আয়ুষ্মানকে অডিও পাঠিয়ে লাইফ থ্রেট

৩৬৫ দিন। একের পর এক বলিউড তারকাকে হুমকির অভিযোগ। টাইগার শ্রফের উপর হামলার পরে তালিকায় নাম উঠে এসেছে তুষার কাপুর
থেকে আয়ুষ্মান খুরানার। গত ৪ নভেম্বর প্রথম একটি অডিয়ো ক্লিপের মাধ্যমে খুনের হুমকি দেওয়া হয়েছিল অভিনেতাকে। যে ঘটনায় বেঙ্গালুরুর এক আইটি কর্মীকে গ্রেপ্তারও করেছে মুম্বই পুলিশ। দিনকয়েকের মধ্যেই ফের একটি অডিয়োবার্তা আসে আয়ুষ্মানের কাছে। বিষ্ণোই গ্যাংয়ের সদস্য হিসাবে পরিচয় দেওয়া ওই অডিয়োয় সরাসরি অভিনেতার উদ্দেশে প্রশ্ন ছোড়া হয়েছে ‘ওরা আর কতদিন আপনাকে বাঁচাবে?’ সূত্রের খবর, ওই অডিয়োয় বলা হয়েছে, ‘আমি অনিল পণ্ডিত বলছি, লরেন্স বিষ্ণোইয়ের ছোট ভাই। আপনাকে ফোন করেছিলাম, কিন্তু ধরেননি, কেটে দিয়েছেন। আমরা শুধু একটি বার্তা পৌঁছে দিতে চাই, দয়া করে আমাদের সঙ্গে কথা বলুন।
যদি কোনও বিষয় মেটাতে চান, তবে মেটাতে পারেন। কিন্তু যদি এমন আচরণই বজায় রাখেন, তবে টাইগার শ্রফের সঙ্গে যা ঘটেছিল, আপনার ক্ষেত্রেও তেমন কিছু ঘটবে।’ শুধু তাই নয়, অভিনেতা জানান, তাঁকে আরও বলা হয়েছে, ‘চণ্ডীগড়ে আপনার বাড়ি কোথায়, আর এখানে আপনি কোথায় থাকছেন; সব তথ্যই আমাদের কাছে আছে। আপনার বাইকের নম্বরও আমরা পেয়ে গিয়েছি। আমাদের শুধু একবার আপনার সঙ্গে কথা বলা প্রয়োজন। একবার কথা বলে নিন, আমরা আপনাকে আর বিরক্ত করব না। আপনি যদি কথা বলতে রাজি থাকেন, তবে আমাদের কোনও আপত্তি নেই।’ অডিয়ো ক্লিপ শুনে আয়ুষ্মানকে ফোন করার অনুরোধও করা হয়েছে। লরেন্সের ভাই পরিচয় দেওয়া ওই ব্যক্তি আরও বলেন, ‘যদি না করেন, তবে আমরা বুঝে নেব যে আপনি অন্য পথ বেছে নিতে চাইছেন; অর্থাৎ পুলিশের কাছে যেতে চাইছেন। আপনি পুলিশের কাছে যেতেই পারেন, তাতে আমাদের সমস্যা নেই। যারা আপনাকে নিরাপত্তা দিচ্ছে, তারা আপনাকে ক’দিন রক্ষা করতে পারবে? আমাদের হাত থেকে বাঁচতে আপনার প্রতিদিন ভাগ্য ভালো থাকা প্রয়োজন, তবে আমাদের ভাগ্য শুধু একদিন সহায় হলেই আপনার ক্ষতি করতে পারব। আপনাকে ও আপনার পরিবারের যে কোনও সদস্যকে আমরা শেষ করে দিতে পারি।
তাই আমাদের সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টি মিটিয়ে ফেলাই ভালো। আপনার ফোনের অপেক্ষায় থাকব।’ প্রসঙ্গত, শুক্রবার ৬ নভেম্বর বম্বেহাইকোর্টে পাঠানো একটি ইমেলের মাধ্যমে বম্বে হাইকোর্ট, বম্বে স্টক এক্সচেঞ্জ, ওরলি রেসকোর্স এবং আবারও অমিতাভ বচ্চনের বাংলো ‘জলসা’ উড়িয়ে দেওয়ার নতুন হুমকি এসেছিল। শুক্রবার ৬ নভেম্বর ইমেল পাওয়ার পরপরই মুম্বই পুলিশ এবং বম্ব ডিটেকশন অ্যান্ড ডিসপোজালস্কোয়াড ‘জলসা’ সহ হুমকিতে উল্লিখিত সমস্ত স্থানে তল্লাশি চালায়। তবে প্রাথমিক তল্লাশিতে কোনও সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। এই ইমেলগুলোর উৎস এবং প্রেরককে শনাক্ত করতে মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ ও সাইবার সেল যৌথ তদন্ত শুরু করেছে। একই সঙ্গে ‘জলসা’-র বাইরে পুলিশের অতিরিক্ত ফোর্স এবং ব্যারিকেড মোতায়েন করে ভিড় নিয়ন্ত্রণ করা হচ্ছে। উল্লেখ করা যেতে পারে, শুক্রবার, ৬ নভেম্বর অমিতাভ বচ্চনের জুহুর বাংলো ‘জলসা’ লক্ষ্য করে যে ইমেইলটি এসেছে তা অমিতাভকে সরাসরি পাঠানো হয়নি। এবার বম্বে হাইকোর্টে পাঠানো একটি ইমেলের মাধ্যমে এই হুমকি আসে। বম্বে হাইকোর্টে আসা ওই ইমেলে শুধুমাত্র অমিতাভর বাড়ির জলসা-কে বোমা মেরে উড়িয়ে দেওয়ার কথা বলা হয়নি। তার সঙ্গে মুম্বইয়ের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ও হাই-প্রোফাইল স্থানকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার কথা বলা হয়েছে।
যার মধ্যে অন্যতম লক্ষ্য হিসেবে অমিতাভ বচ্চনের বাংলো ‘জলসা’-র নাম উল্লেখ ছিল। ‘জলসা’ ছাড়াও ওই একই তালিকায় বম্বে হাইকোর্ট, বম্বে স্টক এক্সচেঞ্জ এবং মহালক্ষ্মী রেসকোর্সের (ওরলি রেসকোর্স) নাম ছিল। ইমেলটি পাওয়ার সঙ্গে সঙ্গেই মুম্বই পুলিশ, সাইবার সেল এবং বম্ব ডিটেকশন অ্যান্ড ডিসপোজাল স্কোয়াড অত্যন্ত তৎপরতার সঙ্গে ‘জলসা’ এবং বাকি সমস্ত জায়গায় ব্যাপক তল্লাশি অভিযান চালায়। বচ্চন পরিবারের জন্য স্বস্তির বিষয় হলো, জলসার ভেতরে বা আশেপাশে তল্লাশি চালিয়ে কোনো ধরনের বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি। পুলিশ প্রাথমিক তদন্তের পর এটিকে একটি ‘হক্স’ বা ভুয়ো হুমকি বলে নিশ্চিত করেছে। বর্তমানে মুম্বই পুলিশের সাইবার ক্রাইম শাখা ইমেলটির আইপি অ্যাড্রেস ট্র্যাক করে ভুয়ো হুমকি দেওয়া ওই প্রেরককে শনাক্ত করার চেষ্টা করছে। মাত্র দু সপ্তাহের ব্যবধানে এটি বিগ বি-র বাড়িকে লক্ষ্য করে আসা এটি দ্বিতীয় হুমকি। ৬ নভেম্বরের এই নতুন হুমকির পর, মুম্বই পুলিশ এবং বিশেষ নিরাপত্তা সংস্থাগুলো অমিতাভ বচ্চন এবং তাঁর পরিবারকে সুরক্ষিত রাখতে নিরাপত্তা ব্যবস্থা নজিরবিহীনভাবে জোরদার করেছে।

Scroll to Top