দ্বিতীয় সন্তানকে গলা টিপে খুন
খুনি মাকে ধরিয়ে দিল প্রথম পক্ষের ছেলে

৩৬৫ দিন। প্রথম পক্ষের স্বামীর কাছে ফেরার পথে কাঁটা হয়ে দাঁড়িয়েছিল দ্বিতীয় পক্ষের ২ বছরের শিশু পুত্র। পথের কাঁটা সরাতে শিশু পুত্রকে গলা টিপে খুন করার অভিযোগ উঠল মায়ের বিরুদ্ধে। সোমবার রাতে ভয়ঙ্কর এই ঘটনা ঘটে মথুরাপুরের দুর্গাপুরে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে অভিযুক্ত মহিলার নাম কেতকী হালদার। কেতকী কয়েক বছর আগে রমেশ হালদারের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। কেতকী ও রমেশ দুজনেই সেই সময় বিবাহিত ছিলেন। দুজনের-ই সন্তান ছিল। কেতকীর প্রণয়ের কথা জানতে পেরে তার প্রথম পক্ষের স্বামী তাকে ডিভোর্স নিতে বলে। এই নিয়ে সেই সময় দুজনের মধ্যে বচসা হয় শেষ পর্যন্ত ছেলেকে নিয়ে রমেশের কাছে চলে আসে কেতকী। এদিকে রমেশ-ও তার প্রথম পক্ষের স্ত্রী সন্তানকে ছেড়ে কেতকী ও তার প্রথম পক্ষের ছেলেকে নিয়ে থাকতে শুরু হয়। বছর খানেক পর তাদের আরো এক পুত্র সন্তান হয়‌। সব ঠিকঠাক-ই চলছিল কিন্তু কয়েক মাস আগে কেতকীর সঙ্গে তার প্রথম পক্ষের স্বামীর ফের ঘনিষ্ঠতা বাড়তে থাকে। সে কেতকী ও তাদের ১২ বছরের ছেলেকে ফিরে আসার জন্য চাপ দিতে থাকে। পুলিশের অনুমান, তার এই ফিরে আসার সব চেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় তার দ্বিতীয় পক্ষের শিশু পুত্র। তাই তাকেই সরিয়ে দেয় সে। পুলিশ বলছে, দ্বিতীয় পক্ষের ছেলে রক্তিমকে কেতকী যখন সোমবার রাতে গলা টিপে খুন করছিল তখন তা দেখে ফেলে তার প্রথম পক্ষের ছেলে। কেতকীর পরিকল্পনা ছিল, ছোট ছেলেকে খুন করে দেহ সে বাড়ির পাশে পুকুরে ফেলে দেবে। বাড়িতে বলবে, ছেলে নিখোঁজ হয়ে গেছে। পরে পুকুর থেকে দেহ উদ্ধার হলে সবাই ভাববে কোনও ভাবে পুকুরে পড়ে গিয়ে শিশুটি মারা গিয়েছে। কিন্তু বড় ছেলে গোটা ঘটনা দেখে ফেলায় সব ভেস্তে দেয়। নানা রকম প্রলোভন দিয়ে প্রথম পক্ষের ছেলেকে মুখ বন্ধ রাখতে বলে কেতকী। কিন্তু চোখের সামনে সৎ ভাইকে মা খুন করছে দেখে আতঙ্কে আর চুপ করে থাকতে পারেনি সে। বাড়ির সকলকে গোটা ঘটনা বলে দেয় ওই নাবালক। ঘটনার কথা জেনে হতবাক হয়ে যায় গোটা পরিবার। রমেশের অভিযোগের ভিত্তিতে পুলিশ কেতকীকে গ্রেফতার করে। তার প্রথম স্বামীর-ও খোঁজ চলছে বলে পুলিশ সূত্রে খবর।

Scroll to Top