৩৬৫ দিন। রোহন রায় চৌধুরী। বাংলাদেশের মাটিতে দশম বার সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের ইতিহাস তৈরি করেছে ভারত। মঙ্গলবার রাতে এবারের অন্যতম ফেভারিট দল পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের মাটি থেকে আরও একবার দক্ষিণ এশিয়ার সেরা হয়েছে ব্লু টাইগার বাহিনী। পাকিস্তান গোল করে এগিয়ে গেলেও সেকেন্ড হাফ শুরু থেকেই চেপে ধরে ভারত। গোল শোধ করে দেন ভারতের সুহেল ভাট। দ্বিতীয় গোলটা ইস্টবেঙ্গলের সন্দ্বীপের। এবারের টুর্নামেন্টে মোট চারটি গোল করেছেন সুহেল। সর্বোচ্চ গোল করার কারণে পেয়েছেন গোল্ডেন বুট, হয়েছেন টুর্নামেন্টের সেরা। প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জোড়া গোল দিয়ে শুরু করেছিলেন। মাঝে মালদ্বীপের বিপক্ষেও গোল করেছিলেন। আর ফাইনালে আবার একটা গোল পেয়েছেন সেই পাকিস্তানের বিপক্ষে। কাশ্মীরের মাটি থেকে বেড়ে ওঠা ভারতের এই তরুণ ফরওয়ার্ড সুহেল আহমদ ভাট গত তিন বছর ধরে আছেন মোহনবাগানে। মোহনবাগানের হয়েও ভারত সেরা হয়েছেন। কলকাতা লিগের বেশ কিছু ম্যাচে গোল পেয়েছেন। কিন্তু ইন্ডিয়ান সুপার লিগে নিয়মিত সুযোগ পাওয়া হয় না তার।
অন্যতম কারণ মোহনবাগানের হাতে রয়েছে তারকা বিদেশি ফরওয়ার্ড। জেমি অথবা আরউইনদের মতো স্ট্রাইকারদের সরিয়ে তার প্রথম দলে সুযোগ পাওয়া সহজ নয়। তবে নতুন কোচ বাগানের
পানোস সুহেলকে সুযোগ দেবেন এমনটাই আশা করছেন কাশ্মীরের তরুণ স্ট্রাইকার। পাকিস্তানকে হারিয়ে ঢাকার ন্যাশনাল স্টেডিয়ামে ভারতের পতাকা গায়ের চাপিয়ে তিনি জানিয়েছেন, ফাইনালে নামার আগে সুনীল ছেত্রীর ফোন পেয়েছিলেন। ভারতের প্রাক্তন ফুটবল সুপারস্টার তাকে বলেন, নিজেকে উজাড় করে দিও এবং কাপ নিয়ে ফেরো। সুনীলের এই কথার মান রেখেছেন সুহেল। এবার মোহনবাগানেও নিয়মিত সুযোগ পেতে চান তিনি। জানেন বিদেশি স্ট্রাইকারদের ভিড়ে তার পক্ষে এই কাজটা সহজ নয়। তবুও প্রতিটা অনুশীলনে নিজেকে তৈরি রাখেন সুযোগ পেলেই যাতে প্রমাণ করতে পারেন নিজের যোগ্যতা। কাশ্মীরের মতো অশান্ত জায়গা থেকে তার উঠে আসাটা সহজ ছিল না। অনেক কষ্ট করে লড়াই করে আজ দেশের অন্যতম বড় ক্লাবে জায়গা পেয়েছেন। জাতীয় দলে ভরসা দিচ্ছেন। বাংলাদেশের মিডিয়ায় তাকে নিয়ে বড় হেডলাইন হয়েছে। সুহেল ভাট এসব দেখে খুশি। তার এখন দুটো টার্গেট। প্রথমটা মোহনবাগানের হয়ে নিয়মিত সুযোগ পাওয়া এবং দ্বিতীয়টা ভারতের সিনিয়র দলে জায়গা করে নেওয়া। সবচেয়ে বড় সার্টিফিকেট তাকে দিয়েছেন সুনীল ছেত্রী। তিনি বলেছেন আগামী দিনে সুহেল এবং ডেভিড তার ফেলে যাওয়া জায়গাটা নেওয়ার যোগ্যতা রাখে। দুজনেই গোলটা করতে পারে এবং ম্যাচের রং বদলাতে জানে। ভারতের সর্বকালের সর্বোচ্চ গোল করা তারকার এমন প্রশংসা সুহেলের মতো তরুণ খেলোয়াড়দের কাছে আত্মবিশ্বাস বাড়ানোর পক্ষে যথেষ্ট। এটাই তার এক নম্বর মোটিভেশন এবং নিজের লক্ষ্য ঠিক রাখার মন্ত্র হতে পারে।
সাফে গোল্ডেন বুট, টুর্নামেন্টের সেরা!
মোহনবাগানে এবার নিয়মিত হতে চান সুহেল
- khabar365din
- November 18, 2026
- 3:04 pm
- No Comments





