বাইকের ধাক্কায় পঞ্চম শ্রেণীর ছাত্রের মৃত্যু

৩৬৫ দিন।পাপ্পা গুহ। ঘুড়ি ধরতে যাওয়ার সময় বাইকের ধাক্কায় মৃত্যু হল এক বালকের। মর্মান্তিক এই দূর্ঘটনাটি ঘটেছে শনিবার বিকেলে বাগনান থানার বাগনান বাইনান রাস্তার খাজুট্টি মোড়ে। পুলিশ সূত্রে জানা গেছে মৃতের নাম সোহন জানা (১১ )। বাড়ি ওই এলাকায়। মৃত ছাত্র হিজলক প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র। বাগানান থানার পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিকেল কলেজে পাঠিয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে এদিন বিকেলে সোহন কেটে যাওয়া ঘুড়ি ধরার জন্য দৌড়াচ্ছিল। জানা গেছে সে দৌড়াতে দৌড়াতে রাস্তার পাশে চলে আসে। সেই সময় বেপরোয়া ভাবে যাওয়া একটি বাইক তাকে ধাক্কা মারলে সে রাস্তায় ছিটকে পড়ে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে বাগনান গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ রাস্তায় থাকা বাম্পার গুলো ক্ষয়প্রাপ্ত হয়ে যাওয়ায় ফলে রাস্তার পাশ দিয়ে দ্রুত গতিতে বাইক যাওয়ার ফলে এই দূর্ঘটনা। অবিলম্বে ক্ষয়প্রাপ্ত বাম্পার পরিবর্তনের দাবি জানান তারা। অন্যদিকে সোহনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে।

Scroll to Top