‘কাল যদি ফ্লোর টেস্ট হয় তাহলে আমি ২৭৫ ভোট পাবো’
নাম না করে তৃণমূল বি শিবিরকে নিয়ে বিস্ফোরক দাবি শুভেন্দুর

৩৬৫ দিন। বিজেপির তো ২০৯ হয়ে গিয়েছে। কাল যদি ফ্লোর টেস্ট হয়, তাহলে আমি ২৭৫ ভোট পাবো। ওদের মধ্যে ৬৪ জনও তো আমার পক্ষে হাত তোলার জন্য বসে রয়েছে। এভাবেই সরাসরি নাম না করেও তৃণমূল বি শিবিরের বিধায়করা যে আদতে বিজেপির সমর্থক তা দাবি করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই দাবিকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে শুরু হয়ে গিয়েছে তীব্র বিতর্ক। কারণ চলতি বছরের একুশে জুলাই তৃণমূলের শহীদ দিবসের মঞ্চ থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বক্তব্য থেকে দাবি করেছিলেন, তৃণমূলের বি শিবির আসলে বিজেপির বি টিম। এবারে মুখ্যমন্ত্রী নিজেও বিধানসভায় বিরোধী ৬৪ বিধায়কের সমর্থন পাওয়ার কথা বলে কার্যত সেই দাবিকেই মান্যতা দিলেন বলে দাবি করেছিল মমতা তৃণমূলের বিধায়ক কুনাল ঘোষ।
এবারের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের ২৯৪ বিধানসভা আসনের মধ্যে ২০৮ বিধানসভা কেন্দ্রে জিতেছিল বিজেপি। পরবর্তীকালে নন্দীগ্রাম এবং রেজিনগর বিধানসভা উপ নির্বাচনে ভোট গ্রহণের পরে চূড়ান্ত সংখ্যার নিরিখ রাজ্য বিধানসভায় বিজেপির বিধায়ক সংখ্যা দাঁড়িয়েছে 209। কিন্তু তারপরেও ফ্লোর টেস্ট হলে বিধানসভায় শুভেন্দু অধিকারী যেভাবে ২৭৫ বিধায়কের সমর্থন পাবেন বলে দাবি করেছেন সেই বাড়তি ৬৪ জন বিজেপিকে সমর্থন করবেন কিনা তা নিয়েই শুরু হয়েছে বিতর্ক।
কারণ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা তো বটেই, নিজেদের দলীয় বিধায়কের পাশাপাশি আরও ৬৪ টি বিধায়কের সমর্থন পাওয়ার দাবির পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেন, বিজেপি সোশ্যাল মিডিয়ার ওপর ভর করে জেতেনি। সজল ঘোষ জিতেছে কি সোশ্যাল মিডিয়ার দৌলতে? ন্যারেটিভ সোশ্যাল মিডিয়ার ওপর নয়। আমাদের সনাতনীদের গঠন হয়েছে। আমরা যা করার করব। মানুষ ভরসা করছে। পরিবর্তন হবেই।
বিষ্ফোরক দাবি কুণালের
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই মন্তব্যের পরেই মমতা তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষ বলেন, আমরা যা যা বলছি উনি তার প্রমাণ দিলেন। কিছু বিধায়ককে রেখেছেন, আমরা বলছি এরা বিজেপির বি টিম। আমরা বলছি বিধানসভার বিরোধী দল বিজেপির দালাল। মুখ্যমন্ত্রী নিজের কথাতেই তার প্রমাণ দিলেন। এর পাশাপাশি তাৎপর্যপূর্ণভাবে কুণালের প্রশ্ন, মুখ্যমন্ত্রী কি আরএসএস কে চ্যালেঞ্জ করলেন? বিরোধীরাও পর্যন্ত ফ্লোর টেস্টের কথা তোলেনি। সেখানে আরএসএসকে চমকানোর জন্য ফ্লোর টেস্টের কথা বলেছেন শুভেন্দু অধিকারী। কারণ উনি জানেন, আরএসএস ও আদি বিজেপি এই সরকারের কাজে সন্তুষ্ট নয়। কুণালের চ্যালেঞ্জ, গোপন ব্যালটে ফ্লোর টেস্ট করান শুভেন্দু অধিকারী, যাতে পাশের লোকও জানতে না পারে। তাঁর দাবি, গোপনে ভোট হলে ২০৯ জন বিধায়কও শুভেন্দু অধিকারীর সঙ্গে থাকবেন না। কুণাল বলেন, দম থাকলে গ্রহণ করুন।
মমতা তৃণমূলের বক্তব্যকে পূর্ণ সমর্থন জানিয়ে সিপিএম নেতা শতরূপ ঘোষ বলেন, আদালত বলে দিয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় প্রোবেশনারি বিরোধী দলনেতা। শুভেন্দু অধিকারীর এই মন্তব্যকে আমরা আদালতের নোটিশে আনব। শুভেন্দু অধিকারীর এই বক্তব্যকে প্রমাণ হিসেবে ধরে যেন বিরোধী দলনেতার স্বীকৃতি সরে যায় ও শাসকদলের বিধায়ক ধরা হয়। সত্যিকারের বিরোধী বিধায়কদের মধ্যে থেকে যেন বিরোধী দলনেতা বেছে নেওয়া হয়। এই দাবি নিয়ে আমরা আদালতে যাবো। শুভেন্দু অধিকারীর বক্তব্যকে রেকর্ড হিসেবে পেশ করব আদালতে।

Scroll to Top