মিগুয়েল, ম্যাকলারেনের ফিট হওয়ার দিকে তাকিয়ে মোহনবাগান, লক্ষ্য পঞ্জাব ম্যাচ

৩৬৫ দিন। রোহন রায় চৌধুরী। ম্যাকলারেন কবে সম্পূর্ণ ফিট হবে সেদিকে তাকিয়ে আছেন মোহনবাগান সমর্থকরা। এই দুজনের দলে থাকা আর না থাকার মধ্যে কতটা পার্থক্য সেটা ইতিমধ্যেই প্রমাণিত। একজনের কুঁচকিতে চোট, অন্যজনের পায়ে এবং কোমরের টান। ব্রাজিলিয়ান তারকার ক্ষেত্রে দশ দিনের বিশ্রাম। কিন্তু মোহনবাগান ডাক্তার এবং ফিজিওরা এই দুজনকে নিয়ে বেশি ঝুঁকি নিতে চাইছেন না এই মুহূর্তে। ৩১ তারিখ মোহনবাগানের ঘরের মাঠে খেলা আছে পঞ্জাবের বিপক্ষে। তারপর উড়িষ্যার বিপক্ষে। এই খেলাটার পর একটা ১৫ দিনের বিশ্রাম আছে। নিশ্চিতভাবেই বলা যায় এই মাঝের সময়টা চোট পাওয়া ফুটবলারদের সম্পূর্ণ সুস্থ করে তুলতে চেষ্টার কসুর করবেন না ম্যানেজমেন্ট। শেষ ম্যাচটা যেটা মিগুয়েল মাঠে ছিলেন সেটায় গোল করেছিলেন এবং অনবদ্য খেলেছিলেন। পাশাপাশি জেমি সামনে থাকলে বিপক্ষ ডিফেন্ডারদের মধ্যে একটা ভয় কাজ করে। লি আরউইন চেষ্টা করছেন।
কিন্তু তিনি সম্পূর্ণ ফিট নন। তবে তার বড় চেহারা বক্সের মধ্যে অবশ্যই একটা ফ্যাক্টর। এরিয়াল বলে তার উপস্থিতি মোহনবাগানের সম্পদ। সমর্থকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কবে এই দুই বিদেশি স্ট্রাইকার একসঙ্গে মাঠে খেলবেন। মোহনবাগান কোচকে নিয়ে একটা গেল গেল রব উঠেছিল ঠিক কথা। কিন্তু মোহনবাগান ক্লাবের সচিব এবং প্রেসিডেন্ট দুজনেই গ্রিক কোচকে সমর্থন করেছেন এবং পাশে দাঁড়িয়েছেন। সমর্থকদের তার ওপর বিশ্বাস রাখতে বলেছেন। এটাও ঠিক তিনটে টুর্নামেন্ট এখন পর্যন্ত খেলেছেন নতুন কোচ। তার মধ্যে কলকাতা লিগ এবং আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন করেছেন দলকে। লিগে বাস্তব রায় অফিসিয়াল দায়িত্বে থাকলেও আসল রিমোট ছিল এই কোচের হাতেই। বেশিরভাগ ম্যাচে ভিআইপি বক্সে উপস্থিত ছিলেন তিনি। তার দলের প্রতি আন্তরিকতা মুগ্ধ করেছে কর্তাদের। এছাড়া মোহনবাগান ফিজিও চেষ্টা করছেন রাইট ব্যাক আসিস রাইকে তাড়াতাড়ি ফিট করে তুলতে। তিনি দলে চলে এলে মোহনবাগানের অপশন বেড়ে যাবে।
আপুঁইয়ার জ্বর আগের তুলনায় কমে গিয়েছে। তাকে দ্রুত দেখা যাবে দলের সঙ্গে প্র্যাকটিস করতে। অভিষেক সূর্যবংশী এবং সোহেল ভাটকে সাফ কাপ খেলার জন্য ছেড়েছে ক্লাব। এই মুহূর্তে বাগানের টার্গেট একমাত্র পঞ্জাব ম্যাচ। মাঝখানে একটা দিন সময়। পঞ্জাব দলটার গতি এবং উচ্চতা দেখার মত। যা খবর ওই ম্যাচে শুরু থেকে না পারলেও সম্ভবত রিজার্ভ বেঞ্চে থাকবেন জেমি ম্যাকলারেন।

Scroll to Top