আইএসএলের দর্শক সংখ্যা রেকর্ড ছুঁল!
ইউটিউবে বিশাল ভিউ

৩৬৫ দিন। ২০১৪ সালে যখন প্রথম বার আত্মপ্রকাশ ঘটেছিল ইন্ডিয়ান সুপার লিগের তখন বোঝা যায়নি এই লিগটা একসময় দেশের এক নম্বর ফুটবল টুর্নামেন্ট হয়ে যাবে। কিন্তু যত দিন গেছে ইন্ডিয়ান সুপার লিগ মানুষের মধ্যে জনপ্রিয় হয়েছে এবং কালক্রমে দেশের এক নম্বর ফুটবল লিগ হিসেবে পরিচিতি পেয়েছে। বিশেষ করে মোহনবাগান এবং তারপর ইস্টবেঙ্গল যোগ দেওয়ার পর এই লিগের মাত্রা অন্যরকম হয়েছে। গত বছর কোনওমতে তেরোটা ম্যাচের লিগ হলেও এ বছর সম্পূর্ণ লিগ হচ্ছে।
ভারতীয় খেলাধুলার এতদিন পর্যন্ত ভিউয়ারশিপ বা টিভি রেটিংয়ের দাপট ছিল ক্রিকেটের। তবে এবার সেই ছবিটা কিছুটা হলেও বদলাচ্ছে। ক্রিকেটের ধারেকাছে না হলেও আইএসএল-এর চলতি মরশুম ভিউয়ারশিপে উন্নতি করেছে। পঞ্চম সপ্তাহে জানা গেল—ডিজিটাল প্ল্যাটফর্মে ভারতীয় ফুটবলপ্রেমীদের আগ্রহ অতীতের সমস্ত হিসাব-নিকাশ বদলে দিয়েছে। লিগের প্রথম সপ্তাহের মাত্র পাঁচটি ম্যাচেই ইউটিউবে ভিউ এসেছিল ৬৫ মিলিয়ন বা সাড়ে ছয় কোটি। একই সঙ্গে ম্যাচের রিচ এসেছিল প্রায় ৫ কোটি ২০ লাখ। ডিজিটালি এই সাফল্যের পর ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন বলিউড অভিনেতা তথা নর্থইস্ট ইউনাইটেড এফসি-র সহ-কর্ণধার জন আব্রাহাম।সংবাদসংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে জন আব্রাহাম বলেন, ‘আমি মরশুমের শুরু থেকেই প্রতিটি ম্যাচ দেখছি এবং ব্যক্তিগতভাবে আমি দারুণ রোমাঞ্চিত। ইউটিউবে যেভাবে ভিউয়ারশিপের রেকর্ড ভেঙে গুঁড়িয়ে যাচ্ছে, তা একটা বিষয় নিঃসংশয়ে প্রমাণ করে—ভারত এখন ফুটবলের জন্য পুরোপুরি তৈরি। আমরা প্রত্যেকে ভারতীয় ফুটবলের উত্থানকে বরণ করতে প্রস্তুত।’ তবে অনলাইনে ভিউয়ারশিপ থাকলেও স্টেডিয়ামে সেটা দেখা যাচ্ছে না। অধিকাংশ সমর্থকই ইউটিউবে বিনামূল্যে আইএসএল – র ম্যাচ দেখার দিকে বেশি নজর দিচ্ছেন। তবে জন আব্রাহাম আশাবাদী স্টেডিয়াম ভরা নিয়ে। জানান, স্টেডিয়ামের প্রতিটি স্ট্যান্ড, দর্শকআসন দ্রুত উপচে পড়বে।

Scroll to Top