৩৬৫ দিন।সুমন আদক। নির্মাণকাজ চলাকালীন শুক্রবার সন্ধ্যায় বড়সড় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছিল হাওড়ার সাঁতরাগাছিতে। এলিভেটেড করিডোর তৈরির কাজের সময় একটি পিলারের বিশাল লোহার কাঠামো সাঁতরাগাছি ব্রিজের দিকে হেলে পড়েছিল বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। সম্ভাব্য বিপদের আশঙ্কায় তড়িঘড়ি যান চলাচল নিয়ন্ত্রণে আনে ট্রাফিক পুলিশ। এর জেরে শুক্রবার সন্ধ্যায় সাঁতরাগাছি ব্রিজে যানজটের সৃষ্টি হয় এবং প্রায় দু’ঘণ্টা যান চলাচল ব্যাহত থাকে। ট্রাফিক পুলিশ সূত্রে জানা গিয়েছে, কলকাতা থেকে জাতীয় সড়কের দিকে যাওয়ার পথে সাঁতরাগাছি ব্রিজে ওঠার মুখে বাঁদিকে এলিভেটেড করিডরের একটি কংক্রিটের পিলার তৈরির কাজ চলছিল।
শুক্রবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ আচমকাই ওই পিলারের লোহার কাঠামো ব্রিজের দিকে ‘হেলে’ পড়ে। পরিস্থিতির গুরুত্ব বুঝে সঙ্গে সঙ্গে নির্মাণকারী সংস্থার সঙ্গে যোগাযোগ করেন পুলিশ আধিকারিকরা। এরপর সংস্থার ইঞ্জিনিয়াররা বড় হাইড্রোলিক ক্রেন নিয়ে ঘটনাস্থলে পৌঁছে লোহার কাঠামোটিকে পুনরায় নির্দিষ্ট জায়গায় ফিরিয়ে আনার কাজ শুরু করেন। প্রায় দু’ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর শুক্রবার সাঁতরাগাছি ব্রিজে যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক হয়।
পিলার তৈরির সময় বিপত্তি, হাইড্রোলিক ক্রেন এনে সামাল দিল নির্মাণকারী সংস্থা
- khabar365din
- November 7, 2026
- 4:30 pm
- No Comments






