অনেক কাজ হয়েছে। সরকারি প্রকল্প থেকে আর বঞ্চিত হবেন না তাঁরা। আদিবাসীদের জন্য একগুচ্ছ প্রকল্পের কথা ঘোষণা করে তাঁদের পাশে থাকার বার্তা দেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, সব ভুয়ো এসটি সার্টিফিকেট বাতিল করা হবে। যোগ্যরাই শুধু আবাসের সুবিধা পাবেন। প্রতিশ্রুতি দিয়েও আগের সরকার প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি। এবার আর তা হবে না। জঙ্গলে জমির পাট্টা দেওয়ার কাজ করেছে নতুন সরকার।
আবাসিক ছাত্রীদের খাবারের বরাদ্দ বৃদ্ধি
আলিপুরদুয়ারের লোকনাথপুর আশ্রমের গার্লস হস্টেল পরিদর্শনে গিয়ে আবাসিক ছাত্রীদের খাবারের বরাদ্দ বাবদ অনুদান দেড় হাজার টাকা বৃদ্ধির কথা জানান তিনি। একইসঙ্গে, সরকারি বরাদ্দের অর্থ যাতে সঠিকভাবে ব্যয় হয়, সে বিষয়ে হস্টেল কর্তৃপক্ষকে সতর্ক করার পাশাপাশি পড়ুয়া ও অভিভাবকদের সচেতন থাকার জন্য অনুরোধ করেন তিনি। উত্তরবঙ্গ সফরের একাধিক কর্মসূচির অঙ্গ হিসেবে লোকনাথপুর আশ্রমের ওই আদিবাসী গার্লস হস্টেলে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে আবাসিক পড়ুয়াদের সঙ্গে কথা বলে তাদের খোঁজখবর নেন তিনি। পড়ুয়াদের পুষ্টিকর খাবারের বিষয়টিতে বিশেষ গুরুত্ব দিয়ে খাবার বাবদ সরকারি অনুদান ১৫০০ টাকা বাড়ানোর ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। ছাত্রীদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হওয়ার পাঠ দিয়ে মুখ্যমন্ত্রী পড়ুয়াদের উদ্দেশ্যে বলেন, তোমরাই হলে আমাদের ভবিষ্যৎ। তোমরাও তোমাদের প্রত্যেকের অধিকার বুঝে নেবে। সরকার তোমাদের জন্য যে অর্থ বরাদ্দ করেছে, তা যেন সঠিকভাবে পাও, সেটা তোমরাও দেখে নেবে। তোমাদের অভিভাবকদেরও বলবে, আমি যে কথাটা বলে গেলাম। কোথাও যদি কোনো ত্রুটি-বিচ্যুতি হয়, তোমাদের পুষ্টিকর খাদ্য বা খাবারদাবারে কোনো অবহেলা হয়, তাহলে সরকারের যে অভিযোগ পোর্টাল রয়েছে, সেখানে অভিভাবকদের অভিযোগ জানাতে বলবে।
স্কুল হোস্টেলে দেওয়া হবে হারমোনিয়াম
মুখ্যমন্ত্রী আজ ঘোষণা করেন, পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক চর্চায় উৎসাহ দিতে প্রতিটি হস্টেলে হারমোনিয়াম-সহ বিভিন্ন বাদ্যযন্ত্র দেওয়া হবে। গোটা রাজ্যের ৩২৪ আবাসিক হোস্টেলের ছাত্র-ছাত্রীদের সঙ্গীত ও বাদ্যযন্ত্রচর্চার জন্য রাজ্য সরকার এই প্রকল্প হাতে নিয়েছে বলে জানান তিনি।

Scroll to Top