গ্রেফতার তৃণমূল বিধায়ক পরেশরাম

৩৬৫ দিন। ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাস মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে দাঁড়ানোর পরেই তাকে গ্রেফতার করা হয়, তৃণমূলের তরফে এই অভিযোগ আগেই করা হয়েছিল। মঙ্গলবার তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় পরেশ রাম দাসের গ্রেফতারির সমালোচনা করে জানালেন, বাংলায় জঙ্গল রাজ্য চলছে। অন্যদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধায়কের গ্রেফতারি প্রসঙ্গে বলেছেন, পরেশ রাম দাস বড় মাফিয়া।
সোমবার সন্ধ্যায় কলকাতা বিমানবন্দর থেকে মুম্বাই যাওয়ার পথে গ্রেফতার করা হয় ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাসকে। বিধায়কের বিরুদ্ধে ২০২৩ সালে একাধিক ধারায় মামলা করা হয়। এই প্রসঙ্গে এদিন অভিষেক জানান, ‘রাজনৈতিক প্রতিহিংসা চরম পর্যায়ে পৌঁছেছে। ঘটনার অভিযোগ ২০২৩ সালের। অভিযোগ দায়ের করা হয়েছে ২০২৬ সালে। আর বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকার বার্তা দেওয়ার পরপরই গ্রেফতার করা হয়।
মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সমর্থন জানানো তৃণমূল বিধায়কদের বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় জড়ানো হচ্ছে। মামলার সময়কাল এবং বেছে বেছে রাজনৈতিকভাবে নিশানা করার এই গুরুতর প্রশ্নগুলির জবাব বিজেপিকে দিতে হবে। বাংলায় জঙ্গলরাজ অব্যাহত।’ অন্যদিকে এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘পরেশ রাম দাস একটা মাফিয়া, বড় গুন্ডা। সেচ দফতরের জায়গা দখল করে বৃদ্ধাবাস, এনজিও তৈরি করেছেন। উনি দোষী বলেই পালাচ্ছিলেন। লুক আউট নোটিশ দেওয়া ছিল, তাই এয়ারপোর্ট থানা ধরেছে। ও মুম্বাই থেকে দুবাই পালিয়ে যেত।’
প্রসঙ্গ অভিষেকের জন্মদিনের বচসা
জন্মদিনের দিন কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তৃণমূল ও বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে বচসায় ইতিমধ্যেই বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। এরই মধ্যে মঙ্গলবার তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ফের একবার অভিযোগ করেছেন, বেছে বেছে তৃণমূল সমর্থকদের গ্রেপ্তার করেছে পুলিশ। যে বিজেপি সমর্থক পুলিশের গায়ে হাত তুলেছিল, তাকে এখনো গ্রেফতার করা হয়নি। এদিন অভিষেক অভিযোগ করেন, ‘কলকাতা পুলিশ এখনও পর্যন্ত কেন সেই দুষ্কৃতীকে গ্রেফতার করতে পারছে না, যার বিরুদ্ধে সাদা পোশাকে থাকা কলকাতা পুলিশেরই এক আধিকারিককে চড় মারার অভিযোগ উঠেছে?
তার নাম রতিকান্ত বেহুরিয়া।
কে তাকে আড়াল করছে? কী এমন ক্ষমতা রয়েছে তার, যার জোরে সে আইনের ঊর্ধ্বে থেকে যাচ্ছে? কেন সে এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে?
আর কোথায় গেল বহুল প্রচারিত সেই ‘এনকাউন্টার মডেল’? পুলিশের কোনও আধিকারিক শারীরিকভাবে আক্রান্ত হলে কি সেই মডেল কার্যকর হওয়ার কথা না? নাকি রাজনৈতিক যোগাযোগের ভিত্তিতে আচমকাই আইনের নিয়ম বদলে যায়? আইন কি নিজের পথে চলছে, নাকি রাজনৈতিক মদতে অভিযুক্তকে আড়াল করা হচ্ছে? কলকাতা পুলিশের কাছে সাধারণ মানুষের এই প্রশ্নগুলির উত্তর পাওয়ার অধিকার রয়েছে। এই নজিরবিহীন নীরবতার জন্য কলকাতা পুলিশের লজ্জিত হওয়া উচিত।’

Scroll to Top